কানাডার পথে ববিতার সঙ্গী রাজ্জাকের নাতনি ঐশী
কানাডার সাগরপাড়ের পথ ধরে গাড়ি ছুটছে। এক পাশে আটলান্টিকের জলরাশি, অন্য পাশে প্রকৃতির মনোরম দৃশ্য। গাড়ির পেছনের আসনে বসে সেই সৌন্দর্য উপভোগ করছিলেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। কখনো জানালার কাচ নামিয়ে সমুদ্র দেখেছেন, কখনো মোবাইলে ধারণ করেছেন পথের দৃশ্য। আর গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন নায়করাজ রাজ্জাকের নাতনি নাজলি হোসেন ঐশী।
কানাডার কুইবেক থেকে জ্যাসপার যাওয়ার পথে এমনই এক পারিবারিক ভ্রমণের মুহূর্ত ধরা পড়েছে ববিতার ভিডিওতে। তাঁর সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পী, তাঁর স্ত্রী নাহিদ হোসেন হ্যাপি এবং তাঁদের মেয়ে ঐশী।
সকালে যাত্রা শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল পরিবারটি। গাড়ির সামনে ছিলেন ঐশী ও তাঁর বাবা বাপ্পী। পেছনের আসনে ছিলেন হ্যাপি ও ববিতা। আটলান্টিকের পাশ দিয়ে চলার সময় চারপাশের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়েন ববিতা।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই কুইবেক থেকে যাচ্ছি আটলান্টিক সমুদ্রের পাশ দিয়ে। কী অপূর্ব সাগর! ওরে বাবা… সাংঘাতিক!’
যাত্রাপথে ববিতা শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করেননি, গাড়িতে থাকা স্বজনদের সঙ্গেও আনন্দ ভাগ করে নিয়েছেন। তাঁর ভিডিওতে ধরা পড়েছে দীর্ঘ পথের এই পারিবারিক ভ্রমণের নানা মুহূর্ত।
শেষ পর্যন্ত জ্যাসপারে পৌঁছে আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন ববিতা। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘জ্যাসপার। অপূর্ব! আমরা এখানে আছি।’ পরে সমুদ্রের পাড় থেকে ছেলে অনিকের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি।
রাজ্জাক পরিবারের সঙ্গে পুরোনো সম্পর্ক
কানাডা সফরে ববিতার জন্য এই ভ্রমণের বিশেষত্ব শুধু প্রকৃতির সৌন্দর্যে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরোনো পারিবারিক সম্পর্কও। নায়করাজ রাজ্জাকের পরিবারের সঙ্গে ববিতার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল। দুই পরিবারের মধ্যে নিয়মিত যাওয়া-আসা ছিল এবং পারিবারিক নানা অনুষ্ঠানেও তাঁদের দেখা হতো।
রাজ্জাককে স্মরণ করে ববিতা একবার বলেছিলেন, ‘রাজ্জাক ভাই শুধু পর্দার নায়ক ছিলেন না, আমার চোখে বাস্তব জীবনেও তিনি ছিলেন সত্যিকারের নায়ক।’
রাজ্জাকের মেজ ছেলে বাপ্পীর সঙ্গেও তাঁর সম্পর্ক অনেকটা মা-সন্তানের মতো। ববিতার ভাষায়, ছোটবেলা থেকেই দুই পরিবারের ঘনিষ্ঠতার কারণে তাঁদের সম্পর্কটি পারিবারিক হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘বাপ্পীও আমার সন্তানের মতো। ছোটবেলা থেকে আমাদের দুই পরিবারের যাওয়া-আসার কারণে সম্পর্কটা অনেক বেশি পারিবারিক।’
কানাডায় ববিতা
প্রায় দুই মাস আগে ছেলে অনিকের সঙ্গে সময় কাটাতে কানাডায় যান ববিতা। অনিক থাকেন কিচেনারে। অন্যদিকে রওশন হোসেন বাপ্পী পরিবার নিয়ে টরন্টোতে বসবাস করেন।
কানাডায় যাওয়ার পর বাপ্পীর পরিবারের সঙ্গেও দেখা করেন ববিতা। এবার দুই পরিবারের সদস্যরা একসঙ্গে কুইবেকে ঘুরতে যান। সেখানে কিছু সময় কাটানোর পর তাঁরা জ্যাসপারের উদ্দেশে রওনা হন।
রওশন হোসেন বাপ্পী নায়করাজ রাজ্জাকের মেজ ছেলে। বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট অভিনয়ের কারণে দর্শকদের কাছে পরিচিত হলেও বাপ্পী কখনো অভিনয়ের সঙ্গে যুক্ত হননি। ২০১৩ সাল থেকে তিনি পরিবার নিয়ে কানাডায় বসবাস করছেন।
ববিতার এই কানাডা সফরে তাই একদিকে যেমন নতুন জায়গা দেখার আনন্দ, অন্যদিকে তেমনি পুরোনো পারিবারিক বন্ধনের উষ্ণতাও যোগ হয়েছে। আটলান্টিকের পাড় ধরে গাড়িতে কাটানো সেই আনন্দময় মুহূর্তই এবার উঠে এসেছে তাঁর ভিডিওতে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array