ময়নাতদন্ত শেষে হাবিপ্রবির সিনথিয়ার জানাজা, মরদেহ নিয়ে গাজীপুরে পরিবার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী সিনথিয়া রহমানের (২২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সিনথিয়ার সহপাঠী ও পরিবারের সদস্যরা অংশ নেন। প্রিয় ক্যাম্পাসে সহপাঠীর শেষ বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। জানাজা শেষে মোনাজাতে সিনথিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
হাবিপ্রবির সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে সিনথিয়ার মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখনো ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসকেরাই ময়নাতদন্ত করে থাকেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
উল্লেখ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় অবস্থিত ‘ফজিলা মেস’ থেকে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিনথিয়া রহমান হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেন। সেখানে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array