খুঁজুন
                               
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩
           

পারস্পরিক সম্পর্কোন্নয়নে বাংলাদেশ-অষ্ট্রেলিয়া ফুটবল ম্যাচ, মাঠের লড়াইয়ে জিতলো সেনাবাহিনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ
পারস্পরিক সম্পর্কোন্নয়নে বাংলাদেশ-অষ্ট্রেলিয়া ফুটবল ম্যাচ, মাঠের লড়াইয়ে জিতলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করতে নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার’। এরই ধারাবাহিকতায় এবার প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স। মাঠের লড়াইয়ে একক আধিপত্য বজায় রেখে ৫-০ গোলে ম্যাচটি জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীস্থ আর্মি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এমন প্রীতি ফুটবল ম্যাচ দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার এইচ ই জেরেমি ব্রুআর ছাড়াও বাংলাদেশ সফরত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরাও উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

নেইমার কত মিনিট খেলবে, জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
নেইমার কত মিনিট খেলবে, জানালেন আনচেলত্তি

সবঠিক থাকলে প্রায় ৩ বছর পর ব্রাজিলে জার্সি পরে ভোরে মাঠে নামবেন নেইমার জুনিয়র। হাইতি ম্যাচের পর এই কথা আগেই নিশ্চিত করেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে আলোচনা চলছে কতক্ষণ মাঠে থাকবেন এই তারকা ফুটবলার।

স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন ছুটে যায় আনচেলত্তির কাছেও। জবাবে তিনি, সে ৯০ মিনিটও খেলতে পারে। ভালো অবস্থায় আছে, খুব কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনও ভালো হয়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।

নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় সর্বশেষ চোটে পড়েন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের ম্যাচে চোটে পড়ার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। তবে অবশেষে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি।

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টির কথাই শুনিয়েছেন আনচেলত্তি, নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে, ম্যাচের জন্যও ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে তাকে। প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই তার ফেরার মঞ্চ প্রস্তুত।

কালের আলো/এসএকে

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতে জাতীয় নীতি কাঠামো করছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতে জাতীয় নীতি কাঠামো করছে ইউজিসি

দেশের উচ্চ শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি জাতীয় নীতি কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ কাঠামোর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ সহজ হবে।

বুধবার (২৪ জুন) ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত অগ্রগতি হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ও ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেস মুকুপা এ জাতীয় নীতি কাঠামো তৈরিতে সহযোগিতা করছেন। নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনার জন্য ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়াল ডিগ্রি, জয়েন্ট ডিগ্রি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারিত হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উচ্চশিক্ষা পরিবেশ গড়ে তোলাও এর উদ্দেশ্য।

নীতিমালার আওতায় ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনাও রয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর অংশীদার বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানের পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বৈঠকে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন, আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান, পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক সাকিব এরশাদ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসানসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: সংসদে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: সংসদে অর্থমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে মনোনয়ন চূড়ান্ত, দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সংসদে মোস্তাফিজুর রহমান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর এবং সচল করতে আপনার (অর্থমন্ত্রী) মন্ত্রণালয়ের কী কী পরিকল্পনা রয়েছে।

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। এরই মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তাছাড়া পর্ষদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ এ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণ, আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণ, কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগ প্রভৃতি প্রক্রিয়া চলমান রয়েছে। এসব সম্পন্ন করার মাধ্যমে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালু করা সম্ভব হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