খুঁজুন
                               
, ,
           

নতুন টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে নোটিশ

আদালত প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
নতুন টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধের দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, কোনো ধরনের রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অতিরিক্ত টাকা সরবরাহের কারণে টাকার ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে বলে নোটিশে দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ১০০০ টাকার মতো উচ্চমূল্যের নোট সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে তুলনামূলকভাবে কম প্রয়োজনীয়। তবে এ ধরনের বড় নোট অবৈধ অর্থ লুকিয়ে রাখা ও লেনদেনে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এতে আগামী ১৫ দিনের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ নেওয়া না হলে দেশের সামষ্টিক অর্থনীতি ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এমএসআইপি 

পে-স্কেলে বাড়ি ভাতার হিসাবেই যত গরমিল

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
পে-স্কেলে বাড়ি ভাতার হিসাবেই যত গরমিল

নতুন জাতীয় বেতন স্কেলে বাড়ি ভাড়া ভাতার হার নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গ্রেডভেদে বাড়ি ভাতার শতাংশে বড় ধরনের পার্থক্যের কারণে মূল বেতন বাড়লেও কোনো কোনো ক্ষেত্রে মোট মাসিক প্রাপ্য বেতন কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি উচ্চতর গ্রেডে থাকা কর্মচারীর চেয়ে নিচের গ্রেডের কর্মচারীর মোট বেতন বেশি হওয়ারও সুযোগ তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামোর গেজেটের তথ্য বিশ্লেষণে এমন অসংগতি সামনে এসেছে। বিশেষ করে ১৫, ১৬ ও ১৭ গ্রেডের বেতন ও বাড়ি ভাতা তুলনা করলে বিষয়টি স্পষ্ট হয়।

বাড়ি ভাতার হারেই বদলে যাচ্ছে বেতনের হিসাব
নতুন স্কেলে ১৫ গ্রেডের মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা। এ গ্রেডে বাড়ি ভাড়া ভাতার হার ৩৫ শতাংশ, অর্থাৎ ৭ হাজার ৯৮০ টাকা। অন্যদিকে ১৬ গ্রেডে মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা—১৫ গ্রেডের চেয়ে ৯০০ টাকা কম। কিন্তু এ গ্রেডে বাড়ি ভাড়ার হার ৪৫ শতাংশ হওয়ায় ভাতা দাঁড়াচ্ছে ৯ হাজার ৮৫৫ টাকা। ফলে মূল বেতন কম হলেও বাড়ি ভাতার কারণে ১৬ গ্রেডের মোট প্রাপ্য ১৫ গ্রেডের তুলনায় ৯৭৫ টাকা বেশি।

একই চিত্র দেখা যাচ্ছে ১৫ ও ১৭ গ্রেডের ক্ষেত্রেও। ১৭ গ্রেডের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা, যা ১৫ গ্রেডের চেয়ে ১ হাজার ৪০০ টাকা কম। কিন্তু ৪৫ শতাংশ বাড়ি ভাড়া পাওয়ায় মোট প্রাপ্য ১৫ গ্রেডের চেয়ে ২৫০ টাকা বেশি হচ্ছে। আবার ১৪ গ্রেডের মূল বেতন ২৩ হাজার ৭০০ টাকা হলেও ১৬ গ্রেডের মোট প্রাপ্যের সঙ্গে ব্যবধান থাকছে মাত্র ১৭০ টাকা।

  • উচ্চতর গ্রেডে গিয়েও কমতে পারে মোট বেতন
  • অসন্তোষ সরকারি কর্মচারীদের মধ্যে

পদোন্নতির সুফল নিয়ে প্রশ্ন
এমন পরিস্থিতিতে পদোন্নতির পর সরকারি কর্মচারীদের প্রকৃত আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, উচ্চতর গ্রেডে মূল বেতন বাড়লেও বাড়ি ভাড়ার শতাংশ কমে গেলে সেই বৃদ্ধির একটি বড় অংশ কার্যত সমন্বয় হয়ে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বাড়ি ভাড়া ভাতার শতকরা হারে পার্থক্য এবং ন্যূনতম বাড়ি ভাড়া নির্ধারণ না থাকাই এই অসংগতির অন্যতম কারণ। ফলে নতুন পে-স্কেলে পদোন্নতি পাওয়ার পর একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য কতটা বাড়বে, সেটি শুধু মূল বেতন দিয়ে বোঝার সুযোগ থাকছে না।

