খুঁজুন
                               
, ,
           

‘ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
‘ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ’

জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে।

তেহরান প্রায় এক কোটি মানুষের শহর স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লিখেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি ‘শক্তিশালী লবির’ স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। শীর্ষ কর্মকর্তারা ‘গাজায় যা ঘটছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলতে অস্বীকার করছেন।

সাফা আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের চেষ্টায় তিনি ‘নিজের ও পরিবারের জন্য মৃত্যুর হুমকি’ পেয়েছেন। ইরানের পারমাণবিক হুমকির ‘ভুয়া প্রচারণা’ চালিয়ে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

জনগণকে ‘রাস্তায় নামার’ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একমাত্র জনগণই এটা ঠেকাতে পারবে।

উল্লেখ্য, সাফা ২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘের ইকোসকে বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

সাফার এই বক্তব্যের আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালক হানান বালখিও একটি সাক্ষাৎকারে একই কথা জানান। তিনি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছিলেন,‘সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা, এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যতটা প্রস্তুতি নিই না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই। এই অঞ্চলের জন্য এবং এটা ঘটলে বিশ্বের জন্য পরিণতি দশকের পর দশক ধরে থাকবে।

কালের আলো/এসএকে

হবিগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার মাদকসহ গরু জব্দ

হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার মাদকসহ গরু জব্দ

হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইস্কফ সিরাপ, শাড়ি ও গরু জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় সিন্দুরখান, মনতলা, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির টহলদল শনিবার ভোর ৫টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিন্দুরখান এলাকার সীমান্তবর্তী হুগলিয়া চা-বাগানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১২১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে চোরাকারবারিদের লুকিয়ে রাখা অবস্থায় ২৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ২টি ভারতীয় গরু জব্দ করে।

এর আগে, গত ২১ আগস্ট ৫৫ বিজিবির মনতলা বিওপির একটি টহলদল হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর ও কমলপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক, শাড়ি ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা এবং সামাজিকভাবে চোরাচালানের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

কালের আলো/আরডি/এমডিএইচ

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি

ভারতের ওডিশা প্রদেশ উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন ক্রু সদস্য নিয়ে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

এমভি ওশান উইনার নামে ওই কার্গো জাহাজটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে যাত্রা শুরু করে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটি ১৭০০ টন লোহার আকরিজক বহন করছিল বলে জানা গেছে। খবর এনডিটিভির।

জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চীনের ২০ জন, মিয়ানমারের ৩ জন এবং একজন বাংলাদেশি ছিলেন। এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে জানা গেছে।

শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে ওডিশার শ্রী বিজয়পুরামের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন এমন একটি বার্তা আসে যে, জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড ওই বার্তায় নৌযানটির অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তারও অনুরোধ করে।

ঘটনার পরপরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে। এরইমধ্যে সেখানে উদ্ধার তৎপরতায় দুটি জাহাজ যোগ দিয়েছে এবং আরও একটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে ডুবে যাওয়া জাহাজের দুইজনকে উদ্ধার করেছে সংশ্লিষ্ট উদ্ধারকারীরা।

কালের আলো/আরডি/এমডিএইচ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। নৌবাহিনীর ৮৭এ ব্যাচের এই কর্মকর্তা জ্যেষ্ঠতা ও মেধা—দুই তালিকাতেই প্রথম স্থান অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কর্মদক্ষতার পরিচয় রয়েছে। লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।

নৌবাহিনী প্রধান হওয়ার আগে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি উচ্চশিক্ষায়ও মিসবাহ উল আজীমের রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

শিক্ষাজীবনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ও অর্জন করেন মিসবাহ উল আজীম। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষাতেই তিনি সম্মিলিত মেধাতালিকায় স্থান অর্জন করেছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