খুঁজুন
                               
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: সংকটের নেপথ্য কারণ ও পাহাড়ের ভূরাজনীতি

এ এইচ এম ফারুক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: সংকটের নেপথ্য কারণ ও পাহাড়ের ভূরাজনীতি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ পার্বত্য অঞ্চলের রাজনীতিতে এক বিশাল আলোড়ন ও ঝোড়ো হাওয়া তৈরি করেছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাঙামাটির ২৯৯ নম্বর আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য এবং পরবর্তীতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু ক্ষমতার মাত্র কয়েক মাসের মাথায়, গত ১ জুন তিনি ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন এবং রাষ্ট্রপতি কর্তৃক তা গৃহীত হয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি হয়েছে। একজন অবসরপ্রাপ্ত বিচারক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ কেন্দ্রীয় নেতা হিসেবে তাঁর এই আকস্মিক বিদায়ের পর থেকে পাহাড়ের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা, প্রোপাগান্ডা ও জলঘোলা করার অপচেষ্টা চলছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রী দ্বন্দ্ব? নাকি অপপ্রচার?

মন্ত্রী সাহেবের পদত্যাগের পর পাহাড়ের কিছু আঞ্চলিক সংগঠন এবং স্বার্থান্বেষী মহল এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করছে। তাদের দাবি, প্রতিমন্ত্রী নাকি মন্ত্রীকে ‘পুতুলের মতো’ রাখতে চেয়েছিলেন, সবকিছুতেই তাঁর আধিপত্য ছিল এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে তাঁদের মধ্যে তীব্র দ্বন্দ্ব ছিল। অথচ এই অবাস্তব ও কাল্পনিক দাবির সপক্ষে আজ পর্যন্ত কেউ কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বাস্তবতা হলো, জনাব দীপেন দেওয়ান দীর্ঘদিন বিচারক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন এবং ২০০৫ সালে যুগ্ম জজের মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন। দলের সর্বোচ্চ পর্যায়ে নিজের যোগ্যতা ও বিশ্বস্ততা প্রমাণ করেই তিনি মন্ত্রী হয়েছেন। সুতরাং, তাঁর মতো একজন পরিপক্ব, জ্ঞানী ও আইনজ্ঞ ব্যক্তিত্বকে অন্য কেউ নিয়ন্ত্রণ বা ডমিনেট করতেন—এই দাবিটি একেবারেই অমূলক। তাছাড়া, একজন অবসরপ্রাপ্ত বিচারক এবং পূর্ণ মন্ত্রীকে যদি অন্য কেউ আসলেই নিয়ন্ত্রণ করতে পারে, তবে তো পূর্ণ মন্ত্রীর সেই পদে থাকার মানসিক দৃঢ়তা নিয়েই প্রশ্ন ওঠে।

অন্যদিকে, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করতে চান বলে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাও সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তাঁর নিজের হাটহাজারী নির্বাচনী আসন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশাল দলীয় দায়িত্ব নিয়ে অত্যন্ত ব্যস্ত। একই সাথে তিনি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরপাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন, বিএনপির মিডিয়া সেল ও “আমরা বিএনপি পরিবার”-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে আছেন। সুতরাং, রাঙামাটির স্থানীয় পদ-পদবি বা পদের তদবির নিয়ে তাঁর মন্ত্রীর সাথে মনোমালিন্যে জড়ানোর তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

মাননীয় প্রধানমন্ত্রী নিজেই পার্বত্য চট্টগ্রামের জটিল ভূরাজনীতি, ভেতরের কোন্দল ঠেকানো এবং এই অঞ্চলের আইন ও অর্থনীতি সম্পর্কে প্র্যাক্টিক্যাল ধারণা রাখতেই একজন বিশ্বস্ত, অভিজ্ঞ ব্যক্তি হিসেবে দীপেন দেওয়ানকে মন্ত্রী ও ব্যারিস্টার মীর হেলালকে প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।

মীর হেলাল সমতলের মানুষ হিসেবে শুরুতেই আঞ্চলিক সংগঠন সমর্থিতদের সমালোচনারমুখে পড়েন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কোনো একপাক্ষিক বা বিতর্কিত মন্তব্য করেননি। কিন্তু যারা জনাব দীপেন দেওয়ানকে আঞ্চলিক সংগঠন ‘জেএসএস’-এর এজেন্ট বানানোর চেষ্টা করছেন, তাদের এই এভিডেন্সহীন অভিযোগ পাহাড়ের শান্তির জন্য সুখকর নয়। তাঁরা দুজনেই দলের পরীক্ষিত নেতা এবং কোনো নির্দিষ্ট উপজাতি বা বাঙালি সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন না।

কৌশলগত ভুল ও কাঠামোগত সংকট

তবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি, জনাব দীপেন দেওয়ানের এই অনাকাঙ্ক্ষিত পরিণতির জন্য তিনি নিজেই কৌশলগতভাবে কিছুটা দায়ী। পার্বত্য মন্ত্রণালয় মূলত মাঠপর্যায়ে ফাংশন করে পার্বত্য ৩ জেলার ৩টি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাধ্যমে। তিনি মন্ত্রী হওয়ার সাথে সাথেই যদি এই জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এবং টাস্কফোর্সগুলো দ্রুত পুনর্গঠন করতেন, তাহলে আজকে তাঁকে এই প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে পড়তে হতো না। যা তার অসুস্থ শরীর ও মনের উপর ভীষণ চাপ তৈরি করেছে।

কিন্তু তিনি দীর্ঘ সময় পূর্বের আওয়ামী সরকারের নিয়োগকৃত ব্যক্তিদেরই দায়িত্বে রেখে দিয়েছিলেন, যা এক ধরনের প্রশাসনিক স্থবিরতা তৈরি করেছিল এবং তৃণমূলের মাঝে হতাশা জন্ম দিয়েছিল। এর সুযোগে ইতিবৎসরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পদ-পদবি, পার্বত্য ৩ টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের জন্য মন্ত্রীর ওপর প্রচণ্ড চাপ, তদবির ও লবিং শুরু করেন। দীর্ঘদিনের বঞ্চিত নেতা-কর্মীদের এই যৌক্তিক চাপ সামাল দেওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল।

জেএসএস ও ইউপিডিএফ-এর ত্রিমুখী চাপ

বিভিন্ন আলোচনায় স্থান পেয়েছে সবচেয়ে বড় ও হিংস্র চাপটি এসেছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর কাছ থেকে। গত নির্বাচনে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) সরাসরি প্রার্থী না দিয়ে পর্দার আড়াল থেকে দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছিল। তবে এই সমর্থনের পেছনে ছিল সুদূরপ্রসারী ও বিতর্কিত রাজনৈতিক স্বার্থ। জেএসএস-এর মূল লক্ষ্য ছিল, তিনি মন্ত্রী হলে পার্বত্য চুক্তির এমন কিছু ধারা (যা আমাদের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সার্বভৌম রাষ্ট্রের জন্য বাস্তবায়নে চরম চ্যালেঞ্জিং) বাস্তবায়নে তাঁকে বাধ্য করা এবং উন্নয়নবোর্ড, শরনার্থী বিষয়কটাস্কফোর্স, পার্বত্য জেলা পরিষদগুলোতে জেএসএস-পন্থী বিতর্কিত ব্যক্তিদের বসানো। সম্প্রতি পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে জেএসএস সহ-সভাপতি ও সাবেক এমপি উষাতন তালুকদারের বক্তব্যেও এমন অনৈতিক দাবি ও হুমকির সুস্পষ্ট ইঙ্গিত মিলেছিল। জেএসএস নেতারা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন, “আমরা ভোট দিয়ে জিতিয়েছি, সুতরাং আমাদের সব কথা শুনতে হবে।”

অন্যদিকে, জেএসএস-এর চিরপ্রতিদ্বন্দ্বী প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ (চুক্তি বিরোধী অংশ) শুরু থেকেই দীপেন দেওয়ানকে ‘জেএসএস সমর্থক’ তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে আসছিল। ইউপিডিএফ নেতারাও জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের পছন্দের লোক নিয়োগ এবং অবৈধ প্রকল্প পাসের জন্য সমান্তরাল চাপ সৃষ্টি করে আসছিল। মূলত জেএসএস-কে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এবং মন্ত্রীকে বিতর্কিত করতেই তারা জলঘোলা করতে শুরু করে।

