খুঁজুন
                               
, ,
           

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

৪৬ বছর বয়সী স্মিথ পাকিস্তানের টেস্ট ও সীমিত ওভারের—উভয় সংস্করণের দলের সঙ্গে কাজ করবেন। ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

গত কয়েক মাস ধরে পাকিস্তান দলে পূর্ণকালীন ব্যাটিং কোচের পদটি শূন্য ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরও জোরালো হয়। এতদিন জাতীয় নির্বাচক আসাদ শফিক অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও এবার সেই দায়িত্ব স্থায়ীভাবে নিলেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে না খেললেও কোচ হিসেবে রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী স্মিথ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট তাসমানিয়া ও হোবার্ট হারিকেনসের ব্যাটিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ৭ হাজার ২৯ রান।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধারাবাহিকতায় ফেরানোই হবে স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে টেস্টে ধারাবাহিক ব্যর্থতার মুখে থাকা দলটি আগামী ইংল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

কালের আলো/এসএ

পোর্ট অব স্পেনে বাবর-আব্দুল্লাহর ব্যাটিংয়ে স্বস্তির হাসি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
পোর্ট অব স্পেনে বাবর-আব্দুল্লাহর ব্যাটিংয়ে স্বস্তির হাসি পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান। পোর্ট অব স্পেনে দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৬৬ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে পাকিস্তান পিছিয়ে মাত্র ৭৮ রানে।

দলকে এগিয়ে নেওয়ার পথে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটি গড়েছেন বাবর আজম ও আব্দুল্লাহ শফিক। ১০৭ রানে অপরাজিত থাকা আব্দুল্লাহ টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২০২৪ সালের পর এটি তাঁর প্রথম টেস্ট শতক। অন্যদিকে ৮৬ রানে অপরাজিত বাবর আজম, যা ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের পর টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংস।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৪৪ রানে অলআউট হয়। জাস্টিন গ্রিভস ৭৩ ও রোস্টন চেজ ৭০ রান করেন। পাকিস্তানের হয়ে সাজিদ খান নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর আব্দুল্লাহ শফিক ও আজান আওয়াইস দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন। আওয়াইস ৫৫ রানে ফিরলেও বাবর আজমকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেন আব্দুল্লাহ। দুজনই সাবলীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন।

এই জুটির মাধ্যমে ২০০৬ সালে ওভাল টেস্টের পর এশিয়ার বাইরে তৃতীয় উইকেটে পাকিস্তানের প্রথম ১৫০ রানের বেশি জুটি গড়ার কীর্তিও গড়েছেন বাবর ও আব্দুল্লাহ। এখন তৃতীয় দিনের শুরুতে বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ তৈরি করাই হবে পাকিস্তানের লক্ষ্য।

কালের আলো/এসএ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজসহ অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইয়াসিন সাইফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পূর্বনির্ধারিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

কালের আলো/এসএকে

‘জুলাই সনদ ২০২৫’ ধারণ করেই সংবিধান সংশোধন হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
‘জুলাই সনদ ২০২৫’ ধারণ করেই সংবিধান সংশোধন হবে: আইনমন্ত্রী

‘জুলাই সনদ ২০২৫’-কে সামনে রেখে ও জুলাইয়ের চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধনের পথে এগোবে সরকার। আবেগের বশবর্তী হয়ে বা রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়ে এই সংশোধন করা হবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

এদিন জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, ‘‘আজ ৪ আগস্ট বাংলাদেশ এক নতুন অভিযাত্রা শুরু করল। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩৩টি রাজনৈতিক দল ‘জুলাই সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছিল।

সেই সনদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত সংবিধান সংশোধন কমিটির প্রথম যাত্রা আজ শুরু হলো।’’

সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ায় এগোব।

শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগ্রামীদের সঙ্গে আমরা কথা বলব। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক, প্রেসক্লাবসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে। যারা দিনরাত পরিশ্রম করে জুলাই সনদ রচনা করেছেন, তাদের যৌক্তিক মতামতও নেওয়া হবে।’

কমিটিতে বিরোধী দলের অনুপস্থিতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করার। এর মধ্যে ৭ জন বিএনপির, ৫ জন অন্যান্য দলের (যেমন– জোনায়েদ সাকি, নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ) এবং ৫ জন বিরোধী দলের থাকার কথা ছিল। কিন্তু বিরোধী দল সময় চেয়েছিল এবং পরে জানিয়েছে তারা এই প্রক্রিয়ায় থাকবে না।

তবে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো– তারা যখনই ৫টি নাম দেবে, তখনই তাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।’

সংবিধানের মৌলিক কাঠামো এবং আইনি ব্যাখ্যার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘‘আইনের পরিভাষায় যাকে ‘হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন’ বলা হয়, আমরা সেটি অনুসরণ করব। ভারত ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের ‘বেসিক স্ট্রাকচার থিওরি’ আমাদের ধারণায় রাখতে হবে।

শুধু আবেগ দিয়ে জুলাই সনদকে বাইপাস করে রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। জুলাই সনদের ৬টি ধারা এবং ৮৪টি অনুচ্ছেদের আলোকেই এই সংস্কার হবে।’’

সংবিধান সংশোধন দীর্ঘমেয়াদি একটি কাজ উল্লেখ করে ভারত ও আমেরিকার উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমরা এক বা দুই বছরের জন্য সংবিধান সংশোধন করছি না। আগামী প্রজন্ম যাতে এর সুফল পায়, সময়ের আকাঙ্ক্ষা ও জনচাহিদার ভিত্তিতেই এই কাজ করা হচ্ছে। সংবিধানে একটি কমা বা অক্ষর পরিবর্তন করাও একটি সংস্কার। আমরা সেই সংস্কারেই হাত দিয়েছি।’

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, ব্যারিস্টার মীর হেলালউদ্দিন, ফারজানা শারমিন পুতুল, ব্যারিস্টার শাকিলা ফারজানা ও অলিউল্লাহ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি