তামিল রীতিতে সামান্থার ঘরোয়া ‘বেবি শাওয়ার’
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাতৃত্বের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে তামিল রীতিতে ঘরোয়া আয়োজনে অংশ নিয়েছেন। ‘উদকাশান্তি স্নানম’ ও ‘ভালাইকাপ্পু’সহ ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সামান্থাকে গাঢ় হলুদ রঙের কামিজ-চুরিদার, মাথায় ফুল এবং ঐতিহ্যবাহী সাজে দেখা গেছে। ফুল ও প্রদীপে সাজানো পরিবেশে মন্ত্রপাঠ ও পবিত্র জলের মাধ্যমে তাঁর ও অনাগত সন্তানের মঙ্গল কামনা করা হয়।
তামিল সংস্কৃতিতে ‘উদকাশান্তি’ পবিত্র জলের মাধ্যমে শান্তি ও মঙ্গল কামনার একটি ঐতিহ্যবাহী আচার। অন্যদিকে ‘ভালাইকাপ্পু’তে হবু মায়ের হাতে কাচের চুড়ি পরানো হয় এবং মা ও অনাগত সন্তানের সুস্থতার জন্য আশীর্বাদ করা হয়। বাংলার ‘সাধ’ বা পশ্চিমা সংস্কৃতির ‘বেবি শাওয়ার’-এর মতোই এসব আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রাণের আগমনকে ঘিরে শুভকামনা জানানো।
সামান্থার এই আয়োজনটি ছিল বেশ ঘরোয়া ও ছিমছাম। অনুষ্ঠানে তাঁর ঘনিষ্ঠজনদের পাশাপাশি ফ্যাশন ডিজাইনার ও বান্ধবী শিল্পা রেড্ডিও উপস্থিত ছিলেন। জানা গেছে, তিনিই আয়োজনটির ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের চার বছর পর ২০২৫ সালের ১ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা। চলতি বছরের জুনে প্রকাশ্যে আসে তাঁর গর্ভাবস্থার খবর। ২৪ জুন এক অনুষ্ঠানে সামান্থা নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কিছুদিনের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরের প্রথম দিকেই সামান্থা ও রাজ নিদিমোরুর সংসারে নতুন অতিথির আগমন ঘটতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array