বাব আল-মানদেব হুতিদের নিয়ন্ত্রণে, বাড়ছে বিশ্ববাণিজ্যের ঝুঁকি
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরোটা এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বন্দরনগর মোখা ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন (পেরিম) দ্বীপ দখলের পর বাব আল-মানদেব প্রণালিতেও গোষ্ঠীটির নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।
আফ্রিকার উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে হুতি বাহিনী। এরই মধ্যে ইয়েমেন থেকে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিতে শুরু করেছেন হাজারো মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি ইয়েমেনি জিবুতিতে পৌঁছেছেন।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হয়। তেল ও এলএনজির বড় একটি অংশও এই পথ দিয়ে পরিবহন করা হয়।
হুতিদের সাম্প্রতিক অগ্রগতিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বেড়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক প্রতিষ্ঠান এখনো লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে কেপ অব গুড হোপ দিয়ে জাহাজ চালাচ্ছে। এতে একটি যাত্রায় ২০ দিনের বেশি সময় বাড়ছে এবং পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।
লোহিত সাগরে জাহাজ চলাচল কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসর। সুয়েজ খালের টোল দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে খালের আয় থেকে মিসর প্রায় ৭ বিলিয়ন ডলার হারিয়েছে।
এদিকে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে আন্তর্জাতিক নৌবাহিনীর নজর বাড়ায় হর্ন অব আফ্রিকার উপকূলে নিরাপত্তার ঘাটতি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সোমালিয়ার উপকূলে জলদস্যুতার পুনরুত্থানের আশঙ্কাও করছেন।
ফলে ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রগতি এখন শুধু দেশটির অভ্যন্তরীণ সংঘাতের বিষয় নয়। এর প্রভাব পড়ছে লোহিত সাগরের নিরাপত্তা, বিশ্ববাণিজ্য, সুয়েজ খাল এবং আফ্রিকার উপকূলীয় নিরাপত্তার ওপরও।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array