পুরোনো ব্যবস্থায় ছিল ন্যূনতম বাড়ি ভাড়ার সুবিধা
বর্তমান ব্যবস্থার সঙ্গে তুলনা করলে নতুন কাঠামোর পার্থক্য আরও স্পষ্ট হয়। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়া হয়। তবে ন্যূনতম বাড়ি ভাড়া ৫ হাজার ৬০০ টাকা। ৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনে বাড়ি ভাড়া ৬০ শতাংশ, ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা। ১৬ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল বেতনে ৫৫ শতাংশ, ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা। আর ৩৫ হাজার ৫০১ টাকার বেশি মূল বেতনে ৫০ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়া হয়, যার ন্যূনতম পরিমাণ ১৯ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় গ্রেডভেদে বাড়ি ভাতার হার পরিবর্তনের কারণে সেই ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি কর্মচারীরা।

অর্থ বিভাগের সঙ্গে বৈঠক, সংশোধনের দাবি
গেজেট প্রকাশের পর বাড়ি ভাতাসহ নতুন বেতন কাঠামোর বিভিন্ন অসংগতি নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সংগঠনগুলোর নেতাদের দাবি, অর্থ বিভাগের কর্মকর্তারা তাদের জানিয়েছেন, সচিব কমিটির সুপারিশ অনুযায়ীই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, নতুন বেতন কাঠামোর অসংগতিগুলো সংশোধনের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে লিখিত আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।

জুলাই থেকে কার্যকর, বকেয়া মিলবে পরে
নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও সেপ্টেম্বরের বেতন-ভাতা আপাতত জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পরিশোধ করা হবে। নতুন স্কেলে বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ হলে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া আর্থিক সুবিধা হিসাব করে সমন্বয় করা হবে। এ জন্য সরকারি চাকরিজীবীদের প্রথমে অনলাইনে পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে। আইবাস এ তথ্য দেওয়ার পর নতুন নির্ধারণযোগ্য মূল বেতন সিস্টেমে দেখা যাবে। পরে ডিডিও এবং হিসাবরক্ষণ অফিসের যাচাই ও অনুমোদন শেষে ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এরপর নতুন কাঠামো অনুযায়ী বেতন ও বকেয়া সুবিধার হিসাব চূড়ান্ত করা হবে। সরকারি কর্মচারীদের দাবি, পদোন্নতিতে মূল বেতন বাড়ার সুফল যেন বাড়ি ভাতার হার কমে যাওয়ায় নষ্ট না হয়, সে বিষয়টি দ্রুত পর্যালোচনা করা জরুরি। একই সঙ্গে গ্রেড বাড়ার সঙ্গে মোট আর্থিক সুবিধাও যেন যৌক্তিকভাবে বাড়ে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

কালের আলো/আরডি/এমডিএইচ

২০৩২ পর্যন্ত স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
২০৩২ পর্যন্ত স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

২০২২ সালের ৮ ডিসেম্বর। কাতার বিশ্বকাপ থেকে স্পেন বিদায় নেওয়ার পর লুইস এনরিকের জায়গায় জাতীয় দলের দায়িত্ব পান লুইস দে লা ফুয়েন্তে। তখন হয়তো তিনিও ভাবেননি, স্পেনের ডাগআউটে তাঁর অধ্যায় এত দীর্ঘ হবে।

কাতার বিশ্বকাপের পর দে লা ফুয়েন্তেকে স্পেনের কোচ করায় অনেকেই অবাক হয়েছিলেন। কারণ, তার আগে প্রায় এক দশক কোনো সিনিয়র জাতীয় দলের দায়িত্বে থাকার অভিজ্ঞতা ছিল না তাঁর। তবে স্পেনের বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা ছিল।

এনরিকের বিদায়ের পর অনেক বিশ্লেষকের ধারণা ছিল, স্পেনের দরকার এমন একজন অভিজ্ঞ কোচ, যিনি ২০০৮ থেকে ২০১২ সালের সোনালি প্রজন্মের মতো আরেকটি সফল দল তৈরি করতে পারবেন। শেষ পর্যন্ত সেই দায়িত্বে দে লা ফুয়েন্তেই আস্থা অর্জন করেছেন।

