খুঁজুন
                               
, ,
           

হাম বাড়ছে: সচেতনতা ও টিকাই প্রধান প্রতিরোধ

ডা: সেলিনা সুলতানা
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
হাম বাড়ছে: সচেতনতা ও টিকাই প্রধান প্রতিরোধ

দেশের বিভিন্ন এলাকায় হাম-এর সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি উদ্বেগজনক হলেও সঠিক সচেতনতা ও সময়মতো পদক্ষেপ নিলে এই ঝুঁকি অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে হাম মারাত্মক আকার নিতে পারে, তাই অভিভাবকদের সতর্কতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে খুব সহজেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারে। বাতাসে এই ভাইরাস প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে—যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় এর বিস্তার খুব দ্রুত ঘটে।

হামের লক্ষণ সাধারণত সংক্রমণের ১০ থেকে ১৪ দিনের মধ্যে প্রকাশ পায়। শুরুতে জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হওয়া—এসব উপসর্গ দেখা যায়। এরপর শরীরে লাল দানাদার ফুসকুড়ি ওঠে, যা প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে গালের ভেতরে ছোট সাদা দাগ (কপলিক স্পট) দেখা যায়, যা হামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শিশুদের মধ্যে খাওয়ার অনীহা ও দুর্বলতাও লক্ষ্য করা যায়।

তবে শুধু উপসর্গেই সীমাবদ্ধ নয়, হামের জটিলতাও ভয়াবহ হতে পারে। নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, এমনকি মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস) পর্যন্ত হতে পারে। অপুষ্টিতে ভোগা শিশু বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

এই পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো টিকাদান। নিয়মিত টিকাদান কর্মসূচি অনুযায়ী শিশুকে ৯ মাস বয়সে প্রথম এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এছাড়া বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত ডোজও দেওয়া যেতে পারে। যেসব শিশু এখনো হাম-রুবেলা (এমআর) টিকা পায়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনা জরুরি।

চিকিৎসার পাশাপাশি শিশুর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং শরীরের পানিশূন্যতা রোধে পর্যাপ্ত তরল ও ওরস্যালাইন দেওয়া প্রয়োজন। ছোট শিশুদের ক্ষেত্রে বুকের দুধ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম প্রতিরোধযোগ্য একটি রোগ—এটি মনে রাখা জরুরি। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সময়মতো টিকা এবং সঠিক পরিচর্যা। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সবাই মিলে উদ্যোগ নিলেই এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

একই সঙ্গে কিছু সাধারণ সতর্কতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু হাম আক্রান্ত হলে তাকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে, পরিচর্যাকারীকে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। আক্রান্ত শিশুকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে—নিজ থেকে কোনো ওষুধ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকিৎসার পাশাপাশি শিশুর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং শরীরের পানিশূন্যতা রোধে পর্যাপ্ত তরল ও ওরস্যালাইন দেওয়া প্রয়োজন। ছোট শিশুদের ক্ষেত্রে বুকের দুধ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাম প্রতিরোধযোগ্য একটি রোগ—এটি মনে রাখা জরুরি। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সময়মতো টিকা এবং সঠিক পরিচর্যা। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সবাই মিলে উদ্যোগ নিলেই এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

লেখক : কনসালটেন্ট: নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, বেটার লাইফ হসপিটাল। প্রাক্তন অটিজম বিশেষজ্ঞ: ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান ঘুরে দেখেন এবং উদ্যানের পাশে স্থাপিত গ্রন্থাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

৯০ ফুট উঁচু স্মৃতিস্তম্ভে ৮৩৪ শহীদের নাম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রায় এক একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে ৮৩৪ জন শহীদের নাম। এর সামনে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক। স্মৃতিস্তম্ভটির বাইরের দিকে রয়েছে ১৬৩ ফুট দীর্ঘ ও সাড়ে ৪ ফুট উঁচু রিলিফ ভাস্কর্য। ভেতরের দিকে রয়েছে ১৭১ ফুট দীর্ঘ ও সাড়ে ৭ ফুট উঁচু আরেকটি রিলিফ ভাস্কর্য।

এসব ভাস্কর্যে বাংলাদেশের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অধ্যায় স্থান পেয়েছে। স্মৃতিস্তম্ভটির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামের ইতিহাসও তুলে ধরা হয়েছে।

আধুনিকায়নে নতুন রূপ পেল ঐতিহাসিক ওসমানী উদ্যান

জুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি উদ্বোধন করা হয়েছে রাজধানীর পুরান ও নতুন ঢাকার সংযোগস্থলে অবস্থিত ২৩ একর আয়তনের ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন প্রকল্প। উদ্যানটিকে সবুজ, নিরাপদ ও আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরোনো জলাশয় সংস্কারের পাশাপাশি পাঁচটি নতুন জলাশয় নির্মাণ করা হয়েছে। বিদ্যমান গাছপালা সংরক্ষণ করে নতুন বৃক্ষরোপণ করা হয়েছে এবং তৈরি করা হয়েছে সবুজ দ্বীপ। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যানটির প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

হাঁটার পথ, ব্যায়ামাগার ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা

আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানে প্রায় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি রয়েছে ব্যায়ামাগার, প্যাগোডা, গণশৌচাগার, পার্কিং সুবিধা এবং জলাশয়ের ঘাট। উদ্যানটিতে ৫০ হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থাও রাখা হয়েছে। দুই স্তরে সাজানো উদ্যানটির সড়ক থেকে দুই মিটার উঁচুতে রয়েছে দ্রুত চলাচলের পথ। নতুন অবকাঠামো ও সবুজায়নের মাধ্যমে ওসমানী উদ্যানকে নগরবাসীর বিনোদন, হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদদের স্মৃতি সংরক্ষণ ও নাগরিক পরিবেশ উন্নয়নের উদ্যোগ

জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ওসমানী উদ্যান আধুনিকায়নের প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ ও রাজধানীর নাগরিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে। একটি প্রকল্পে শহীদদের নাম ও বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, অন্যটিতে নাগরিকদের জন্য সবুজ ও আধুনিক উন্মুক্ত পরিসর গড়ে তোলা হয়েছে।

কালের আলো/এএএন/এমএসআইপি

 

সীমান্তের গেট বন্ধ, খাদ্যসংকটে ১৫০ হাতি—বাড়ছে মানুষ-হাতির সংঘাত

শেরপুর সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
সীমান্তের গেট বন্ধ, খাদ্যসংকটে ১৫০ হাতি—বাড়ছে মানুষ-হাতির সংঘাত

ভারতের মেঘালয় থেকে আসা প্রায় ১৫০টি বন্যহাতি দুই বছর ধরে নিজ আবাসস্থলে ফিরতে পারছে না। শেরপুর ও জামালপুরের গারো পাহাড় এলাকায় বিচরণ করা হাতিগুলোর স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ায় থাকা গেট বন্ধ থাকায়। এতে হাতির খাদ্যসংকট বাড়ার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি এবং মানুষ-হাতির সংঘাতের ঝুঁকিও তৈরি হয়েছে।

বন বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হাতিগুলো কয়েকটি দলে ভাগ হয়ে শেরপুর ও জামালপুরের প্রায় ১২ হাজার হেক্টর বনাঞ্চল ও আশপাশের এলাকায় বিচরণ করছে। এসব দলে ২৫ থেকে ৩০টি শাবকও রয়েছে। বনাঞ্চলে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল প্রায়ই লোকালয় ও কৃষিজমিতে ঢুকে পড়ছে। এতে ফসল নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বন বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ সালের দিকে ভারতের মেঘালয় থেকে ১০ থেকে ১৫টি বন্যহাতি বাংলাদেশের গারো পাহাড় এলাকায় আসে। পরে বংশবিস্তারের ফলে হাতির সংখ্যা বেড়ে প্রায় ১৫০টিতে পৌঁছেছে। একসময় হাতির দল নিয়মিত বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বনাঞ্চলের মধ্যে চলাচল করত। ২০০৭ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে মেঘালয় রাজ্যের সঙ্গে শেরপুর ও জামালপুরের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। হাতির চলাচল সহজ রাখতে সেখানে ৪৪টি গেট ও নদী-ছড়ার ওপর ১১টি আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কিন্তু গেটগুলো বন্ধ থাকায় হাতিগুলো আগের মতো সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরতে পারছে না বলে জানিয়েছে বন বিভাগ।

কর্মকর্তারা জানান, সীমান্তের গেট খুলে দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এখনো প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। হাতির আবাসস্থলে পর্যাপ্ত খাবার না থাকলে তারা খাদ্যের সন্ধানে কৃষিজমি ও লোকালয়ে প্রবেশ করে। এতে একদিকে কৃষকের ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে হাতির মুখোমুখি হওয়ার আশঙ্কায় আতঙ্কে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকার কৃষক যোসেফ মারাক বলেন, এমন কোনো বছর নেই, যে বছর হাতি এসে ফসলের ক্ষতি করে না। বছরের পর বছর ফসল নষ্ট হওয়ায় ঠিকমতো ঘরে ধান তুলতে পারেন না তাঁরা। সারা বছরের পরিশ্রমের ফসল হাতি নষ্ট করে দেওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। একই এলাকার কৃষানি আশালতা বলেন, ধান পাকার সময় এলেই হাতির আতঙ্ক বাড়ে। কখন হাতির পাল এসে জমির ফসল নষ্ট করে, সেই দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায়। ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিয়েও শেষ পর্যন্ত সব ফসল বাঁচানো সম্ভব হয় না।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে শেরপুরে মানুষ-হাতির সংঘাতের ঘটনায় প্রায় ৪৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। একই সময়ে হাতির সঙ্গে সংঘাতে ১০ জন মানুষ ও চারটি বন্যহাতির মৃত্যু হয়েছে। এ পরিসংখ্যান সীমান্তবর্তী অঞ্চলে মানুষ ও বন্যহাতির সহাবস্থান নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এনেছে। হাতির দল লোকালয়ে প্রবেশ করলে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি হয়। আবার মানুষের সঙ্গে সংঘাতের কারণে হাতিরও প্রাণহানি ঘটে।বিশেষজ্ঞদের মতে, এ সমস্যার জন্য শুধু লোকালয়ে হাতির প্রবেশকে দায়ী করলে মূল কারণগুলো আড়ালে থেকে যাবে। হাতির চলাচলের পথ সংকুচিত হওয়া, বনাঞ্চলে খাদ্যের প্রাপ্যতা এবং মানুষের কৃষি ও বসতি সম্প্রসারণ—সবকিছুই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজের মতে, হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হলে মানুষ-হাতির সংঘাত বাড়তে পারে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি জানান, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণে ২০২০ সালের ডিসেম্বরে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ উদ্যোগের উল্লেখযোগ্য কার্যকর অগ্রগতি দেখা যায়নি বলে তাঁর মত। বন্যহাতি পরিযায়ী প্রাণী। তাদের চলাচলের পথ এক দেশের সীমান্তে আটকে গেলে আবাসস্থল, খাদ্য সংগ্রহ ও প্রজননের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই সীমান্তবর্তী বনাঞ্চলের সংযোগ বজায় রাখা এবং হাতির চলাচলের উপযোগী পথ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ১০ অক্টোবর শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতির সংঘাত নিরসন ও বন্যহাতি সংরক্ষণবিষয়ক এক আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান।

মন্ত্রী বলেন, বিদ্যমান প্রটোকলের আওতায় ভারতের সঙ্গে আলোচনা শুরু করা হবে। হাতির চলাচল সহজ করতে সীমান্তের গেট খুলে দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া শেরপুরের বনাঞ্চলকে হাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও বন্যহাতিকে কেন্দ্র করে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। গারো পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষা—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সীমান্তের গেট খোলার বিষয়ে দুই দেশের সমন্বয়, বনাঞ্চলে খাদ্যের প্রাপ্যতা বাড়ানো, হাতির চলাচলের পথ সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার মতো উদ্যোগ পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এসকে/এমএসআইপি

 

খুন-ধর্ষণ-নারী নির্যাতনে উদ্বেগ, কুমিল্লায় ৯ মাসে ১১১ প্রাণহানি

কুমিল্লা সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
খুন-ধর্ষণ-নারী নির্যাতনে উদ্বেগ, কুমিল্লায় ৯ মাসে ১১১ প্রাণহানি

কুমিল্লায় খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় উদ্বেগ বাড়ছে। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী ও স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর সম্প্রতি সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জেলাজুড়ে আলোচনা তৈরি হয়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কুমিল্লায় ১১১টি খুন ও ১৩৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৩২টি।

জেলার ১৮টি থানার তথ্য পর্যালোচনায় দেখা গেছে, নয় মাসে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট চার হাজার ৯৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে অপহরণের ১৪টি ও ডাকাতির ৩৬টি ঘটনা রয়েছে। এ ছাড়া দাঙ্গা, দস্যুতা, চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের ঘটনাও নথিভুক্ত হয়েছে। পুলিশের দাবি, হত্যা ও ধর্ষণসহ প্রতিটি ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তারা সক্ষম হয়েছে। তবে ধারাবাহিক অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদেরা। তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাসভিত্তিক পরিসংখ্যানে অপরাধের চিত্র

পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে কুমিল্লায় ১৪টি খুন, ১৬টি ধর্ষণ ও ১৭টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মোট ৪৯১টি অপরাধের মামলা হয়। ফেব্রুয়ারিতে ১২টি খুন, ৮টি ধর্ষণ ও ১৯টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মামলা হয় ৪০৭টি।

