খুঁজুন
                               
, ,
           

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, নিখোঁজ বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, নিখোঁজ বহু মানুষ

ভেনেজুয়েলায় সম্প্রতি সংঘটিত শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। শনিবার (৪ জুলাই) দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে অসংখ্য বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে জীবিত মানুষের সন্ধান কার্যক্রম ধীরে ধীরে সমাপ্ত করছে। তবে এখনও অনেক পরিবার স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় ধ্বংসস্তূপে অপেক্ষা করছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা জীবিত উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যদিও চলতি সপ্তাহেও ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানের সমাপ্তির ইঙ্গিত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্যদের সম্মাননা পদক প্রদান করেন। উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কয়েকটি অনুসন্ধানী কুকুরকেও এ সময় বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশটি গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা ধরে রেখেছে, আবার অসংখ্য মানুষ এক মুহূর্তে সবকিছু হারিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল শনিবার তাদের অভিযান গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের উদ্ধারকারীরা জানান, সর্বশেষ অনুসন্ধানেও নতুন কোনো জীবিত ব্যক্তির সন্ধান না পাওয়ায় তারা কার্যক্রম শেষ করছে। একই সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডা ও ভার্জিনিয়া থেকে যাওয়া দলগুলোও।

এদিকে অনেক স্থানীয় বাসিন্দার অভিযোগ, দুর্যোগের পর সরকারি তৎপরতা যথেষ্ট দ্রুত ছিল না। তাদের দাবি, আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা চালিয়েছেন।

তবে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, ভূমিকম্পের পরপরই হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মীকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছিল।

এদিকে লা গুয়াইরায় ঝুঁকিপূর্ণ ধসে পড়া ভবন অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করছে।

স্বেচ্ছাসেবী ফ্রান্সিসকো সাসকিয়া জানান, মরদেহ উদ্ধারের কাজ এখনও চলছে এবং এটি অত্যন্ত কঠিন। তিনি বলেন, সর্বশেষ অভিযানে দুটি মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি হিসাবে, এই ভয়াবহ ভূমিকম্পে ১৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। অন্যদিকে আহতদের চাপে হাসপাতালগুলোতে সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়তে পারে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্যঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক-বির্তকে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। পরে স্থগিত করা হয় জরুরি সভা।

রোববার (৫ জুলাই) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে বিতর্কিতদের দায় একজন আরেকজনের ওপর চাপানোর চেষ্টা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এ নিয়ে চরম হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নও নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের কথাবার্তা ‘তুই-তুকারির’ পর্যায়ে চলে যায়।

যুবদলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটির বিতর্কিত ও দীর্ঘদিন ধরে সংগঠনে নিস্ক্রিয় থাকা সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় জানতে চান যুবদলের সভাপতি মুন্না। এ থেকে ঘটনার সূত্রপাত। পালটা সাধারণ সম্পাদক নয়নও নিষ্ক্রিয় মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের বিগত আন্দোলনে ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন।

সূত্র জানায়, কমিটির মান ও মর্যাদা নষ্ট হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ একে-অপরকে দোষারোপ করতে থাকে। সদ্যঘোষিত কমিটির সহ-সভাপতি মাহমুদুস সালেহীন, আরেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে কক্সবাজারে যথাযথ সন্মান না দেওয়ার বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করেন। এ সময় মাহমুদুস সালেহীন রাজনীতি না করে পদ পাওয়ার বিষয়ে বেশ কয়েকজন মন্তব্য করেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহকে সতর্ক করে বলেন, ‘তুমি সভাপতির স্বাক্ষরে সহ-সভাপতি হয়েছ’। এমন সময় ফিরোজ আব্দুল্লাহ মিটিং থেকে বের হয়ে যান। পরে উত্তেজনা আরও চরম মাত্রায় পৌঁছালে মিটিং স্থগিত করা হয়।

কালের আলো/এএন/এমএসআইপি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশজুড়ে পাঁচদিন বিরতিহীন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশজুড়ে পাঁচদিন বিরতিহীন বৃষ্টির আভাস

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।এর প্রভাবে দেশের উপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সেই সঙ্গে নিম্নচাপটি পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৫ জুলাই) সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআরের কমান্ডার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি পিজিআরের সব কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় নিহত পিজিআরের পাঁচ সদস্যসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সব সদস্যকে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, পিজিআরের সদস্যরা নিজেদের আরও দক্ষ, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআরের কমান্ডার তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকেও পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্যে পিজিআরের সদস্যদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরের সদস্যরা একই নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