উত্তরার হাই-কেয়ার হাসপাতালে মৃত রোগীকে আইসিইউতে রাখার অভিযোগ
রাজধানীর উত্তরায় হাই-কেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে রোগী মারা যাওয়ার পরও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার নামে মোটা অঙ্কের বিল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, রোগীর মৃত্যুর বিষয়টি গোপন রেখে পেসমেকার ও লাইফ সাপোর্টে রাখার কথা বলে চিকিৎসা চালানো হয়। পরে স্বজনদের হাতে ৫ লাখ ৯ হাজার ৯৯০ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়।
স্বজনদের অভিযোগ, উন্নত চিকিৎসার আশায় ওই রোগীকে উত্তরার হাই-কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর ছেলে দাবি করেন, তার মা মারা যাওয়ার পরও বিষয়টি তাদের জানানো হয়নি। বরং তাকে আইসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়া হয়। একপর্যায়ে রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃতের মেয়ে ও অন্যান্য স্বজন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগ জানাতে গেলে হাসপাতালের কর্মীদের সঙ্গে স্বজনদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূরে মোহাম্মদ জিন্নাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে হাসপাতালের ম্যানেজার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মৃত রোগীকে আইসিইউতে রেখে ৫ লাখ টাকার বেশি বিল করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তার ভাষ্য, হাসপাতালে রোগীর মোট বিল হয়েছে ৭৮ হাজার ৭১০ টাকা। এর বাইরে হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ বাবদ ১৬ হাজার ৪৮০ টাকা খরচ হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বজনরা সুযোগ বুঝে অসত্য অভিযোগ করছেন। অন্যদিকে ভুক্তভোগী পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালে জালালউদ্দিন সরকার নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে হাই-কেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে মামলা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল। নতুন করে একই ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array