খুঁজুন
                               
, ,
           

মির্জাপুর ক্যাডেট কলেজের পুনর্মিলনে স্মৃতির সন্তরণ, দেশসেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
মির্জাপুর ক্যাডেট কলেজের পুনর্মিলনে স্মৃতির সন্তরণ, দেশসেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

মির্জাপুর ক্যাডেট কলেজের সবুজ ক্যাম্পাসে রূপময় নিসর্গ ছুঁয়েছে বসন্ত। যান্ত্রিকতার কোলাহলমুখর অতি কর্মব্যস্ত জীবনে ঋতুরাজের দোলায় ভেসে সবাই ছুটে এসেছেন নিজের প্রিয় ক্যাম্পাসে, নাড়ির টান আর বন্ধুদের ভালোবাসার টানে। দূর থেকে নাম ধরে ডাক দিচ্ছেন একজন আরেকজনকে। পেছন ফিরে তাকাতেই হাসিতে ঝলমল একেকজনের মুখ। যে বা যারা নাম ধরে ডাকলো যে-সেও পুরোনো আলিঙ্গন পেতে দুহাত প্রসারিত করে উন্মুখ হয়ে দাঁড়িয়ে। কাছাকাছি হতেই একে অপরকে জড়িয়ে ভুলে যায় প্রিয় বন্ধুর দীর্ঘদিনের না পাওয়া উষ্ণ আলিঙ্গন সুখ। খোঁজ নিয়েছেন বর্তমান হালহকিকতের।

সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘মির্জাপুর এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’ (মেকা) আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে এমন দৃশ্যের অবতারণা ঘটে একবার-প্রতিবার। চোখের কোনে আনন্দ অশ্রু নিয়ে দীর্ঘদিনের সঙ্গী ও পুরোনো বন্ধুকে পেয়ে সবাই মেতেছেন খোশগল্পে। হাসি-ঠাট্টা, স্মৃতিচারণ, আড্ডা, বাড়তি বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনায়। ক্যাডেট কলেজ প্রাঙ্গণ জুড়ে ছিলো বন্ধুদের দেখা পেয়ে আবেগ-অনুভুতি সমৃদ্ধ বাক্যের ছড়াছড়ি। দুরন্ত সময়কার সোনালী স্মৃতিগুলোই আজীবনের জমানো সুখ।

মির্জাপুর এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’ (মেকা) আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনটি হয়ে ওঠে অনাবিল আনন্দে মুখর। টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের মাঠ পরিপূর্ণ হয়ে উঠে অধ্যয়নরত-পুরোনোদের মিলনমেলায়। সঙ্গে ছিলেন তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের ‘মধ্যমণি’ প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতির মধ্যে দিয়ে যোগ হয় বাড়তি মাত্রা। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। খোলা জিপে বর্তমান ও পুরোনো শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ। এখান থেকে সবাই ভালো মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে বেরিয়ে যান।’ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা, নৈতিকতা ধরে রাখা এবং নিজেদের মধ্যে দেশপ্রেমের স্পৃহা বজায় রাখার মাধ্যমে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।

এর আগে সেনাপ্রধান ক্যাডেট কলেজে এসে পৌঁছালে নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সলসহ অন্যরা তাকে স্বাগত জানান। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মাসুদুর রহমানসহ মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী মানেই এক অন্যরকম উত্তেজনা যেখানে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি ও আনন্দ। তারুণ্যদীপ্ত অতীতের সোনালি দিনগুলোতে ফিরে যান প্রত্যেকে। অগ্রজদের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন অনুজরা। আড্ডায়-গল্পে সোনালি দিনের স্মৃতি রোমন্থনে সময় পার করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। কালের আলো’র সঙ্গে আনন্দোচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আজ খুব ভালো লাগছে, এতোদিন পরে সবাইকে একসঙ্গে পেয়ে। স্মৃতিতে ভাসছে সেই পুরোনো অতীত, ক্যাডেট জীবনের সেই দিনগুলির কথা। সুযোগ হয়েছে পরস্পরের মধ্যে এই মেলবন্ধনের।’

প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘মির্জাপুর এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’ (মেকা) আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিন শনিবার (২২ ফেব্রুয়ারি)। বিদায় নিতে নিতে যেন সবার হৃদয়ে হৃদয়ে নীরবে বাজবে সেই গান ‘দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে/দেখা হবে, বন্ধু চাঁপা কোনো অভিমানে…।’

কালের আলো/এমএএএমকে

শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছে Meta Platforms। যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় যেতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

মামলার কেন্দ্রে ছিল-১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হয়েছে এবং ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল কি না।

তবে সমঝোতায় রাজি হলেও কোনো অন্যায় করার কথা স্বীকার করেনি মেটা।

মামলার পেছনে কী অভিযোগ?

