বৃষ্টির বিদায়, দেশজুড়ে প্রখর রোদের পূর্বাভাস
টানা থেমে থেমে বৃষ্টির পর নিষ্ক্রিয় হয়ে পড়েছে বৃষ্টি বলয়। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে। একই সঙ্গে অধিকাংশ এলাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা। এতে প্রখর রোদ ও ভ্যাপসা গরমের দাপট আরও বাড়ার শঙ্কা রয়েছে।
সোমবারের আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়াবিষয়ক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকা এবং দক্ষিণাঞ্চলের অল্প কিছু স্থানে আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।
বৃষ্টি বলয় নিষ্ক্রিয় হওয়ায় সারা দেশেই দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনভর প্রায় ৬ থেকে ১০ ঘণ্টা স্বাভাবিক সূর্যের কড়া কিরণ থাকতে পারে।
বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির কোনো শঙ্কা নেই। বৃষ্টির সময় সাময়িকভাবে হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, সমুদ্র ও দেশের আবহাওয়ার সাময়িক অবস্থায় বর্তমানে কোনো লঘুচাপ নেই। উত্তর বঙ্গোপসাগরও শান্ত ও নিরাপদ অবস্থায় রয়েছে। তাই কোনো সতর্কসংকেত বহাল নেই।
এদিকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। একই সময়ে ফেনী ও রামগতিতে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে সর্বনিম্ন ২৩ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array