প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে প্রধানমন্ত্রী ফেনীতে আসবেন।
সফর স্থগিত হলেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও জনসভাস্থল প্রস্তুতের কাজ এগিয়ে চলছে। সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে। পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতিও চলছে। পাশাপাশি ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন অংশে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদীভাঙন থেকে রক্ষায় ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর পিছিয়ে গেলেও স্থানীয় মানুষের মধ্যে এ নিয়ে উৎসাহের কমতি নেই।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে।
এদিকে একই সফরে ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারিকরণের কর্মসূচি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array