প্রায় ৩০ বছর পুরোনো মার্কিন শিশু অনলাইন গোপনীয়তা আইনের আওতায় মামলাটি করা হয়। অভিযোগ ছিল, শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে মেটার নীতিমালা ও কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

মামলার শুনানি শুরু হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় সমঝোতার সিদ্ধান্ত আসে। মেটার প্রধান নির্বাহী Mark Zuckerberg সাক্ষ্য দেওয়ার আগেই বিচার কার্যক্রম শেষ হয়ে যায়।

মামলায় সাবেক মেটা কর্মী ও হুইসেলব্লোয়ার আর্তুরো বেজার দাবি করেন, তিনি শিশুদের অনলাইন ক্ষতির বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, এরপরও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।

কিশোরদের জন্য নতুন নিয়ম

সমঝোতার অংশ হিসেবে কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছে মেটা।

নতুন ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে—

  • দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার;
  • রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ;
  • স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ;
  • কিশোরদের পোস্টে কে লাইক দিয়েছে, তা অন্যদের দেখানো হবে না;
  • শিশু ও কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করতে নতুন ব্যবস্থা চালু করা হবে।

তবে মেসেজ আদান-প্রদানের সময় দৈনিক দুই ঘণ্টার ব্যবহারের হিসাবের মধ্যে ধরা হবে না।

মেটা জানিয়েছে, বেশিরভাগ নতুন নিয়ম আগামী ছয় মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারীর বয়স শনাক্ত করার নতুন ব্যবস্থা চালু করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

শুধু মেটা নয়, চাপ বাড়তে পারে অন্য প্ল্যাটফর্মেও

শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে এই আইনি লড়াই প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বাড়তে থাকা চাপের একটি বড় উদাহরণ।

মেটার পাশাপাশি TikTok ও Snap Inc.-এর মতো প্ল্যাটফর্মগুলোর ওপরও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার চাপ বাড়তে পারে।

বিশেষ করে শিশুদের বয়স যাচাই, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, নোটিফিকেশন নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি কমানো এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এক ট্রিলিয়ন ডলারের ঝুঁকিও ছিল

মেটা মামলায় হেরে গেলে সম্ভাব্য জরিমানার অঙ্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। কিছু হিসাব অনুযায়ী, সর্বোচ্চ জরিমানা এক ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারত।

সেই তুলনায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা মেটার জন্য বড় অঙ্ক হলেও সম্ভাব্য সর্বোচ্চ আইনি ক্ষতির তুলনায় অনেক কম।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—নতুন নিয়মগুলো বাস্তবে কতটা কার্যকর হবে?

সাবেক ইনস্টাগ্রাম কর্মী আর্তুরো বেজারের মতে, শুধু নতুন নিয়ম চালু করাই যথেষ্ট নয়। এসব ব্যবস্থায় শিশু-কিশোরদের অনলাইন অভিজ্ঞতা সত্যিই নিরাপদ হচ্ছে কি না, সেটিও নিয়মিতভাবে যাচাই করা প্রয়োজন।

কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের নিরাপত্তার প্রশ্নটি শুধু কতক্ষণ তারা অনলাইনে থাকছে-এতটুকুতে সীমাবদ্ধ নয়। তারা কী ধরনের কনটেন্ট দেখছে, কার সঙ্গে যোগাযোগ করছে, তাদের তথ্য কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং প্ল্যাটফর্মের অ্যালগরিদম তাদের ওপর কী প্রভাব ফেলছে-এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসএ

আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, পিএসজির হ্যাটট্রিক অভিযানের শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, পিএসজির হ্যাটট্রিক অভিযানের শুরু

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন ৩৬ দলের কাঠামোয় টানা দুই মৌসুমই শিরোপা জিতেছে ফরাসি ক্লাব Paris Saint-Germain (পিএসজি)। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আগামী মাসে অভিযান শুরু করবে লুইস এনরিকের দল। তবে নতুন মৌসুমের ডামাডোল শুরু হয়ে গেছে এরই মধ্যে। বাছাইপর্বের প্লে-অফ শেষ হয়েছে গতকাল রাতে। আজ অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে এই ড্র। গত দুই মৌসুমের মতো এবারও আলাদা কোনো গ্রুপ থাকবে না। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। কোন দলের বিপক্ষে খেলবে এবং কোন ম্যাচটি ঘরের মাঠে, কোনটি প্রতিপক্ষের মাঠে হবে—ড্রয়ের মাধ্যমে তা নির্ধারিত হবে।

ক্লাবগুলোকে উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে ভাগ করা হবে।

যেভাবে হবে ড্র

প্রথমে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষ সফটওয়্যার তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে ওই দলের আট প্রতিপক্ষ এবং কোন দলের বিপক্ষে ঘরের মাঠে ও কোন দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে।

এভাবে প্রথম পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণের পর দ্বিতীয় পট, তৃতীয় পট এবং সবশেষে চতুর্থ পটের দলগুলোর ড্র সম্পন্ন হবে।

প্রতিটি দল চারটি পট থেকেই দুটি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের দুটি ক্লাব একে অপরের বিপক্ষে খেলতে পারবে না। একই সঙ্গে একটি দল সর্বোচ্চ দুটি ভিন্ন দেশের ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।

সরাসরি সুযোগ পেয়েছে ২৯ ক্লাব

ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি ক্লাব সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে। বাকি সাতটি দল এসেছে বাছাইপর্ব পেরিয়ে।

ইংল্যান্ড

আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

স্পেন

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস।

ইতালি

ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো।

জার্মানি

বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।

ফ্রান্স

পিএসজি, লাঁস ও লিল।

পর্তুগাল

পোর্তো ও স্পোর্তিং সিপি।

নেদারল্যান্ডস

পিএসভি ও ফেইনুর্ড।

অন্যান্য

বেলজিয়ামের ব্রুগা, তুরস্কের গালাতাসারাই, ইউক্রেনের শাখতার এবং চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগ।

প্লে-অফ পেরিয়ে আসা সাত দল

বাছাইপর্বের প্লে-অফ শেষে লিগ পর্বের টিকিট পেয়েছে সাবাহ (আজারবাইজান), বোডো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস) অথবা লেভস্কি সোফিয়া (বুলগেরিয়া), ভাইকিং (নরওয়ে) অথবা দিনামো জাগরেব (ক্রোয়েশিয়া), সেলিয়ে (স্লোভেনিয়া) অথবা স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) এবং লিওঁ (ফ্রান্স) অথবা ফেনেরবাচে (তুরস্ক)।

কোন ক্লাব কোন পটে থাকবে, সেটি বাংলাদেশ সময় আজ দুপুরে কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে। এরপর রাতের ড্রতেই পরিষ্কার হবে ইউরোপসেরা হওয়ার পথে কার সামনে কোন আট প্রতিপক্ষ।

কালের আলো/এসএ

গান-কবিতার বাইরে চলচ্চিত্রেও নজরুল ছিলেন বহুমুখী এক স্রষ্টা

শিল্প সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
গান-কবিতার বাইরে চলচ্চিত্রেও নজরুল ছিলেন বহুমুখী এক স্রষ্টা

‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য’—কাজী নজরুল ইসলামের এই বহুল উচ্চারিত পঙ্‌ক্তি যেন তাঁর সমগ্র শিল্পীসত্তারই প্রতিচ্ছবি। এক হাতে প্রেম, সৌন্দর্য ও মানবতার বাঁশি; অন্য হাতে অন্যায়, শোষণ ও অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহের তূর্য।

বাংলার জাতীয় কবি হিসেবে নজরুলকে আমরা প্রধানত কবি ও গীতিকার হিসেবেই চিনি। কিন্তু তাঁর সৃষ্টিশীলতার পরিধি ছিল আরও অনেক বিস্তৃত। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, সাংবাদিকতার পাশাপাশি চলচ্চিত্রেও তিনি ছিলেন এক অসাধারণ বহুমুখী শিল্পী।

চলচ্চিত্রে তিনি কখনো অভিনেতা, কখনো পরিচালক, কখনো কাহিনিকার ও চিত্রনাট্যকার, আবার কখনো গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। এমনকি শিল্পীদের গান শেখানো, উচ্চারণ ঠিক করা এবং অভিনয়ের প্রস্তুতিতেও সক্রিয়ভাবে যুক্ত থাকতেন। গবেষণাভিত্তিক বিভিন্ন তালিকায় দেখা যায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০–২১টি চলচ্চিত্রের সঙ্গে নজরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

চলচ্চিত্রে নজরুলের প্রবেশ: শুধু গান নয়, সবকিছুতেই

ত্রিশের দশকে কলকাতার চলচ্চিত্রজগৎ তখন সবাক সিনেমার নতুন যুগে প্রবেশ করছে। এই সময় পার্সি মালিকানাধীন ম্যাডান থিয়েটার্সে নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হন। ‘সুর ভাণ্ডারী’ বা ‘সুর ভাঙারি’ হিসেবে তাঁর কাজের মধ্যে ছিল চলচ্চিত্রের শিল্পীদের গান শেখানো, সুর ও উচ্চারণ ঠিক করা এবং প্রয়োজন অনুযায়ী গান ও সংগীত নিয়ে কাজ করা।

অর্থাৎ, চলচ্চিত্রে নজরুলের ভূমিকা শুরু থেকেই কেবল ‘গান লিখে দেওয়া’র মধ্যে সীমাবদ্ধ ছিল না। একটি সিনেমার দৃশ্য, চরিত্র, সংলাপ, গান ও অভিনয়—সবকিছুর সমন্বিত শিল্পরূপ নিয়ে তিনি ভাবতেন।

ম্যাডান থিয়েটার্সের সঙ্গে তাঁর সম্পৃক্ততার সময় ‘জ্যোৎস্নার রাত’, ‘প্রহ্লাদ’, ‘ঋষির প্রেম’, ‘বিষ্ণুমায়া’, ‘চিরকুমারী’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘কলঙ্ক ভঞ্জন’, ‘রাধাকৃষ্ণ’ ও ‘জয়দেব’-এর মতো চলচ্চিত্রের সঙ্গেও তাঁর যোগাযোগের উল্লেখ পাওয়া যায়।

‘ধ্রুব’: একই সিনেমায় অভিনেতা, পরিচালক ও সুরকার

নজরুলের চলচ্চিত্রজীবনের সবচেয়ে ঐতিহাসিক অধ্যায়গুলোর একটি ‘ধ্রুব’। গিরিশচন্দ্র ঘোষের ‘ধ্রুব চরিত’ অবলম্বনে নির্মিত এই পৌরাণিক চলচ্চিত্রটি ১৯৩৪ সালের ১ জানুয়ারি মুক্তি পায়। বেঙ্গল ফিল্ম আর্কাইভের তথ্য অনুযায়ী, ছবিটির পরিচালনায় ছিলেন সত্যেন্দ্রনাথ দে ও কাজী নজরুল ইসলাম, প্রযোজনা করেছিল পাইওনিয়ার ফিল্মস এবং সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন নজরুল।

এই সিনেমায় নজরুল নিজেই অভিনয় করেন দেবর্ষি নারদ চরিত্রে।

আর এখানেই তাঁর অভিনবত্ব।

পুরাণের নারদকে সাধারণত জটাধারী, দীর্ঘ দাড়ি-গোঁফওয়ালা বয়স্ক ঋষি হিসেবে দেখানো হলেও নজরুলের নারদ ছিলেন তরুণ, সুদর্শন ও প্রাণবন্ত। মাথায় ঝাঁকড়া চুল, গলায় মালা, পরনে লম্বা পোশাক—পর্দায় তাঁর উপস্থিতি সে সময় দর্শকের কাছে ছিল বেশ ব্যতিক্রমী।

তাঁর এই রূপ নিয়ে সমালোচনাও হয়েছিল। কিন্তু নজরুল নিজের শিল্পীসত্তার ব্যাখ্যায় অনড় ছিলেন—তিনি নারদের ‘চিরতরুণ ও চিরসুন্দর’ রূপ তুলে ধরতে চেয়েছিলেন।

‘ধ্রুব’-এর সবচেয়ে বিস্ময়কর তথ্য

‘ধ্রুব’ শুধু নজরুলের অভিনয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়; সংগীতের দিক থেকেও এটি অসাধারণ।

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ছবিটির ১৮টি গানের মধ্যে ১৭টি গানই নজরুল রচনা ও সুর করেন। তিনি নিজেও ছবিতে গান করেন।

অর্থাৎ একই চলচ্চিত্রে তিনি ছিলেন—

পরিচালক + অভিনেতা + গীতিকার + সুরকার + সংগীত পরিচালক + কণ্ঠশিল্পী।

বাংলা চলচ্চিত্রের শুরুর যুগে একজন শিল্পীর এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব একই সঙ্গে পালন করা নিঃসন্দেহে নজরুলের অসাধারণ বহুমুখী প্রতিভার প্রমাণ।

‘ধূপছায়া’: ক্যামেরার পেছনে নজরুল

‘ধ্রুব’-এর পাশাপাশি নজরুল নিজে ‘ধূপছায়া’ চলচ্চিত্র পরিচালনা করেন। এই ছবিতে তিনি দেবতা বিষ্ণুর চরিত্রেও অভিনয় করেন। বিভিন্ন গবেষণামূলক সূত্রে ‘ধূপছায়া’কে নজরুলের পরিচালিত চলচ্চিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

চলচ্চিত্র গবেষকদের একাংশের মতে, নজরুলই ছিলেন প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্র পরিচালক। ফলে তাঁর চলচ্চিত্র পরিচালনার ইতিহাস শুধু নজরুল-গবেষণার জন্য নয়, ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ।

প্রথম সবাক যুগেও নজরুল

বাংলা চলচ্চিত্র যখন সবাক যুগে প্রবেশ করছে, তখনও নজরুল সক্রিয়ভাবে কাজ করেছেন।

১৯৩১ সালে অমর চৌধুরী পরিচালিত ‘জামাইষষ্ঠী’ চলচ্চিত্রে তিনি সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। একই সময়ে ‘জলসা’ চলচ্চিত্রে নিজের গান গাওয়ার পাশাপাশি ‘নারী’ কবিতা আবৃত্তি করেন।

অর্থাৎ চলচ্চিত্রে শব্দের ব্যবহার যখন একেবারে নতুন সম্ভাবনা তৈরি করছে, তখন নজরুল সাহিত্য ও সংগীতের অভিজ্ঞতাকে সিনেমার নতুন ভাষার সঙ্গে মিলিয়ে দিচ্ছিলেন।

‘পাতালপুরী’: বাস্তব জীবন থেকে সিনেমার গান

১৯৩৫ সালের ‘পাতালপুরী চলচ্চিত্রে সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেন নজরুল। ছবির বিষয় ছিল কয়লাখনি অঞ্চলের শ্রমিক ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম।

নজরুলের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল—কোনো বিষয় নিয়ে কাজ করলে তিনি সেটিকে দূর থেকে কল্পনা করে থেমে থাকতেন না। বাস্তবতা বোঝার চেষ্টা করতেন।

‘পাতালপুরী’র ক্ষেত্রেও কয়লাখনি অঞ্চলের জীবন সম্পর্কে জানতে তিনি সেখানে গিয়েছিলেন। স্থানীয় লোকসংগীতের আবহ, বিশেষ করে ঝুমুরের সুর, তাঁর সৃষ্টিতে জায়গা করে নেয়।

এই প্রবণতা থেকেই বোঝা যায়, নজরুলের চলচ্চিত্রসংগীত ছিল কেবল স্টুডিওনির্ভর নয়; তিনি পরিবেশ, মানুষ ও জীবন থেকে সংগীতের উপাদান সংগ্রহ করতেন।

‘গ্রহের ফের’, ‘গৃহদাহ’ থেকে ‘বিদ্যাপতি’

চলচ্চিত্রে নজরুলের কাজের পরিধি দ্রুত বাড়তে থাকে।

‘গৃহদাহ’-এ তিনি সুরকার হিসেবে যুক্ত ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের সংগীতের সঙ্গে রাইচাঁদ বড়ালও যুক্ত ছিলেন।

১৯৩৭ সালের ‘গ্রহের ফের’-এও নজরুল সংগীত পরিচালক ও সুরকার হিসেবে কাজ করেন।

কিন্তু একই সময়ের ‘বিদ্যাপতি’ তাঁর চলচ্চিত্রজীবনের আরেকটি বড় অধ্যায়।

‘বিদ্যাপতি’: সাহিত্য, ইতিহাস ও সংগীতের মেলবন্ধন

মধ্যযুগের মৈথিলি কবি বিদ্যাপতির জীবন ও কিংবদন্তিকে কেন্দ্র করে দেবকী বসুর পরিচালনায় নির্মিত হয় ‘বিদ্যাপতি’।

ফিল্ম আর্কাইভের তথ্য অনুযায়ী, ছবিটির গল্পের সঙ্গে কাজী নজরুল ইসলামের নাম যুক্ত; চিত্রনাট্য/স্ক্রিনপ্লেতে দেবকী বসুর সঙ্গে তাঁরও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

ছবিটিতে অভিনয় করেন পাহাড়ি সান্যাল, কানন দেবী, ছায়া দেবী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়সহ সে সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীরা। ছবিটি বাংলা ও হিন্দি-দুই ভাষাতেই নির্মিত হয়।

‘বিদ্যাপতি’র সবচেয়ে বড় শক্তি ছিল কবিতা ও সংগীতকে গল্প বলার অংশ করে তোলা। বিদ্যাপতির পদাবলির আবেগ, প্রেম ও ভক্তিকে চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে নজরুলের সাহিত্যিক ও সংগীতবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলা সংস্করণ সফল হওয়ার পর হিন্দি সংস্করণও নির্মিত হয়। ফলে নজরুলের সৃষ্টিশীলতা বাংলা ভাষার গণ্ডি পেরিয়ে বৃহত্তর ভারতীয় চলচ্চিত্রের দর্শকের কাছেও পৌঁছে যায়।

‘গোরা’: রবীন্দ্রনাথের গান নিয়ে নজরুলের ঐতিহাসিক ভূমিকা

১৯৩৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গোরা’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পান নজরুল।

এখানে ঘটে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনা।

ছবিতে রবীন্দ্রসংগীত ব্যবহারের ধরন নিয়ে আপত্তি উঠলে নজরুল সরাসরি রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ করেন। কবিগুরু তাঁকে সমর্থন করেন এবং তাঁর গান ব্যবহারের ক্ষেত্রে নজরুলের সংগীতবোধের ওপর আস্থা রাখেন।

এই ঘটনা শুধু নজরুল ও রবীন্দ্রনাথের পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ নয়; বাংলা সংস্কৃতির দুই প্রধান স্রষ্টার মধ্যে সৃজনশীল স্বাধীনতা ও পারস্পরিক আস্থার এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও এটি স্মরণীয়।

‘সাপুড়ে’: গবেষণা করে সিনেমার গল্প

১৯৩৯ সালের ‘সাপুড়ে’ নজরুলের চলচ্চিত্রজীবনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ছবিটির গল্পের সঙ্গে নজরুলের নাম যুক্ত এবং পরিচালনা করেন দেবকী বসু। বেঙ্গল ফিল্ম আর্কাইভও ছবিটির গল্পের কৃতিত্ব নজরুলকে দিয়েছে।

এই ছবির জন্য নজরুল বেদে সম্প্রদায়ের জীবন সম্পর্কে কাছ থেকে জানতে চেয়েছিলেন। এজন্য তিনি কিছু সময় বেদে দলের সঙ্গে থেকেছেন—এমন তথ্য বিভিন্ন জীবনী ও চলচ্চিত্রবিষয়ক লেখায় পাওয়া যায়।

এখানেও তাঁর কাজের ধরনটি লক্ষ করার মতো।

তিনি আগে জীবনকে দেখেছেন, তারপর সেটিকে শিল্পে রূপ দিয়েছেন।

‘মদিনা’: অসুস্থতার কারণে থেমে গেল এক অসমাপ্ত স্বপ্ন

চলচ্চিত্রে নজরুলের সবচেয়ে দুঃখজনক অধ্যায়গুলোর একটি ‘মদিনা

১৯৪১-৪২ সালের দিকে এই চলচ্চিত্রের চিত্রনাট্য, গান, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ছবিটির জন্য প্রায় ১৫টি গান লেখার কথাও জানা যায়।

কিন্তু ১৯৪২ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নজরুল। তাঁর অসুস্থতার কারণে ‘মদিনা’ আর মুক্তির আলো দেখতে পারেনি।

এ যেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হারিয়ে যাওয়া একটি সম্ভাবনা—নজরুলের পূর্ণাঙ্গ চলচ্চিত্র-স্বপ্নের একটি অসমাপ্ত অধ্যায়।

‘চৌরঙ্গী’ ও ‘দিলরুবা’

১৯৪২ সালে ‘চৌরঙ্গী’ চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেন নজরুল। পরবর্তী হিন্দি সংস্করণের জন্যও তাঁর লেখা গান ব্যবহৃত হয়।

‘দিলরুবা’ চলচ্চিত্রের সঙ্গেও গীতিকার ও সুরকার হিসেবে তাঁর সম্পৃক্ততার উল্লেখ পাওয়া যায়।

এ সময়ের কাজগুলো দেখলে বোঝা যায়, অসুস্থতার আগ পর্যন্ত চলচ্চিত্রের সঙ্গে নজরুলের সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছিল।

চলচ্চিত্র ব্যবসাতেও নজরুল

শুধু শিল্পী হিসেবে নয়, চলচ্চিত্রের প্রযোজনা ও ব্যবসার ক্ষেত্রেও নজরুল প্রবেশ করেছিলেন।

১৯৪১ সালে শেরেবাংলা এ কে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় তিনি ‘বেঙ্গল টাইগার্স পিকচার্স’ নামে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

এই উদ্যোগে তাঁর সঙ্গে ছিলেন আব্বাসউদ্দীন আহমদ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, হুমায়ূন কবীর, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ মোদাব্বেরসহ আরও অনেকে।

অর্থাৎ নজরুল শুধু সিনেমার সৃজনশীল দিক নয়, চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক কাঠামো নিয়েও ভাবছিলেন।

নজরুলের চলচ্চিত্রযাত্রা কতটা বিস্তৃত ছিল?

নজরুলের সঙ্গে যুক্ত চলচ্চিত্রের সঠিক সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। তবে বিভিন্ন গবেষণামূলক তালিকা মিলিয়ে দেখা যায়, তিনি প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন।

  • জলসা
  • ধূপছায়া
  • প্রহ্লাদ
  • বিষ্ণুমায়া
  • ধ্রুব
  • পাতালপুরী
  • গ্রহের ফের
  • বিদ্যাপতি (বাংলা ও হিন্দি)
  • গোরা
  • নন্দিনী
  • সাপুড়ে
  • সাপেড়া
  • চৌরঙ্গী
  • দিকশূল
  • অভিনয় নয়সহ আরও কিছু চলচ্চিত্র।

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৪৫ সাল পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্রে প্রায় ৫০টি নজরুলগীতি ব্যবহৃত হয়েছিল।

পর্দায় নজরুলের গান: মৃত্যুর পরও অমলিন

১৯৭৬ সালে নজরুলের জীবনাবসান হলেও চলচ্চিত্রে তাঁর উপস্থিতি শেষ হয়নি। বরং তাঁর গান ও সাহিত্যকর্ম পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের বারবার আকৃষ্ট করেছে।

‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে ‘পথহারা পাখি কেঁদে ফেরে একা’ এবং ‘জীবন থেকে নেয়া’-তে ‘কারার ঐ লৌহকপাট’-এর ব্যবহার দর্শকের মনে গভীর ছাপ ফেলে।

‘লায়লা-মজনু’সহ বিভিন্ন চলচ্চিত্রেও তাঁর গান ব্যবহৃত হয়েছে।

নজরুলের গান চলচ্চিত্রে শুধু ‘গান’ হিসেবে ব্যবহৃত হয়নি; অনেক সময় তা চরিত্রের আবেগ, দৃশ্যের নাটকীয়তা এবং গল্পের বক্তব্যকে আরও শক্তিশালী করেছে।

নজরুলের গল্প-উপন্যাসও উঠেছে বড় পর্দায়

শুধু গান নয়, তাঁর সাহিত্যও চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে।

২০০৬ সালে নজরুলের গল্প ‘মেহের নেগার’ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। মৌসুমী ও ফেরদৌস অভিনীত এই ছবিটি নজরুলের গল্পকে নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে দেয়।

এ ছাড়া তাঁর ‘রাক্ষসী’, ‘জ্বিনের বাদশাহ’, ‘মৃত্যুক্ষুধা’, ‘ব্যথার দান’ ও ‘পদ্মগোখরা’ অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়েছে।

শিশুদের জন্য তাঁর ‘লিচু-চোর’ ও ‘খুকী ও কাঠবেরালি’ অবলম্বনেও চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

হারিয়ে যাচ্ছে ‘ধ্রুব’-চলচ্চিত্র সংরক্ষণেও এক বড় ক্ষতি

নজরুলের চলচ্চিত্র-ঐতিহ্যের সবচেয়ে বেদনাদায়ক বিষয়গুলোর একটি হলো তাঁর পরিচালিত ঐতিহাসিক ‘ধ্রুব’-এর সংরক্ষণ।

মূল ছবিটি ছিল সাদা-কালো ৩৫ মিমি চলচ্চিত্র। বেঙ্গল ফিল্ম আর্কাইভের তথ্য অনুযায়ী, ছবিটি ১৯৩৪ সালের ১ জানুয়ারি মুক্তি পেয়েছিল।

পরবর্তী সময়ে চলচ্চিত্রটির মূল নেগেটিভ নষ্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ ছবি আর সহজলভ্য নেই; কেবল কিছু অংশ টিকে থাকার তথ্য পাওয়া যায়।

এটি শুধু নজরুল-গবেষকদের জন্য নয়, উপমহাদেশের চলচ্চিত্র-ইতিহাসের জন্যও বড় ক্ষতি। কারণ ‘ধ্রুব’ আমাদের জানায়—বাংলা চলচ্চিত্রের শুরুর যুগেই একজন কবি কীভাবে একই সঙ্গে পরিচালক, অভিনেতা ও সংগীতস্রষ্টার ভূমিকা পালন করেছিলেন।

কেন চলচ্চিত্রের নজরুল এত গুরুত্বপূর্ণ?

নজরুলের চলচ্চিত্রকর্মকে শুধু তাঁর জীবনের একটি ‘অতিরিক্ত অধ্যায়’ হিসেবে দেখলে ভুল হবে।

চলচ্চিত্রের মাধ্যমে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন—

প্রথমত, সাহিত্য ও সংগীতকে দৃশ্যশিল্পের সঙ্গে যুক্ত করেছিলেন।

দ্বিতীয়ত, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে শ্রমজীবী মানুষের জীবন—বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করেছিলেন।

তৃতীয়ত, লোকসংগীত ও স্থানীয় সংস্কৃতিকে চলচ্চিত্রের সংগীতে ব্যবহার করেছিলেন।

চতুর্থত, বাস্তব জীবন থেকে তথ্য সংগ্রহ করে গল্প ও সংগীত নির্মাণের চেষ্টা করেছিলেন।

পঞ্চমত, অভিনয়, পরিচালনা ও সংগীত—তিনটি ক্ষেত্রেই নিজেকে পরীক্ষা করেছিলেন।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি চলচ্চিত্রকে সাম্প্রদায়িক বিভাজনের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করেননি। একজন মুসলিম কবি হয়েও তিনি হিন্দু পৌরাণিক কাহিনিভিত্তিক ‘ধ্রুব’-তে নারদ চরিত্রে অভিনয় করেছেন, তার গান লিখেছেন ও সুর করেছেন। এই সাংস্কৃতিক সমন্বয় তাঁর সামগ্রিক মানবতাবাদী দর্শনেরই প্রতিফলন।

কবির পরিচয়ের বাইরে যে নজরুলকে আমরা কম দেখি

কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, প্রেমের কবি বলি, সাম্যের কবি বলি। তাঁকে গানের স্রষ্টা হিসেবেও জানি। কিন্তু চলচ্চিত্রের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, নজরুল ছিলেন আরও অনেক কিছু।

তিনি ছিলেন অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, কাহিনিকার, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রশিক্ষক এবং প্রযোজনা-উদ্যোক্তা।

আর তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য—তিনি কোনো একটি পরিচয়ে নিজেকে আটকে রাখেননি।

তাঁর অস্থিরতা ছিল সৃষ্টির অস্থিরতা। নতুন কিছু করার তাগিদ তাঁকে কখনো কবিতায়, কখনো গানে, কখনো মঞ্চে, আবার কখনো ক্যামেরার সামনে কিংবা পেছনে নিয়ে গেছে।

তাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নজরুলকে শুধু ‘চলচ্চিত্রের গীতিকার’ হিসেবে দেখলে তাঁর সৃষ্টিশীলতার বিশাল একটি অংশ অদেখাই থেকে যায়।

বরং তাঁকে দেখা উচিত বাংলা চলচ্চিত্রের শুরুর যুগের একজন বহুমুখী, নিরীক্ষাপ্রবণ ও আধুনিক চিন্তার শিল্পী হিসেবে—যিনি কবিতার শব্দ, গানের সুর, অভিনয়ের শরীর এবং ক্যামেরার ভাষাকে একই সৃষ্টিশীল জগতে মিলিয়ে দিতে চেয়েছিলেন।

নজরুলের বাঁশরী যেমন প্রেমের কথা বলেছে, তাঁর রণ-তূর্য যেমন বিদ্রোহের ডাক দিয়েছে—তেমনি তাঁর চলচ্চিত্রকর্মও বাংলা সংস্কৃতির বহুত্ব, পরীক্ষা-নিরীক্ষা ও সৃষ্টিশীল স্বাধীনতার এক অনন্য দলিল হয়ে আছে।

কালের আলো/এসএ