সজ্জন রাজনীতিকের অসহায়ত্ব

আলোচনায় এটাও উঠে এসেছে- দীপেন দেওয়ান তার নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের বিএনপি নেতাকর্মীদের কাছে একজন শান্ত, ভদ্র ও উদারপন্থী মানুষ হিসেবে পরিচিত। জেএসএস ও ইউপিডিএফ-এর আকাশচুম্বী ও অসাংবিধানিক চাওয়া কোনোভাবেই একজন সাবেক বিচারকের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না বলেও মনে করেন অনেকে। কারণ আঞ্চলিক দলগুলোর সংকীর্ণ স্বার্থে কাজ করলে তিনি জনগণের কাছে এবং রাষ্ট্রের আইনের কাছে বিতর্কিত হতেন।

বিভিন্ন সময় তাঁর বক্তব্যে উঠে এসেছে পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশ এবং পিছিয়ে পড়া এই জনপদের সার্বিক উন্নয়নের স্বপ্নের কথা। কিন্তু পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো কখনই চায় না পাহাড়ের মূল ধারার টেকসই উন্নয়ন হোক; কারণ পাহাড় অনগ্রসর ও অশান্ত থাকলেই তাদের চাঁদাবাজি ও আধিপত্যের রাজনীতি টিকে থাকে। ফলশ্রুতিতে, একদিকে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের পদের জন্য তীব্র চাপ, অন্যদিকে জেএসএস ও ইউপিডিএফ-এর অনৈতিক ও ত্রিমুখী লবিং—অসুস্থ শরীরে এই বিপুল মানসিক ও রাজনৈতিক চাপ সজ্জন রাজনীতিক দীপেন দেওয়ান আর নিতে পারেননি। ফলে নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং কোনো অসাংবিধানিক দাবির কাছে মাথা নত না করার নৈতিক দৃঢ়তা থেকেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন বলেও তার শুভকাঙ্খিরা মনে করছেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

মূলত পার্বত্য রাজনীতিতে মেইনস্ট্রিম দলগুলোর পাশাপাশি আঞ্চলিক দল, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, কখনো পাহাড়ে বসবাস করেনি এমন কিছু সুশীল সমাজ, বামপন্থী সংগঠন, আন্তর্জাতিক এনজিও এবং বিশেষ মহলের নানামুখী প্রভাব রয়েছে। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই অঞ্চলের কোনো পক্ষই বৈষম্যের শিকার হয়নি। একজন অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন দক্ষ ব্যারিস্টারের এই সম্ভাবনাময় জুটি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল, তখন আমরা আশা করেছিলাম যে পার্বত্য চট্টগ্রামের বিতর্কিত ও বৈষম্যমূলক আইন ও পলিসিগুলো সংশোধন ও আধুনিকায়ন করা সম্ভব হবে। কিন্তু এই আকস্মিক বিদায় সত্যিই মর্মাহত করার মতো।

উদ্ভূত পরিস্থিতিতে দলের ভেতরের ও বাইরের অতি-উৎসাহী মহল যারা জলঘোলা করার চেষ্টা করছে, তাদের থামাতে জনাব দীপেন দেওয়ানের উচিত দ্রুত একটি প্রেস কনফারেন্স করে পদত্যাগের প্রকৃত কারণ ও এসব অনৈতিক চাপের সত্যতা দেশবাসীর সামনে পরিষ্কার করা। পাহাড়ে শান্তি, সুশাসন ও টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও সংবিধানের আলোকে একটি সুষম নীতিমালার কোনো বিকল্প নেই।

লেখক: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দেড় ঘণ্টা

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দেড় ঘণ্টা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি তুরস্কের অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ৩২ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি উখিয়ার বালুখালী এলাকার ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি বালুখালী ৯ নম্বর ক্যাম্পে যান এবং সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হাকান ফিদান বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নাগরিকত্ব ও মর্যাদার অধিকার নিয়ে নিরাপদে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে।

পরে প্রতিনিধি দল ১৭ নম্বর ক্যাম্পে তুরস্ক রেড ক্রিসেন্ট ও তুরস্ক দিয়ানাত ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম পরিদর্শন করে। এরপর ১৬ নম্বর ক্যাম্পে অবস্থিত তুরস্কের রাষ্ট্রীয় সহযোগিতা সংস্থা টিকা পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ঘুরে দেখেন তারা।

সেখানে রোহিঙ্গা শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন প্রতিনিধি দলের সদস্যরা। শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তারা।

সফরকালে রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মাঠপর্যায়ে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছ থেকেও বাস্তব পরিস্থিতি ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন তিনি।

প্রায় দেড় ঘণ্টার পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিনিধি দলটি ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারে ফিরে যায়। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুরো সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে তুরস্ক বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

কালের আলো/এসআর/এএএন

ময়মনসিংহে ৩০ মিনিটের ঝটিকা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী, অনিয়ম দেখে কর্মকর্তাদের ভর্ৎসনা-তিরস্কার

মোঃ শামসুল আলম খান, কালের আলো:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
ময়মনসিংহে ৩০ মিনিটের ঝটিকা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী, অনিয়ম দেখে কর্মকর্তাদের ভর্ৎসনা-তিরস্কার

ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ.জেড. এম জাহিদ হোসেন। নেমপ্লেটে ‘ডাক্তার’ পদবি ব্যবহার থেকে শুরু করে অফিসের দায়িত্বে অবহেলার নানা চিত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভর্ৎসনা করেন তিনি।

শুক্রবার (৫ জুন) সকালে ময়মনসিংহ সার্কিট হাউসে পৌঁছানোর পর মন্ত্রী নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শন করেন। পরে আকুয়া এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন শেষে সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম, অসহায় ও পথশিশুদের সুরক্ষা এবং মানবিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিশুদের জন্য নিরাপদ ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি শিশু সদনগুলোকে আরও উন্নত ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু সদনের আবাসন ব্যবস্থা, খাবারের মান, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন শেষে সফরসূচি অনুযায়ী ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী এডওয়ার্ড স্কুলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হোস্টেলে যাওয়ার কথা থাকলেও তিনি আকস্মিকভাবে জেলা সমাজসেবা কার্যালয়ে যান। সেখানে প্রায় ৩০ মিনিটের ঝটিকা পরিদর্শনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তার নজরে আসে।

পরিদর্শনকালে তিনি কার্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের সামনে ‘ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাঃ শরীফ আহমেদ আওয়াল’ এবং ‘ডাঃ গোলাম মোস্তফা’ নামে দুটি নেমপ্লেট দেখতে পান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ওই নেমপ্লেট সরিয়ে ফেলার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করার সুযোগ নেই। সরকারি চাকরিতে থেকে নিয়ম না জানা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ফিজিওথেরাপি কক্ষে এক কর্মচারীকে রোগীর বেডে শুয়ে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে মন্ত্রী আরও ক্ষুব্ধ হন। তিনি কর্মচারীর উদ্দেশে বলেন, আপনি এখানে কী করছেন?আপনি কি মোবাইলে জুয়া খেলছেন? আপনাদের কি কেউ তদারকি করেনা। এখানের (জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক) ডিডি কোথায়?

পরিদর্শন শেষে মন্ত্রী জেলা সমাজসেবা কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয় সেখানে স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বর্তমান বিভাগীয় কার্যালয়ের জন্য প্রতি মাসে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া গুনতে হয়। সরকারি অর্থ সাশ্রয়ের লক্ষ্যে জেলা সমাজসেবা কমপ্লেক্সের দুটি কক্ষ গেস্ট হাউস হিসেবে রেখে বাকি অংশে বিভাগীয় সমাজসেবা কার্যালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী এডওয়ার্ড স্কুলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হোস্টেল পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও আবাসিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাজু আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মামুন, ড্যাব নেতা ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলসহ সমাজসেবা ও শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা।

কালের আলো/এম/এএইচ 

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবার (৫ জুন) ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনায় কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, মন্ত্রণালয়ের আদেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারবে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি