জয়-রেকর্ড-চমক, ৭৮তম এমির আসরে আলোচনায় যত কিছু
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসর। বাংলাদেশ সময় গতকাল ভোরে অনুষ্ঠিত এবারের আয়োজনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অ্যাপল টিভির হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। এক আসরে মোট ১৪টি পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছে সিরিজটি।
এর মধ্যে মূল এমি আয়োজনে ‘উইডোজ বে’ পেয়েছে ছয়টি পুরস্কার। এর আগে ক্রিয়েটিভ আর্টস এমিতে সিরিজটি জিতেছিল আরও আটটি। এর আগে এক আসরে সর্বোচ্চ পুরস্কার জয়ের রেকর্ড ছিল ‘দ্য স্টুডিও’র দখলে।
নিউ ইংল্যান্ডের একটি বিচ্ছিন্ন দ্বীপকে ঘিরে রহস্য, ভয় ও অদ্ভুত হাস্যরসের গল্প নিয়ে তৈরি ‘উইডোজ বে’। সিরিজটির অভিনয়শিল্পীদের মধ্যেও এসেছে বড় সাফল্য। ম্যাথু রাইস, কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট অভিনয়ের পুরস্কার পেয়েছেন।
রাইসের জন্য এবারের রাতটি ছিল বিশেষভাবে স্মরণীয়। ‘দ্য আমেরিকানস’–এর জন্য ২০১৮ সালে সেরা ড্রামা অভিনেতার এমি জেতার পর এবার কমেডি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। একই রাতে ‘দ্য বিস্ট ইন মি’–এর জন্য লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ বিভাগেও সেরা অভিনেতার পুরস্কার জেতেন রাইস। একই আসরে দুটি আলাদা সিরিজের জন্য প্রধান অভিনেতার দুটি এমি জিতে ইতিহাস গড়েছেন তিনি।
আবারও সেরা ‘দ্য পিট’
সেরা ড্রামা সিরিজের পুরস্কার টানা দ্বিতীয়বার জিতেছে এইচবিওর হাসপাতালকেন্দ্রিক সিরিজ ‘দ্য পিট’। পিটসবার্গের একটি ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মীদের পেশাগত চাপ, সংকট এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি সিরিজটি এবারের এমিতে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেয়েছিল। শেষ পর্যন্ত জিতেছে ছয়টি পুরস্কার।
সিরিজটির তারকা নোয়াহ ওয়াইল টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে সেরা ড্রামা সিরিজের পুরস্কারেরও অংশীদার হয়েছেন তিনি।
জিন স্মার্টের অষ্টম অভিনয় এমি
‘উইডোজ বে’র সাফল্যের আড়ালে থাকলেও ‘হ্যাকস’ও পেয়েছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সিরিজটির জন্য পঞ্চমবারের মতো সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জিন স্মার্ট। এই জয়ের ফলে অভিনয়ের জন্য তাঁর পাওয়া এমির সংখ্যা দাঁড়িয়েছে আটে।
অভিনয়ের জন্য সর্বাধিক এমি জয়ের তালিকায় জুলিয়া লুই-ড্রাইফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে একই সারিতে উঠে এসেছেন স্মার্ট। পরে ‘দ্য ডিপ্লোম্যাট’–এর জন্য সেরা ড্রামা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে একই সংখ্যক অভিনয় এমি নিয়ে সেই তালিকায় যোগ দেন অ্যালিসন জ্যানিও।
লিমিটেড সিরিজে ‘ডিটিএফ সেন্ট লুইস’
লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ বিভাগে সাফল্য পেয়েছে এইচবিও ম্যাক্সের ‘ডিটিএফ সেন্ট লুইস’। মাঝবয়সী তিন মানুষের জটিল সম্পর্ক ও তার পরিণতি নিয়ে তৈরি সিরিজটি মোট সাতটি পুরস্কার জিতেছে।
লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্যালি ফিল্ড। ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিচারস’–এর জন্য এই পুরস্কার পান তিনি।
এমিতে জেনডায়া-টম হল্যান্ড, আবারও বিয়ের গুঞ্জন
এবারের এমির লালগালিচায় একসঙ্গে দেখা গেছে জেনডায়া ও টম হল্যান্ডকে। তাঁদের উপস্থিতির পাশাপাশি আবারও আলোচনায় এসেছে তাঁদের বিয়ের প্রসঙ্গ।
এর আগে জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ দাবি করেছিলেন, দুজন গোপনে বিয়ে করেছেন। এবার সেই বক্তব্য থেকে সরে এসে রোচ জানান, তিনি ওই সময় মিথ্যা বলেছিলেন এবং জেনডায়া ও হল্যান্ড আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি।
প্রয়াত তারকাদের স্মরণ
এবারের এমিতে বিশেষভাবে স্মরণ করা হয়েছে প্রয়াত কান্ট্রি সংগীত তারকা ডলি পার্টনকে। তাঁকে স্মরণ করে বক্তব্য দেন স্যালি ফিল্ড। দুজন একসঙ্গে ‘স্টিল ম্যাগনোলিয়াজ’ ছবিতে অভিনয় করেছিলেন। ডলির স্মরণে গান পরিবেশন করেন কান্ট্রি সংগীতশিল্পী রেবা ম্যাকএন্টায়ার।
এ ছাড়া প্রয়াত অভিনেত্রী ক্যাথরিন ও’হারাকে স্মরণ করেন ম্যাকলি কালকিন, ড্যান লেভি ও অ্যানি মারফি। প্রয়াত নির্মাতা ও অভিনেতা রব রেইনারের প্রতি শ্রদ্ধা জানান জেমি লি কার্টিস।
এবারের এমি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন অভিনেত্রী মারিশকা হার্গিটে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array