খুঁজুন
                               
শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

Oplus_131072

এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

এখন পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ৪ জন মারা গেছেন।

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

কালের আলো/এসএকে

৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালটা স্বস্তির ছিল না বাংলাদেশের জন্য। টস জিতে আবারও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। আর দ্বিতীয় বলেই ধাক্কা দিলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। গত টেস্টে ফাইফার পাওয়া এই বোলার ওপেনার মাহমুদুল হাসান জয়কে শূন্য রানে ফিরিয়ে দেন।

এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে ক্রিজ সামলান মুমিনুল হক। মুমিনুল টানা পাঁচ ইনিংসে অর্ধশতক করার পরও এবার শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৪৪ রানে তামিম (২৬) এবং ৬৩ রানে মুমিনুল (২২) আউট হয়ে যান। তামিম ৩৪ বলে এবং মুমিনুল ৪১ বলে তাদের ইনিংস সাজান।

তৃতীয় উইকেট পড়ার পর চাপ বেড়ে গিয়েছিল। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনের ধৈর্যশীল ব্যাটিংয়ে লাঞ্চের আগে বাংলাদেশ তিন অঙ্ক ছুঁয়ে ফেলে। স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। শান্ত ৫১ বলে ২৬ রানে এবং মুশফিক ৩১ বলে ১৮ রানে অপরাজিত আছেন।

ম্যাচের সারাংশ (লাঞ্চ পর্যন্ত):
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০১/৩ (২৬ ওভার)
মাহমুদুল হাসান জয় ০, তানজিদ হাসান তামিম ২৬, মুমিনুল হক ২২, নাজমুল হোসেন শান্ত ২৬*, মুশফিকুর রহিম ১৮*।

কালের আলো/এসআর/এএএন

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার খোঁজে ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার খোঁজে ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটকে ধরিয়ে দিতে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ২০১৩ সালে তিনি ইরানে পালিয়ে যান এবং বর্তমানে তিনি সেখানে বসেই যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। খবর  টিআরটি ওয়ার্ল্ডের।

এফবিআই এক বিবৃতিতে বলেছে, ইরানের ইতিহাসের এই ‘সংকটময় মুহূর্তে’ মনিকা উইটের অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা যেন সংস্থাকে জানানো হয়। ওয়াশিংটনে এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবিকি বলেন, এফবিআই তাকে ভুলে যায়নি এবং তাকে বিচারের আওতায় আনতে তারা সবার সহযোগিতা চাইছেন।

মনিকা উইট মার্কিন বিমানবাহিনীর ‘অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনস’-এ কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা মিশনে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স অভিযোগ করেছিলেন, ইরান সুকৌশলে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে গেছে। এরপর তিনি ইরানে পালিয়ে যান এবং যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস করে দেন। এমনকি তিনি একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয়ও প্রকাশ করে দেন, যার ফলে ওই কর্মকর্তার জীবন চরম ঝুঁকির মুখে পড়ে।

অভিযোগপত্রে বলা হয়, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে মনিকা ইরান ও ইরানের বাইরের গোয়েন্দাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত এমন সব গুরুত্বপূর্ণ নথি ও গোপন তথ্য সরবরাহ করেছেন, যা যুক্তরাষ্ট্রের ক্ষতি এবং ইরানের সুবিধায় ব্যবহৃত হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ইরানে পালিয়ে যাওয়ার পর দেশটির সরকারের পক্ষ থেকে মনিকাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য ঘরবাড়ি, আধুনিক কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা দেওয়া হয়েছে। বর্তমানে মনিকা উইটের কোনো আইনি প্রতিনিধি বা আইনজীবী রয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে মার্কিন প্রশাসন তাকে যেকোনো মূল্যে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালের আলো/এসএকে

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক এবং তার সঙ্গে থাকা আরেক যুবক নিহত হয়েছেন।  নিহতরা হলেন–যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) ও ইয়াকুব আলী (২৬)।

আজ শনিবার (১৬ মে) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে নষ্ট হওয়া চাকা পরিবর্তন করছিলেন ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালের আলো/এসআইপি