খুঁজুন
                               
, ,
           

ইনফান্তিনোকে সরাতে জোটবদ্ধ ফুটবল কনফেডারেশনগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
ইনফান্তিনোকে সরাতে জোটবদ্ধ ফুটবল কনফেডারেশনগুলো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে একজোট হয়েছে বিশ্ব ফুটবলের কয়েকটি প্রভাবশালী কনফেডারেশন। উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি স্বেচ্ছায় পদ না ছাড়লে ফিফার কার্যক্রম বর্জন থেকে শুরু করে বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মতো পদক্ষেপ নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, আগামী মার্চে ইনফান্তিনো চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়ালে তাঁকে ঠেকাতে বিভিন্ন কৌশল প্রস্তুত করা হয়েছে। সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সেই পরিকল্পনা বাতিল হওয়ার পর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

ইনফান্তিনোর বিরোধীরা ‘গভর্ন্যান্স বয়কট’ বা প্রশাসনিক বর্জনের পরিকল্পনাও করেছে। এর আওতায় তারা ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠক বর্জন করবে এবং ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদনে অংশ নেবে না। প্রয়োজনে ফিফার বাইরে বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

জানা গেছে, ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫টি দেশ প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থাও তাঁর প্রতি আগের সমর্থন প্রত্যাহার করেছে বা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস, সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সুশাসন, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ফুটবলের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ার কারণে ইনফান্তিনোর প্রতি তাদের আস্থা আর নেই।

এদিকে উয়েফাও ইনফান্তিনোর কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। সেখানে ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই)’ পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা, সালিসি কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ–সংক্রান্ত সব নথি, ই-মেইল ও তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী মার্চের নির্বাচনকে সামনে রেখে ফিফার নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কালের আলো/এসএ

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আদালতের নির্দেশনা উপেক্ষা করে আগাম ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করা হলে তা আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার এর আগেও গণমাধ্যমকে সতর্ক করেছিল।

আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায় কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেই বক্তব্য প্রচার বা সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, সরকার আবারও সংশ্লিষ্ট সবাইকে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানাবে।

আদালতের আদেশ মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হচ্ছে আদালতের নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান

দীর্ঘ এক দশক পর আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি জানিয়েছেন, তাঁর নতুন সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’-এর শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, গত ১০ বছরে এটি তাঁর প্রথম পূর্ণাঙ্গ সিনেমা। চলতি বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এটি একটি পরিণত বয়সের রোমান্টিক-কমেডি, যার গল্প তাঁর বর্তমান বয়স ও জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’-র পর বড় পর্দা থেকে দূরে ছিলেন ইমরান। চলতি বছরের শুরুতে ‘হ্যাপি প্যাটেল: খাতারনাক জাসুস’ ছবিতে ছোট একটি চরিত্রে দেখা গেলেও, প্রধান অভিনেতা হিসেবে এটি তাঁর দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন।

ইমরান বলেন, দীর্ঘ বিরতির পর এমন একটি গল্পই বেছে নিতে চেয়েছেন, যা তাঁর জীবনের অভিজ্ঞতা ও বর্তমান সময়কে প্রতিফলিত করে। তাঁর ভাষায়, “১০ বছর পর এই ছবিটিই আমার করা দরকার ছিল।”

‘আধুরে হাম আধুরে তুম’ ছবিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা গুরফাতেহ পিরজাদা।

উল্লেখ্য, ‘জানে তু… ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইমরান খানের। প্রথম ছবির সাফল্যের পর তিনি বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতাদের একজন হয়ে ওঠেন। দীর্ঘ বিরতির পর তাঁর নতুন সিনেমাকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কালের আলো/এসএ

প্রধানমন্ত্রীকে সৌদি সফরে যুবরাজের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে সৌদি সফরে যুবরাজের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স। একইসাথে সৌদি ক্রাউন প্রিন্সকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করেছেন।

বৈঠকের বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের ওপর সৌদি সরকার সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। অত্যন্ত সফল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা রয়েছে, তা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে থাকেন। যুদ্ধের সময় আমাদের তিনজন নাগরিক সেখানে নিহত হয়েছেন, তাদের কথা প্রতিনিধি দল শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। সৌদি সরকারের সম্পূর্ণ সহযোগিতার কারণে আমরা আমাদের ভাইদের যারা মৃত্যুবরণ করেছে, তাদের দেশে

ফেরত আনতে পেরেছি, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি, তারা আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, এ নিয়েও কথা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি, খুব শিগগিরই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের বিডা চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন।

এছাড়া, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এ বছরই একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং অনুষ্ঠিত হবে। এই যোগাযোগ ও আদান-প্রদান চলমান থাকবে।

তিনি বলেন, অবশ্যই এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। প্রতিনিধি দল আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত অবস্থায় যাবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছে। দুই দেশের আলোচনার ভিত্তিতে উপযুক্ত সময়ে অবশ্যই এই ভিজিটগুলো হবে।

এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, দেখুন, পাসপোর্ট সংক্রান্ত কনসুলার ইস্যুগুলো সব দেশেই প্রায় একই ধরনের সমস্যা। এই সমস্যাগুলো এখানে খুব একটা বিবেচ্য বা আলোচনার বিষয় ছিল না। তবে এই সমস্যাগুলো সমাধানে জেদ্দা ও রিয়াদে আমাদের বাংলাদেশ মিশন ইতোমধ্যেই সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে কাজ করছে। এই কাজ চলমান আছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ইস্যু যারা দেখেন, তাদের টেকনিক্যাল টিম এবং সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম বসে বিষয়টি পর্যালোচনা করবে। এটি একটি মীমাংসিত বিষয়, আমাদের মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলে এর সমাধান করছে।

সৌদি প্রতিনিধি দলের এই সফরের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা এবং তারা বারবার একটি কথাই বলেছেন, আমরা শুধু একটি সেক্টরে থাকতে চাই না, আমরা অনেকগুলো সেক্টরে বাংলাদেশের সাথে কাজ করতে চাই। সেই জায়গাতেই তারা আজ প্রাধান্য দিয়েছেন এবং আজ রাতেই তারা চলে যাবেন।

সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি