খুঁজুন
                               
, ,
           

এআই সড়কের শেষ দাওয়া!

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
এআই সড়কের শেষ দাওয়া!

চলতি মাসে পাইলট প্রকল্প শুরুর পর রাজধানীতে এরই মধ্যে এআই ক্যামেরায় ধারণ করা প্রযুক্তিতে দুই হাজারের বেশি মামলা দেওয়া হয়েছে। এ পদক্ষেপ নিয়ে ট্রাফিক বিভাগ আশাবাদী হলেও সড়কে শৃঙ্খলা আনা এবং যানজট সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন গাড়িচালকরা। এক্সপ্রেসওয়েতে ক্যামেরা দিয়ে ওভারস্পিড শনাক্ত করে মামলা আরও আগে শুরু হলেও ঢাকায় এআই প্রযুক্তির সহায়তা নেওয়া শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে।

কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেছে সড়কে বহুমুখী সংকটের কথা। তাদের মতে, লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন কঠোর আইন ও নিয়ম-কানুনের বেড়াজালে আটকা পড়ছে। কিন্তু অনিবন্ধিতরা থেকে যাচ্ছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। অথচ সড়কে সমস্যার অন্যতম কারণ লাইসেন্সবিহীন চালক আর অনিবন্ধিত যানবাহন। বর্তমানে রাজধানী ঢাকার প্রধান সড়কের ১০টি পয়েন্টে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে পুলিশ।

বাংলাদেশে সাধারণত ম্যানুয়াল পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং মামলা দেওয়া হয়। হাতে লেখা স্লিপ দিয়ে মামলা শুরু হলেও এরপর ধাপে ধাপে পজ মেশিন ব্যবহার থেকে এখন এআই বেইজড ই-প্রসিকিউশন সিস্টেম চালু হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এ সড়কে এখন স্বয়ংক্রিয়ভাবে অপরাধ শনাক্তের পর মামলা দেওয়া হয়। এখন পাঁচ ধরনের অপরাধ শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে এআই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। গাড়ি শনাক্তের জন্য ১০৫টি ক্যামেরা ব্যবহার করছে ট্রাফিক বিভাগ।

এআই কোন কোন অপরাধ শনাক্ত করবে, সফটওয়্যারে সেগুলোর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই অপরাধ শনাক্ত করে মামলা দেওয়া হয়। এখন রেড সিগন্যাল ভায়োলেশন, জেব্রা ক্রসিং অতিক্রম, উল্টো পথে গাড়ি আসা, স্টপেজ ছাড়া গাড়ি থামানো বা অন্য যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং বাম লেন ব্লক করে দাঁড়ালেই মামলা হচ্ছে। এ ছাড়া এআই ব্যবহার করে আরও কিছু ফিচার অন্তর্ভুক্ত করার কাজ চলছে। তার মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা ও সিট বেল্ট বাঁধার মতো বিষয় যুক্ত হচ্ছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, শুরুর দিকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ গাড়ি ওভারস্পিড করত। ক্যামেরার ফুটেজ থেকে মামলা দেওয়া শুরুর পর ধারাবাহিকভাবে এটি কমে এসেছে। বর্তমানে ২০-২৫টিতে নেমে এসেছে মামলার সংখ্যা। সড়কে আইন অমান্য করলে অপরাধের ধরন অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি চালকের লাইসেন্সের পয়েন্ট কাটা হয়েছে।

ট্রাফিকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এআই ক্যামেরায় ধারণা করা ফুটেজ কালেক্ট (সংগ্রহ) করছে। সেটাকে আবার ম্যানুয়ালি যাচাই-বাছাই করা হচ্ছে। কাজ করতে গিয়ে বাস্তব কিছু সমস্যা দেখা যায়। এর মধ্যে বিভিন্ন গাড়ির নম্বর প্লেট সঠিক অবস্থায় নেই, কিছু কিছু ভাঙা, কিছু অস্পষ্ট। ফোনে সরাসরি মেজেস দিলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এ জন্য ম্যানুয়ালি দেখে মামলা দেওয়া হচ্ছে। এরপর যেসব মামলা নিশ্চিত করা হচ্ছে সেই গাড়ির নিবন্ধিত সেলফোনে বার্তা পাঠানো হচ্ছে এবং একটি অভিযোগের নোটিস তার ঠিকানায় পাঠানো হচ্ছে। সেই চিঠিতে সশরীরে হাজির হয়ে মামলাটা নিষ্পত্তি করতে ১৫ দিনের সময় দেওয়া হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, ‘সিস্টেমের মধ্যে গলদ রেখে এআই দিয়ে শতভাগ সুফল পাওয়া যাবে না। এটা দিয়ে যারা সুফল পেয়েছে, তারা সিস্টেমের কারণেই পেয়েছে। এআই সড়কে শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে। এখন সুশাসন নিশ্চিত করতে হবে। কারোর মুখের দিকে না তাকিয়ে আইন প্রয়োগ করতে হবে।’ তিনি বলেন, ইঞ্জিন নম্বর দিয়ে সড়কে চলাচল করা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সড়কে নম্বর প্লেটবিহীন গাড়ির দৌরাত্ম্য বেশি বাড়ছে। এআই সড়কের শেষ দাওয়া!

কালের আলো/এমএএএমকে

ক্রিকেটকে বিদায় বললেন অজিঙ্কা রাহানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
ক্রিকেটকে বিদায় বললেন অজিঙ্কা রাহানে

দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

অবসরের ঘোষণায় ৩৮ বছর বয়সী রাহানে বলেন, “জীবনের সত্য এটাই যে, সবকিছুর শুরু এবং শেষ আছে। সময়কে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ের সময় সবসময় ‘টাইমিং’-এর ওপর ভরসা রেখেছি। আজ আমার মনে হচ্ছে, সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। তাই আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”

ভারতের হয়ে রাহানের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত টেস্ট। সেটিই শেষ পর্যন্ত তার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ হয়ে রইল।

২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। পরে তিনি তিন সংস্করণেই ভারতের প্রতিনিধিত্ব করেন। ৮৫টি টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরিসহ ৫,০৭৭ রান করেন তিনি। এছাড়া ৯০টি ওয়ানডেতে ২,৯৬২ রান এবং ২০টি টি-টোয়েন্টিতে ৩৭৫ রান করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাকে আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও দেখা যাবে না। ফলে তার দল কলকাতা নাইট রাইডার্সকে এখন নতুন অধিনায়কের সন্ধানে নামতে হবে।

ভারতীয় ক্রিকেটে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত রাহানে বিশেষ করে টেস্ট ক্রিকেটে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন। তার বিদায়ে ভারতীয় ক্রিকেটের একটি সফল অধ্যায়ের সমাপ্তি ঘটল।

কালের আলো/এসএ

ফরাসি ডিজে কাভিনস্কি আর নেই, মৃত্যুর কারণ জানতে তদন্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
ফরাসি ডিজে কাভিনস্কি আর নেই, মৃত্যুর কারণ জানতে তদন্ত

ফ্রান্সের জনপ্রিয় ইলেকট্রনিক সংগীতশিল্পী ও ডিজে ভিনসেন্ট বেলোরজে, যিনি ‘ডিজে কাভিনস্কি’ নামে বিশ্বজুড়ে পরিচিত, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছেন। বুধবার দেশটির প্রসিকিউটররা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসিকিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। এর আগে প্যারিসভিত্তিক দৈনিক Le Parisien প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে।

আগামী ৩১ জুলাই তার ৫১তম জন্মদিন ছিল। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ক্যাথরিন পেগার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, “কাভিনস্কির মৃত্যুতে ফ্রান্স একজন ব্যতিক্রমী শিল্পীকে হারাল। তার সংগীত নাচের উচ্ছ্বাসের পাশাপাশি স্মৃতি ও আবেগকে জীবন্ত করে তুলত। তাই তার সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।”

প্যারিসের উপকণ্ঠ সাঁ-দেনিতে বেড়ে ওঠা ভিনসেন্ট বেলোরজে ছোটবেলায় নিজ উদ্যোগে পিয়ানো শেখেন। ২০০০-এর দশকের শুরুতে সংগীতজগতে তার যাত্রা শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে তিনি ফরাসি ইলেকট্রনিক সংগীত জুটি ডাফট পাঙ্কসহ বিভিন্ন শিল্পীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেন এবং পরবর্তীতে সেবাস্তিয়াঁসহ আরও অনেক সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেন।

২০১০ সালে প্রকাশিত তার জনপ্রিয় গান ‘Nightcall’ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০১১ সালে হলিউডের আলোচিত চলচ্চিত্র Drive-এ গানটি ব্যবহারের পর বিশ্বজুড়ে নতুন শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও তিনি এই বিখ্যাত গান পরিবেশন করেন।

কাভিনস্কির সংগীতে ১৯৮০-এর দশকের সিনেমা, ভিডিও গেম এবং সিন্থ-ওয়েভ ঘরানার প্রভাব ছিল স্পষ্ট। ‘কাভিনস্কি’ ছিল তারই সৃষ্ট একটি কাল্পনিক চরিত্র, যার মাধ্যমে তিনি নিজের শিল্পীসত্তাকে উপস্থাপন করতেন। ২০০৭ সালের এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের বাস্তব পরিচয়ের পরিবর্তে এই রহস্যময় চরিত্রের মাধ্যমে সংগীত ও গল্প তুলে ধরতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

স্বতন্ত্র সংগীতধারা, সৃজনশীল চরিত্র নির্মাণ এবং অনন্য শিল্পীসত্তার জন্য কাভিনস্কি বিশ্ব ইলেকট্রনিক সংগীত অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

কালের আলো/এসএ

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের পর খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ও টুর্নামেন্টজুড়ে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে আর্জেন্টিনা ফুটবল দল এবং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড় ও আর্জেন্টিনা দলের ফুটবলার-কোচিং স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা খতিয়ে দেখতে একজন বিশেষ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল ফিফা। সপ্তাহব্যাপী তদন্ত শেষে তার সুপারিশের ভিত্তিতে ফিফা শৃঙ্খলা কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযুক্তদের নিজস্ব বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া শেষে যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তদন্ত ও অভিযোগের মুখে যাঁরা:

প্রসিকিউটরের প্রতিবেদনের ভিত্তিতে ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারার আওতায় তদন্ত চলছে:

লিওনার্দো পারেদেস: তাঁর বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ফাইনাল শেষে স্পেনের বদলি খেলোয়াড়েরা মাঠে নামলে গাভিকে ধাক্কা দিয়ে ফেলে মুখে আঘাত করার পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকেও আঘাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নাহুয়েল মলিনা: তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে, যার একটি খেলোয়াড়সুলভ আচরণবিরোধী অপরাধ।

রবার্তো আয়ালা (সহকারী কোচ): দানি ওলমোকে আঘাত করার দায়ে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে।

এছাড়া আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও খেলোয়াড়সুলভ আচরণবিরোধী অপরাধের অভিযোগ তদন্তাধীন।

ফিফার নিয়ম অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গ ও সংঘর্ষের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের অন্তত ১ থেকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হতে পারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) ওপর অভিযোগ:

শুধু ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের ওপরই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও বেশ কয়েকটি ধারায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে: খেলাধুলার চেতনাবিরোধী কার্যক্রম (ধারা ১৩),দলের অসদাচরণ (ধারা ১৪),বৈষম্য ও বর্ণবাদী আচরণ (ধারা ১৫),ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার নিয়ম ভঙ্গ (ধারা ১৭)

এ ছাড়া নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু করা, সমর্থকদের অনুপযুক্ত বার্তার ব্যানার প্রদর্শন এবং দর্শকদের মাঠে বস্তু নিক্ষেপের মতো অভিযোগ রয়েছে। বিশেষ করে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর স্প্যানিশ ভাষায় “ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার” লেখা ব্যানার প্রদর্শনের বিষয়টিকে খেলাধুলার রাজনৈতিক ব্যবহারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে ফিফা। এর আগে ২০১৪ সালেও একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।

কালের আলো/এসএ