খুঁজুন
                               
, ,
           

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার চাইলেন লীগপন্থী আইনজীবীরাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার চাইলেন লীগপন্থী আইনজীবীরাই

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

রিটটি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেউ দায়ের করেননি এবং এর পেছনে ‘প্রতারণার’ উদ্দেশ্য থাকতে পারে— খোদ আওয়ামীপন্থি আইনজীবীদের এমন আপত্তির প্রেক্ষিতেই আদালত রিটটি ‘উত্থাপিত হয়নি’ (নট প্রেসড) মর্মে খারিজ করে দেয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী নূরুন্নবী বুলবুল। এদিন আদালতে শতাধিক আওয়ামীপন্থি আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেছিলেন আইনজীবী ইউনূস আলী।

রিটে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়ার পাশাপাশি প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়েছিল।

যে কারণে রিটের বিরোধিতা করলেন আওয়ামীপন্হী আইনজীবীরা
আওয়ামী লীগের পক্ষে দায়ের করা রিট কেন আওয়ামীপন্হী আইনজীবীরাই খারিজ চাইলেন— এ নিয়ে আদালতে এবং আদালতের বাইরে নানা আলোচনা তৈরি হয়।

তবে আইনজীবীরা জানিয়েছেন, দলগত কোনো সিদ্ধান্ত ছাড়াই এবং আইনি বৈধতা (লুকাস স্ট্যান্ডি) নেই— এমন এক ব্যক্তির রিট করার পেছনে তারা অসৎ উদ্দেশ্য দেখছেন। এছাড়া বিষয়টি আইনিভাবে নয়, বরং রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলার নীতিগত অবস্থানে রয়েছে দলটি।

জানা যায়, জেলে থাকা নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে সম্প্রতি আওয়ামী লীগের হাইকমান্ডের অনুমতিতেই গঠন করা হয়েছে ‘আইন সহায়ক পরিষদ’। এই পরিষদের সদস্যসচিব হিসেবে আছেন জ্যেষ্ঠ আইনজীবী নূরুন্নবী বুলবুল।

শুনানির বিষয়ে নূরুন্নবী বুলবুল বলেন, ‘যিনি রিট পিটিশনটি দাখিল করেছেন, তিনি ভুল পরামর্শের শিকার হয়েছিলেন। আদালতের কাছে আমাদের সাবমিশন ছিল— এই মামলা দায়েরের এখতিয়ার বা ‘লোকাস স্ট্যান্ডি’ ওই ব্যক্তির নেই। কারণ তিনি আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী বা কোনো পর্যায়ের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি দলটিকে প্রতিনিধিত্ব করার কোনো অধিকার রাখেন না।’

তিনি আরও জানান, রিটকারীর আইনজীবী মোহাম্মদ ইউনুস আলীও আদালতে উপস্থিত থেকে স্বীকার করেছেন যে, রিটকারী সঠিক পরামর্শ পাননি। এরপর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রিটটি ‘নট ইন ফর্ম’ ও ‘নট প্রেসড’ হিসেবে খারিজ করে দেন।

আওয়ামীপন্হী আরেক আইনজীবী সুবির নন্দি দাস বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ‘আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বা দলীয় সভাপতি রয়েছেন। দলের কোনো নীতিগত সিদ্ধান্ত ছাড়া, হাজার হাজার আইনজীবী থাকতে বাইরের একজন ব্যক্তি কেন মামলা করবেন? আমরা বিষয়টি পজিটিভলি দেখিনি।’

সন্দেহ পোষণ করে তিনি বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, নিষিদ্ধকরণের কার্যক্রমকে আদালতের মাধ্যমে বৈধতা পাইয়ে দেওয়ার হীন উদ্দেশ্যেই যেনতেনভাবে মামলাটি ফাইল করা হয়েছিল। এটার মধ্যে বহু প্রতারণা রয়েছে। রিটকারীর আইনজীবীও পরে আমাদের বক্তব্যের সাথে একমত হয়েছেন।’

এই আদেশের বিরুদ্ধে দলের পক্ষ থেকে নতুন করে কোনো রিট করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে সুবির নন্দি দাস বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে। এটি একটি রাজনৈতিক ব্যাপার। আওয়ামী লীগ এটি রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করবে। আমরা এটি নিয়ে এখনই কোর্টে যেতে চাই না। এমন কোনো চিন্তাও আপাতত নেই।’

একই মত আরেক আইনজীবী তৌহিদ তিতাসেরও। তিনি বলেন, ‘এই রিট করার জন্য আওয়ামী লীগ থেকে দলীয় কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং যে ব্যক্তি রিটটি করেছেন তিনি রিট করার সঠিক ব্যক্তি নন। ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর কোনো রিট ফাইল না করতে পারে- সেই দুরভিসন্ধি বাস্তবায়ন করতেই বেনামি ব্যক্তিকে পিটিশনার বানিয়ে করা হয়েছে।’

তৌহিদ তিতাস মনে করেন, এটি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার একটি ‘বিচারিক ষড়যন্ত্র’। তার মতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ দল হিসেবে রাজপথে লড়াই করেই প্রত্যাহার করবে তারা।

তবে ‘রিটটি দায়ের করার জন্য রিটকারী উপযুক্ত ব্যক্তি নয়’ রিট প্রত্যাহারে এই দাবি ছাড়া অন্য কিছু দেখাতে পারেননি তারা। এটিই রিট প্রত্যাহারে তাদের প্রধান আর্গুমেন্ট ছিলো বলে জানান আওয়ামীপন্থী আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের বক্তব্য
শুনানির বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি বলেন, “আমাদের বক্তব্য ছিল, উনারা যদি রিটটি চালাতে চান, তবে আমরা আমাদের সাবমিশন রাখব, যার জন্য সময়ের প্রয়োজন। কিন্তু রিটকারীর পক্ষ থেকেই যখন বলা হলো যে আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় (প্রপার ম্যানারে) ফাইল করা হয়নি এবং তারা এটি চালাবেন না, তখন আদালত স্বাভাবিকভাবেই সেটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন।”

প্রজ্ঞাপনে যা ছিল
এর আগে গত ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

অসময়ের তরমুজে ভাগ্য বদল আতিয়ারের, আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
অসময়ের তরমুজে ভাগ্য বদল আতিয়ারের, আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের

দিনাজপুরের হিলিতে মাচায় অসময়ের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক আতিয়ার রহমান। প্রথমবার ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে ইতোমধ্যে লাখপতি হয়েছেন তিনি। খরচ বাদ দিয়ে আরও ভালো লাভের আশা করছেন এই কৃষক। তার সাফল্য দেখে স্থানীয় অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সরেজমিনে দেখা যায়, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষক আতিয়ার রহমান স্থানীয় কৃষি অফিসের প্রদর্শনী হিসেবে ৪০ শতাংশ জমিতে মাচায় তরমুজ চাষ করেছেন। উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনীয় ‘বেঙ্গল টাইগার’ জাতের তরমুজ চাষ করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে ভালো ফলন এসেছে। তরমুজ পাকতে শুরু করায় ইতোমধ্যে বাজারজাতও করছেন তিনি।

কৃষক আতিয়ার রহমান জানান, বীজ রোপণ থেকে শুরু করে তরমুজ সংগ্রহ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বর্তমানে তিনি প্রতি মণ তরমুজ ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। প্রথম চালানেই ১ লাখ ২৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। জমিতে এখনো অনেক তরমুজ রয়েছে। সব মিলিয়ে বিক্রি দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও জানান, ধানের তুলনায় তরমুজ চাষে লাভ বেশি। তাই আগামীতে আরও বড় পরিসরে তরমুজ চাষ করার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় কয়েকজন যুবক জানান, আতিয়ারের তরমুজের জমিতে কাজ করে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। তার সাফল্য দেখে গ্রামের আরও অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, মাচায় তরমুজ চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। অসময়ের ফল হওয়ায় এ চাষে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদাও পূরণ হবে। বর্তমানে হিলিতে প্রায় ৩ হেক্টর জমিতে মাচায় তরমুজ চাষ হয়েছে। লাভজনক হওয়ায় আগামীতে এ আবাদ আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস, বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস, বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে কয়েক ধাপে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে বর্ষার শেষ পর্যায়ের এই বৃষ্টির পর দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শিশুদের উষ্ণ অভ্যর্থনায় শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
শিশুদের উষ্ণ অভ্যর্থনায় শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেয়।

পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী অন্যান্য অতিথির সঙ্গে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সুবর্ণজয়ন্তীর বিশেষ আয়োজনে শিশুদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ‘শৈশব’ শীর্ষক একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন।

কর্মসূচি অনুযায়ী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত আধুনিক সোলার প্যানেল ও সাব-স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি