খুঁজুন
                               
, ,
           

ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

চাকরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

ঢাকা কর অঞ্চল-১ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোন পদে কত নিয়োগ

১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

২. সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১০টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৫. অফিস সহকারী কাম অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৬. গাড়িচালক
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

সব মিলিয়ে সাতটি পদে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেভাবে আবেদন

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করতে হবে ঢাকা কর অঞ্চল-১-এর নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে।

আবেদনের ওয়েবসাইট: tax1.teletalk.com.bd

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের সময়সূচি

অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা, কোটাসহ অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন ওয়েবসাইট: tax1.teletalk.com.bd

কালের আলো/এসএ

জরুরি ভিত্তিতে কৃষিশ্রমিক নেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
জরুরি ভিত্তিতে কৃষিশ্রমিক নেবে অস্ট্রেলিয়া

কৃষি খাতে শ্রমিক সংকট ও আসন্ন ফসল কাটার মৌসুমে সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে অস্থায়ী অভিবাসী কৃষিশ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার অন্যতম বড় কৃষি উৎপাদক সংগঠন- গ্রেইন প্রোডিউসার্স অস্ট্রেলিয়া (জিপিএ) এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রফতানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হবে। এ সময় বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয় কৃষি খাতে।

জিপিএ জানিয়েছে, অভিবাসন কমানোর সরকারি নীতির কারণে কৃষি খাতে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর মধ্যেই দেশটির গম, বার্লি ও ক্যানোলা ফসল কাটার মৌসুম শুরু হতে যাচ্ছে।

এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন থাকা কৃষিশ্রমিকদের ভিসা আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার জন্য সরকারের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় কৃষি শিল্পের সংগঠনগুলো জরুরি প্রয়োজন থাকা শ্রমিকদের আবেদন চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের কাছে পাঠাতে পারবে।

জিপিএ-র চেয়ারম্যান ম্যাথিউ ম্যাডেন বলেন, ‘এটি একটি সমাধান এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও জানান, তবে অগ্রাধিকার পেলেই যে ভিসা অনুমোদন নিশ্চিত হবে, এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। আবেদনগুলোকে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের নিয়মিত যাচাই-বাছাইয়ের মধ্য দিয়েই যেতে হবে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সরকার সামগ্রিকভাবে অভিবাসন কমানোর নীতি গ্রহণ করেছে। সম্প্রতি সরকার অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। এতে আগে কয়েক দিনের মধ্যে ভিসা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে এখন কয়েক মাস সময় লাগছে।

তবে কৃষি খাতের শ্রমিক সংকটের কারণে জরুরি শ্রমশক্তি সরবরাহ বজায় রাখতে এই বিশেষ অগ্রাধিকার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি-কে জানিয়েছেন, তারা ‘ন্যাশনাল ফার্মার্স ফেডারেশন’-এর সাথে যৌথভাবে এমন কর্মীদের চিহ্নিত ও অগ্রাধিকার দেবে— যারা কৃষিকাজে দক্ষ, ইতোমধ্যে ওয়ার্কিং হলিডে ভিসা প্রদানে আবেদন করেছেন এবং নিয়োগকর্তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন দক্ষ ভিসা প্রক্রিয়াকরণ নির্দেশনায় কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মৎস্য ও সম্পদ খাতকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

কালের আলো/আরডি/এমডিএইচ

শনিবার ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে ‘ক্লিনিং ডে’তে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে ‘ক্লিনিং ডে’তে অংশ নেওয়ার আহ্বান

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে শনিবার (২৬ সেপ্টেম্বর) একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ নামে এ কর্মসূচিতে নগরবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’ অনুযায়ী, এডিস মশার লার্ভার ৩৫ দশমিক ২৩ শতাংশ পাওয়া গেছে বহুতল ভবনে। এছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।

প্রজননস্থলের মধ্যে মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

যেসব এলাকায় চলবে অভিযান

শনিবার সকাল থেকে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে। পাশাপাশি জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হবে।

জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে র‌্যালি এবং ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

ডিএসসিসি বলছে, বাসাবাড়ি ও ব্যক্তিগত আঙিনায় জমে থাকা পানি, ফুলের টব, এসি-ফ্রিজের ট্রে কিংবা অন্যান্য পাত্রে এডিস মশার প্রজনন হতে পারে। তাই শুধু মশক নিধন কার্যক্রম নয়, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখাও জরুরি।

নগরবাসীকে কোথাও পানি জমতে না দেওয়ার পাশাপাশি তিন দিনের বেশি পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানিয়েছে ডিএসসিসি। কর্মসূচি সফল করতে সর্বস্তরের নগরবাসী ও গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।

কালের আলো/এমএসআইপি 

ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে বাংলাদেশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে বাংলাদেশের অবস্থান

নিউইয়র্ক: স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩-এর আওতায় গৃহীত ব্যবস্থাগুলোর দ্রুত বাস্তবায়ন, স্পষ্ট জবাবদিহিতা এবং ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ।

পাশাপাশি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র ম্যান্ডেট সুরক্ষা ও টেকসই অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতিক পরিবর্তন রোধ এবং বসতি সম্প্রসারণ বন্ধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। সেখানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

কালের আলো/এমএসআইপি