মার্চে ১১টি খুন, ৯টি ধর্ষণ ও ১৮টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মোট মামলার সংখ্যা ছিল ৫১৭। এপ্রিলে ১০টি খুন, ২০টি ধর্ষণ ও ২৮টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মামলা হয় ৫৮৪টি। মে মাসে খুনের সংখ্যা বেড়ে ১৭টিতে দাঁড়ায়, যা উল্লেখিত মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। এ মাসে ১২টি ধর্ষণ ও ২৪টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মোট ৬১২টি অপরাধের মামলা হয়। জুনে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৪১টি, যা ওই সময়ের মধ্যে সর্বোচ্চ। এ মাসে ১০টি খুন ও ২১টি ধর্ষণের ঘটনাসহ মামলা হয় ৫৭৭টি।

জুলাইয়ে ১০টি খুন, ২২টি ধর্ষণ ও ৩০টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মোট ৫০৯টি মামলা হয়। আগস্টে ১১টি খুন, ১৭টি ধর্ষণ ও ২১টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মামলা হয় ৫৮৫টি। সেপ্টেম্বর মাসে খুনের সংখ্যা বেড়ে ১৬টিতে দাঁড়ায়। এ মাসে ১৪টি ধর্ষণ ও ৩৪টি নারী-শিশু নির্যাতনের ঘটনাসহ মোট ৬৮১টি অপরাধের মামলা নথিভুক্ত হয়।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা

এপ্রিল মাসের আলোচিত ঘটনাগুলোর একটি ছিল কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা। ২৫ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে বাসে এসে কুমিল্লার ঝাগুরঝুলি এলাকায় মহাসড়কে নামার পর তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন এবং নিহত হন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোহাগ, এমরান, রাহাত ও সুজন নামে চারজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

আইফোনের জন্য স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ড দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। গত ১৯ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশের বরাতে জানা যায়, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছিল। একটি মুঠোফোনের জন্য স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে হত্যার ঘটনা কিশোর অপরাধ, অপরাধী চক্রের তৎপরতা এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সর্বশেষ আলোচিত ঘটনাটি ঘটে অক্টোবরে। গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসা থেকে বের হয় সপ্তম শ্রেণির এক ছাত্রী। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি শিশু-কিশোরীদের নিরাপত্তা এবং যৌন সহিংসতা প্রতিরোধের বিষয়টিকে আবারও সামনে এনেছে।

দেবিদ্বারে বৃদ্ধা হত্যার পর মরদেহ টুকরো করার ঘটনা

গত ৭ আগস্ট রাতে দেবিদ্বার উপজেলা সদরে ফরিদা ইয়াসমিন নামে এক বৃদ্ধাকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। পরদিন পাশের একটি ডোবা থেকে পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাড়াটিয়া লাইলী আক্তার ও তাঁর সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডও জেলার অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার অন্যতম কারণ হয়ে ওঠে।

‘শুধু অভিযান চালিয়ে অপরাধ বন্ধ করা যাবে না’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, কিশোর অপরাধসহ সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। শুধু অভিযান চালিয়ে এসব অপরাধ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, গতানুগতিক পদ্ধতিতে এখন আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এ জন্য রাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার থেকেই উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। শিশু-কিশোরেরা যেন মুঠোফোনে অতিরিক্ত আসক্ত হয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার পরামর্শও দেন এই শিক্ষাবিদ।

ধর্ষণ মামলার বিচার বিলম্বের কারণ

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ বদিউল আলম বলেন, ধর্ষণ মামলার তদন্তে ধীরগতি, একাধিকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ প্রতিবেদন পেতে দেরি এবং সাক্ষী পাওয়া নিয়ে জটিলতার কারণে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়। কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাক্ষী সময়মতো না পাওয়াও বিলম্বের কারণ হয়ে দাঁড়ায়। এতে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হন বলে মন্তব্য করেন তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শারমিন সুলতানা বলেন, অনেক সময় আলামত নষ্ট হওয়ার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়। পোশাকসহ অন্যান্য আলামতও যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। ফলে অনেক ক্ষেত্রে ডিএনএ নমুনা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। সংশ্লিষ্টদের বক্তব্যে অপরাধের তদন্তের পাশাপাশি আলামত সংরক্ষণ, দ্রুত ফরেনসিক পরীক্ষা এবং সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের গুরুত্ব উঠে এসেছে। বিশেষ করে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মামলায় দ্রুত ও নির্ভুল তদন্ত বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে চলছে অভিযান

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, হত্যা ও ধর্ষণসহ প্রতিটি ঘটনার রহস্য স্বল্প সময়ের মধ্যে উদ্‌ঘাটনে পুলিশ সক্ষম হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, এসআরবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। তিনি আরও জানান, কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুই সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এএএন/এমএসআইপি