খুঁজুন
                               
, ,
           

 তিন দফা দাবিতে শেকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
 তিন দফা দাবিতে শেকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রস্তাবিত ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগসহ তিন দফা দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবুজ্জামান একাডেমিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগ, ভেটেরিনারিয়ান ও ডিপ্লোমাধারীদের দায়িত্ব ও পদোন্নতিতে সুস্পষ্ট সীমারেখা এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দেওয়া।

শিক্ষার্থী মিনহাজ আহমেদ নাইম বলেন, এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অনেক ভেটেরিনারিয়ান বেকারত্বের মুখে পড়েছেন। একই সময়ে ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃষ্টি হওয়ায় দায়িত্ব ও পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট সীমারেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, একজন ভেটেরিনারিয়ান দিয়ে উপজেলা পর্যায়ের সব সেবা পরিচালনা করা সম্ভব নয়। তাই উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়েও ভেটেরিনারি সেবা সম্প্রসারণ করা প্রয়োজন।

কালের আলো/এসএ

রেমিট্যান্সে প্রবৃদ্ধি, ১৯ দিনে এসেছে ২৩ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
রেমিট্যান্সে প্রবৃদ্ধি, ১৯ দিনে এসেছে ২৩ হাজার কোটি টাকার বেশি

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, গত বছরের একই সময়ে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৮০ লাখ ডলার।

তিন দিনে এসেছে ১৩ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনে দেশে ১৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। ফলে মাসের প্রথম ১৯ দিনেই রেমিট্যান্সের পরিমাণ ১৮৭ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

অর্থবছরে প্রবৃদ্ধি ১৩.৮ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১৩ দশমিক ৮ শতাংশ।

নয় ব্যাংকে আসেনি রেমিট্যান্স

তবে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশের নয়টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এ ছাড়া বিদেশি খাতের পাঁচটি ব্যাংকের মাধ্যমেও কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংক হলো—আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।

কালের আলো/এমএসআইপি 

বিদেশি পর্যটকে মুখর কুয়াকাটা, বাড়ছে আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনা

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
বিদেশি পর্যটকে মুখর কুয়াকাটা, বাড়ছে আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনা

সাগরের নীল জলরাশি, দিগন্তজোড়া আকাশ, সূর্যোদয়-সূর্যাস্ত ও সবুজে ঘেরা উপকূলীয় প্রকৃতির টানে পটুয়াখালীর কুয়াকাটায় বাড়ছে বিদেশি পর্যটকদের আনাগোনা। শুধু সমুদ্রসৈকত নয়, স্থানীয় সংস্কৃতি, বন, নদী, চরাঞ্চল ও মানুষের জীবনযাত্রা দেখতে কুয়াকাটার বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও ঘুরছেন বিদেশিরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ও শনিবার (১৯ সেপ্টেম্বর) কুয়াকাটা সৈকত, মিনি সুইজারল্যান্ড, রাখাইন পল্লী ও লেম্বুর বন এলাকায় বিভিন্ন দেশের পর্যটকদের ঘুরতে দেখা যায়। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ নৌপথে ঘুরছেন। আবার কেউ ম্যানগ্রোভ বন, চরাঞ্চল ও উপকূলীয় মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখছেন।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্টদের তথ্যমতে, রাশিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, ভারত, নেপাল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পর্যটক কুয়াকাটায় আসছেন। তাদের অনেকেই কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে আবারও এখানে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালেহ বলেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি বিদেশি পর্যটকদের বিভিন্ন পর্যটন স্পটে নিয়ে যাচ্ছেন। বিদেশি পর্যটকদের মধ্যে মিনি সুইজারল্যান্ড ও লেম্বুর বন ঘুরে দেখার আগ্রহ বেশি। অনেক পর্যটক কয়েক মাস পরপর আবারও কুয়াকাটায় আসেন বলেও জানান তিনি।

মিনি সুইজারল্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, বিদেশি পর্যটকরা ওই এলাকার প্রাকৃতিক পরিবেশে বেশ মুগ্ধ হন। অনেকে দীর্ঘ সময় অবস্থান করে খাল ও আশপাশের সৌন্দর্য উপভোগ করেন এবং স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন খাবারও কেনেন।

হোটেল খান প্যালেসের অপারেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান সাকুর জানান, তাদের হোটেলে দেশি অতিথিদের পাশাপাশি নিয়মিত বিদেশি পর্যটকরাও থাকেন। বিশেষ করে ১৮ ও ১৯ সেপ্টেম্বর রাশিয়ান পর্যটকদের উপস্থিতি ছিল। হোটেলের সুইমিং পুল ও খাবার বিদেশি অতিথিদের কাছে জনপ্রিয় বলেও জানান তিনি।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, কুয়াকাটার আকর্ষণ শুধু সমুদ্রসৈকতে সীমাবদ্ধ নয়। সাগর, নদী, বন, চর, জেলে পল্লী, রাখাইন সংস্কৃতি ও গ্রামীণ জীবনযাত্রার বৈচিত্র্য বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। সুযোগ-সুবিধা আরও বাড়ানো গেলে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে টুরিস্ট পুলিশ। কুয়াকাটা জোনের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, বিদেশি পর্যটকরা যে হোটেলে অবস্থান করেন, সেখান থেকে ই-মেইলের মাধ্যমে পুলিশকে জানানো হয়। এরপর তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার ক্ষেত্রে প্রশিক্ষিত ও শিক্ষিত গাইড নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটকদের আগমনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা, তথ্যসেবা, নিরাপত্তা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।

কালের আলো/এসএ

শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত তারিখের এক দিন আগে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ উপলক্ষে ছুটি পালিত হবে।

কালের আলো/এমএসআইপি