খুঁজুন
                               
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩
           

ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত

ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে যানজটের সম্ভাব্য ৯৪টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। ঈদের আগে ও পরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এসব এলাকায় বিশেষ নজরদারি ও মনিটরিং করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঈদের প্রস্তুতি নিয়ে সভার কার্যপত্রে এই তথ্য উঠে এসেছে।

যানজটের সম্ভাব্য ৯৪টি ঝুঁকিপূর্ণ স্পটগুলোর মধ্যে রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে ৭টি, ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ২৫টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭টি, ঢাকা-সিলেট মহাসড়কে ২১টি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি এবং ঢাকা-বরিশাল মহাসড়কে ১টি।

সোমবার (১১ মে) ঈদের প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সড়কমন্ত্রী বলেন, এবার বৃষ্টিপাতের সম্ভাবনাও ঈদযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বৃষ্টি হলে যানজট বাড়ে, পুলিশের তৎপরতা ব্যাহত হয় এবং সামগ্রিক ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হবে কোরবানির পশু পরিবহনের বাড়তি চাপ।

তিনি বলেন, গত ঈদে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছিল পোশাক খাতের (গার্মেন্টস) শ্রমিকদের একই দিনে বাড়ি ফেরাকে কেন্দ্র করে। বিজিএমইএর সঙ্গে তিন ধাপে ছুটি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও বাস্তবে তা কার্যকর করা যায়নি। ফলে গাজীপুর ও এর আশপাশের এলাকায় এক দিনেই ১০-১৫ লাখ মানুষ ঢাকা ছাড়ার চেষ্টা করে। অনেক যাত্রী বাস কাউন্টারে না গিয়ে সরাসরি সড়কে নেমে যানবাহনে ওঠার চেষ্টা করায় তীব্র যানজট, দুর্ঘটনার ঝুঁকি ও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো বিশৃঙ্খলা তৈরি হয়। এবারও ধাপে ধাপে ছুটি দিতে বলা হয়েছে।মহাসড়কের পাশে বা ওপরে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার ফেরিতে বাস ওঠানোর ক্ষেত্রে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফেরিতে ওঠার আগে ব্যারিকেড বসানো হচ্ছে, যাতে ফেরি পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত কোনো যানবাহন এগোতে না পারে। ফেরির পন্টুনেও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু করার পরিকল্পনার কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—২০-৩১ মে পর্যন্ত বিআরটিএ সদর কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ জন্য ১৯ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও ৫০ জন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদের আগে ও পরে গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালাবে এবং প্রয়োজনে অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ মহাসড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও চালকদের ডোপ টেস্ট করা হবে।

সংবাদ সম্মেলনে রেল এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির নেতা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

‘পুশইন’ বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
‘পুশইন’ বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’

মন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার নিবিড়ভাবে নজরদারি করছে। যেকোনো নিরাপত্তা-সংশ্লিষ্ট পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নেয়া হবে।

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজধানীসহ সারা দেশের কোরবানির পশুরহাটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’

চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা হয়রানির অভিযোগ জানাতে ১৬৬১৩ নম্বরে হটলাইনে ফোন দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য পুলিশ সদরদফতরে বিশেষ সেল গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন এই মনিটরিং সেল কার্যক্রম চালাবে।’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি কোরবানির পশুরহাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি হাট থাকবে।

তিনি বলেন, এসব হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সিসিটিভি নজরদারি, মোবাইল টহল ও গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে।

কালের আলো/এসআর/এএএন

রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে মিরপুর টেস্টে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে মিরপুর টেস্টে বাংলাদেশের জয়

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। আজ শেষ দিনে জয়ের জন্য শান মাসুদদের ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। তবে আব্দুল্লাহ ফজলের ব্যাটে প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। পাকিস্তানি এই ব্যাটার আউট হন ৬৬ রান করে। এরপর স্বাগতিক বোলারদের তোপের সামনে আর কোনো ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। জয়ের জন্য দিনের শেষ সেশনে লিটন দাসদের দরকার ছিল ৭ উইকেট। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামদের তোপের মুখে এই ৭ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ১৬৩ রানে অলআউট হওয়ায় ১০৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড বাংলাদেশের।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে ম্যাচে ২৬৭ রানের লিড নেয়। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড়ায়। প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে ইমাম-উল-হক মাত্র ২ রান করে ফিরে যান। লাঞ্চের সময় পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৬ রান।

লাঞ্চের পর বাংলাদেশের বোলাররা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। মেহেদী হাসান মিরাজ আজান আওয়াইসকে (১৫) ফিরিয়ে দেন। এরপর নাহিদ রানা অধিনায়ক শান মাসুদকে মাত্র ২ রানে সাজঘরে পাঠান। ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় সফরকারীরা।

