তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবে
দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচিতে নির্বাচিত তরুণেরা নতুন বা বিদ্যমান ব্যবসার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর অর্ধেক অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কর্মসূচিটির আবেদনপ্রক্রিয়া। প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলায় কার্যক্রমটি পরিচালিত হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির লক্ষ্য হলো বেকার তরুণদের চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
কারা আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাঁকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটি বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে।
যাঁরা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, ঋণখেলাপি, কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত—তাঁরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না। আবেদনে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হবে।
যেসব খাতে অর্থায়ন
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে অর্থায়ন করা হবে। পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর স্টার্টআপেও অর্থায়নের সুযোগ থাকবে।
ঋণ ও অনুদানের শর্ত
কর্মসূচির আওতায় কোনো সহায়তামূলক জামানত ছাড়াই অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। তবে ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার করতে হবে এবং সময়মতো কিস্তি পরিশোধ করতে হবে।
ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে বা অর্থ অন্য কাজে ব্যবহার করলে অনুদানের সুবিধা বাতিল হবে। সে ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হয়ে সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।
আবেদন করবেন যেভাবে
আবেদন শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৬ এবং শেষ হবে ১৫ অক্টোবর ২০২৬। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
আবেদন জমা দিতে হবে নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়। প্রয়োজন হবে পূরণ করা আবেদন ফরম, জাতীয় পরিচয়পত্র, ওয়ার্ড কাউন্সিলরের নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ—যদি থাকে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array