ট্রফিই দিয়েছে চুক্তির পুরস্কার

দায়িত্ব নেওয়ার পর দে লা ফুয়েন্তের সাফল্যের তালিকা দ্রুতই বড় হয়েছে। তাঁর প্রথম মেয়াদ ছিল ২০২৪ ইউরো পর্যন্ত। এর মধ্যেই স্পেনকে ২০২৩ নেশনস লিগ ও ২০২৪ ইউরোর শিরোপা এনে দেন তিনি।

সাফল্যের পুরস্কার হিসেবে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ ইউরো পর্যন্ত করা হয়। এরপর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর আবারও তাঁকে পুরস্কৃত করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

নতুন চুক্তিতে আরও ছয় বছর স্পেনের কোচ থাকবেন দে লা ফুয়েন্তে। অর্থাৎ ২০৩২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

মাদ্রিদে কার্যনির্বাহী কমিটির বৈঠকে নতুন চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালেই দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হয়েছিল।

স্পেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ চুক্তি

নতুন এই চুক্তি স্পেনের কোনো প্রধান কোচের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তির রেকর্ড তৈরি করেছে।

চুক্তি অনুযায়ী, দে লা ফুয়েন্তে আগামী তিনটি বড় টুর্নামেন্টে স্পেনের ডাগআউটে থাকবেন। ২০২৮ ইউরো, ২০৩০ বিশ্বকাপ এবং তুরস্ক ও ২০৩২ ইউরো—এই তিন আসরেও তাঁর হাতেই থাকবে স্পেনের দায়িত্ব।

রয়টার্স জানিয়েছে, নতুন চুক্তিতে ৬৫ বছর বয়সী কোচের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

শুধু একটি ট্রফিই অধরা

দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন পর্যন্ত তিনটি বড় ট্রফি জিতেছে—নেশনস লিগ, ইউরো ও বিশ্বকাপ। তবে ২০২৫ নেশনস লিগের শিরোপাটি জেতা হয়নি।

সেই আসরের ফাইনালে পর্তুগালের কাছে পেনাল্টি শুটআউটে হেরে যায় স্পেন। ফলে দে লা ফুয়েন্তের কোচিং অধ্যায়ে আপাতত সেটিই একমাত্র বড় ট্রফি, যা তাঁর হাতছাড়া হয়েছে।

৫০ ম্যাচে ৩৮ জয়

স্পেনের কোচ হিসেবে দে লা ফুয়েন্তের পরিসংখ্যানও তাঁর সাফল্যের চিত্র তুলে ধরে। এখন পর্যন্ত ৫০ ম্যাচে স্পেনকে ৩৮টি জয় এনে দিয়েছেন তিনি। ড্র করেছেন ১০ ম্যাচে, হার মাত্র ২টি।

এই দুই হারের একটি স্কটল্যান্ডের বিপক্ষে—প্রতিযোগিতামূলক ফুটবলে দে লা ফুয়েন্তের একমাত্র হার। অন্য পরাজয়টি এসেছে লন্ডনে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

তাঁর অধীনে দীর্ঘ অপরাজিত যাত্রাও গড়েছে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন স্পেনের।

২০২২ সালে যাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই দে লা ফুয়েন্তেই এখন স্পেনের ইতিহাসে দীর্ঘমেয়াদি দায়িত্ব পাওয়া কোচ। একের পর এক শিরোপা ও ধারাবাহিক সাফল্য তাঁকে ২০৩২ পর্যন্ত স্পেনের ডাগআউটে থাকার সুযোগ করে দিয়েছে।

কালের আলো/এসএ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। ভর্তির সংখ্যায় এটি এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২২ দিনে ৯৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৫৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮১ জন, খুলনা বিভাগে ৩১৬ জন, বরিশালে ১৯০, চট্টগ্রামে ২৮৫ জন, ময়মনসিংহে ১০৫, রংপুরে ৬৭ জন, রাজশাহী ১৬২ জন এবং সিলেট বিভাগে ৬ জন।

কালের আলো/আরডি/এমডিএইচ