চাপ সামলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আলী আঘা। সাধারণত নিচের দিকে ব্যাট করা সালমানকে এদিন পাঁচ নম্বরে পাঠানো হয়। দুজনেই স্পিনের বিপক্ষে দারুণ খেলে প্রতিরোধ গড়েন। আব্দুল্লাহ ফজল ফিফটি পূর্ণ করেন এবং সালমানও কার্যকরী ব্যাটিংয়ে এগিয়ে যান।

দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের ৩ উইকেটে ১১৬ রানের সংগ্রহ ছিল। তবে শেষ সেশনের শুরুতে ৬ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ৩২.৫ ওভারে আউট হন ফজল। তাইজুলের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে বিদায় নিতে হয় তাকে। এরপর ৩৩ তম ওভারের চতুর্থ বলে তাসকিনের বলে সাদমানকে ক্যাচ দিয়ে আউট হন সালমান।

সালমান ফেরার পর সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান। তবে এ দুজনের চেষ্টা সফল হয়নি। ৩১ রানের জুটি গড়ার পর নাহিদ রানার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরের পথ ধরতে হয় শাকিলকে। এরপর রিজওয়ানও ফিরেন রানার বলে বোল্ড হয়ে। এ দুজনের পর পাকিস্তানের বাকি ব্যাটারদের কেউই আর টাইগার বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত দলীয় ১৬৩ রানেই অলআউট হয় পাকিস্তান। এতে ১০৪ রানের জয়ে সিরিজে ১-০ লিড নিয়েছে টাইগাররা।

কালের আলো/এসআর/এএএন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে : ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে : ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আমরা নানা ধরনের ঘটনা দেখছি। এসব বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলেন তারেক রহমান। আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান।

সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি।

কর্মশালায় অংশ নেওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং আমাদের যে রিডিং রুমগুলো আছে, সেগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন এখানকার পরিবেশ, শিক্ষার্থী জীবন এবং দেশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছি।

তিনি বলেন, ‘আমি গতকালও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একটা কথা বলেছি, আপনারা এই দেশেই বড় হয়েছেন, দেশের মানুষের বাস্তবতা দেখেছেন। মানুষের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করতে হয়, সেটাও জানেন। আমরা অতীতে অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি।’

তারেক রহমান বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশে আমরা এমন অনেক ঘটনা দেখেছি, যেগুলো মানুষকে হতাশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘পিপল পাওয়ার’। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সিভিল প্রশাসনের বিভিন্ন সংস্কার হয়েছে। সেখানে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। অথচ আমাদের দেশে একই ধরনের কাজে ৯৬ হাজার কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে। বিষয়টি চিন্তা করে দেখুন।”

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেখেছি বালিশ কেনা নিয়ে নানা আলোচনা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম একটি বালিশের দাম ধরা হয়েছে ৮০ হাজার টাকা। অথচ আমি নিজে যেহেতু বালিশ ব্যবহার করি, আমি জানি একটি ভালো বালিশের দাম সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে হওয়া উচিত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিগত সরকারের সময় একটি হোয়াইট পেপার তৈরি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। যদি এই অর্থ দেশে থাকত, তাহলে দেশের উন্নয়নের চিত্র ভিন্ন হতে পারত। প্রতিবছর যদি ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে, তাহলে ১০ বছরে কত অর্থ বাইরে গেছে সেটা সহজেই অনুমান করা যায়।’

দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেকে এখন ‘জিরো টলারেন্স’-এর কথা বলেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় মানুষ সেটি সহজে বিশ্বাস করতে পারে না। আমিও শুধু কথায় বিশ্বাস করি না। আমরা চেষ্টা করছি, কিন্তু দীর্ঘদিনের অভ্যাস একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষ একটি বিষয়।’

তিনি বলেন, ‘আজকে আসার সময়ও আমি দেখেছি, বিভিন্ন জায়গায় এখনও অনিয়ম রয়ে গেছে। সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আমরা নানা ধরনের ঘটনা দেখছি। এসব বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

সভায় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গত বছরের ২৭ ডিসেম্বর সর্বশেষ ঢাবি ক্যাম্পাসে এসেছিলেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি ক্যাম্পাসে যান।

ঢাবি সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির পদত্যাগ
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে প্রথমে আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে তাকে স্বাগত জানান।

এছাড়া ঢাবি ছাত্রদল, বিভিন্ন হল শাখা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

কালের আলো/এসএকে