টানা দুই হারে তলানিতে টটেনহাম, ‘আতঙ্কিত নই’ ডি জার্বি
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি টটেনহাম হটস্পারের। টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে দলটি। তবে এমন পরিস্থিতিতেও দলে কোনো ‘আতঙ্ক’ নেই বলে দাবি করেছেন কোচ রবের্তো ডি জার্বি।
রোববার নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে টটেনহাম। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে অ্যান্থনি এল্যাঙ্গা ও ইয়োয়ানে উইসার গোলেই জয় নিশ্চিত করে নিউক্যাসল।
দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন হাজারো টটেনহাম সমর্থক। ঘরের মাঠে শেষ ২৩ লিগ ম্যাচের মাত্র তিনটিতে জয় পাওয়া স্পার্সদের জন্য পরিস্থিতি যে কতটা হতাশাজনক, সেটিই যেন ফুটে ওঠে সমর্থকদের প্রতিক্রিয়ায়।
গত দুই মৌসুমে কোনোমতে ১৭তম স্থানে থেকে অবনমন এড়িয়েছিল টটেনহাম। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় দলটি ট্রান্সফার উইন্ডোতে প্রায় ৬৩৬৬ কোটি টাকা খরচ করে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দলে ভেড়ায়। সমর্থকদের আশা ছিল, এবার অন্তত ইউরোপীয় প্রতিযোগিতায় ফেরার লড়াইয়ে থাকবে দলটি।
কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। প্রথম দুই ম্যাচেই হার, কোনো গোল করতে না পারা এবং শূন্য পয়েন্ট নিয়ে ২০ দলের লিগ টেবিলের ২০তম স্থানে রয়েছে টটেনহাম।
নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে ১৭টি শট নেয় টটেনহাম, যার ছয়টি ছিল লক্ষ্যে। কিন্তু কোনোবারই বল জালে জড়াতে পারেনি তারা। অন্যদিকে নিউক্যাসল লক্ষ্যে নেওয়া দুটি শট থেকেই গোল আদায় করে নেয়।
ম্যাচ শেষে ডি জার্বি অবশ্য দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি হতাশ নন। তিনি বলেন, রক্ষণভাগে উন্নতির প্রয়োজন রয়েছে। তবে প্রথম গোল হজমের আগ পর্যন্ত নিউক্যাসলের চেয়ে তার দলই ভালো খেলেছে বলে দাবি করেন তিনি।
ডি জার্বির মতে, নতুন দলকে গড়ে তুলতে সময় প্রয়োজন। গত দুই মৌসুমের পরিস্থিতি বদলাতে হলে দলকে ধীরে ধীরে সংগঠিত করার ওপর জোর দিতে হবে।
তবে সাবেক ইংলিশ গোলরক্ষক জো হার্ট টটেনহামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, নিউক্যাসলের খেলার ধরন ও পরিকল্পনা স্পষ্ট হলেও টটেনহামের ক্ষেত্রে এখনো সেই স্বচ্ছতা দেখা যাচ্ছে না। নতুন খেলোয়াড়দের দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
আরেক সাবেক গোলরক্ষক রব গ্রিনও মনে করেন, গত মৌসুমের পুরোনো সমস্যাগুলো এখনো টটেনহামের মধ্যে রয়ে গেছে। ফলে সমর্থকদের ধৈর্য ও আস্থা দ্রুত কমে যাচ্ছে।
ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আরও একজন খেলোয়াড় দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডি জার্বি। পাশাপাশি রিচার্লিসন ও সারের দল ছাড়ার গুঞ্জন নিয়েও তিনি জানান, ক্লাবের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক প্রস্তাব এলে খেলোয়াড় বিক্রির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
মার্চের শেষ দিকে টটেনহামের দায়িত্ব নেওয়া ডি জার্বি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তার মতে, মাত্র ১০ দিনে কিংবা একটি ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে গত দুই বছরের সমস্যার সমাধান সম্ভব নয়। মাঠে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে উন্নতির দিকেই এগোতে হবে দলকে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array