আগাম সবজি চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষক, দৃষ্টি বাজারদরের দিকে
শীত পুরোপুরি নামেনি। তবে তার আগেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাঠগুলোতে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। ভোর থেকে বিকেল পর্যন্ত জমিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ সার ও সেচ দিচ্ছেন, আবার কেউ আগাছা পরিষ্কার ও রোগবালাই নিয়ন্ত্রণে ব্যস্ত।
উপজেলার ছিনাই ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও মুলার চারা মাথা তুলেছে, কোথাও বেড়ে উঠছে ফুলকপি ও বাঁধাকপি। পাশাপাশি লাউ, বেগুনসহ বিভিন্ন সবজির সবুজে বদলে গেছে মাঠের চেহারা। কৃষকদের লক্ষ্য, শীত পুরোপুরি নামার আগেই বাজারে সবজি তুলে ভালো দাম পাওয়া।
কৃষকেরা জানান, আগাম সবজি চাষে স্বাভাবিক সময়ের তুলনায় খরচ ও পরিশ্রম দুটিই বেশি। জমি প্রস্তুত, বীজ বপন, সার প্রয়োগ, সেচ, আগাছা পরিষ্কার এবং রোগবালাই দমনে বাড়তি যত্ন নিতে হয়। এরপরও মৌসুমের শুরুতে বাজারে দাম ভালো পাওয়ার আশায় তাঁরা আগাম চাষে ঝুঁকছেন।
ছিনাই ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলী বলেন, আগাম সবজি চাষে সার, সেচ ও শ্রমিকের খরচ বেশি পড়ে। তবে শীতের শুরুতে বাজারে সবজির দাম ভালো থাকে। তাই বাড়তি পরিশ্রম হলেও তিনি আগাম সবজি চাষ করছেন।
আরেক কৃষক মমিনুল ইসলাম বলেন, মৌসুমের শুরুতে সবজির চাহিদা ও দাম দুটিই বেশি থাকে। গত বছর আগাম সবজি চাষ করে লাভ হওয়ায় এবার আরও বেশি জমিতে চাষ করেছেন তিনি।
তবে আগাম সবজি চাষে ঝুঁকিও রয়েছে। কৃষকদের আশঙ্কা, অতিরিক্ত বৃষ্টিতে জমিতে পানি জমে কোমল চারা নষ্ট হতে পারে। আবার শীতের আগে অতিরিক্ত গরম থাকলেও সবজির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করছেন তাঁরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর কুড়িগ্রাম জেলায় প্রায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৪০০ হেক্টর জমিতে আগাম শাক-সবজি আবাদ হয়েছে।
রাজারহাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল মিয়া বলেন, কৃষকেরা আগাম শীতকালীন সবজি চাষে বেশ আগ্রহী। তাঁদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সার প্রয়োগ, সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
শীত আসার আগেই কুড়িগ্রামের মাঠজুড়ে এখন সবুজের ব্যস্ততা। কৃষকের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগাম সবজির ভালো ফলন ও বাজারদর তাঁদের মুখে হাসি ফোটাবে।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array