খুঁজুন
                               
, ,
           

ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে এ সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ওয়েবসাইটের ত্রুটি ও বিভ্রাট নজরদারি করার ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে জানা গেছে, ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে।

আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইতিমধ্যে #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

তবে চলতি এই বিভ্রাট নিয়ে মেটা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

কালের আলো/এসআর/এএএন

অপরাধ ও অস্থিতিশীলতার বিরুদ্ধে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

ফেনী সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অপরাধ ও অস্থিতিশীলতার বিরুদ্ধে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিরোধীদলকে বিএনপিকে নিয়ে সমালোচনা না করে নিজেদের দলের অনিয়ম ও অপকর্ম বন্ধে মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

তারেক রহমান বলেন, অস্থিতিশীলতার কারণে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। সরকারের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করবে, জনগণই তাদের জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।

মুহুরী-কহুয়া নদী ও খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে বলে জানান তিনি। এতে ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ এবং প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম সফর।

প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। এর আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

পরে প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর নীতিগত অনুমোদন পেয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর ইস্যু করা এক চিঠির মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে বন্ড ইস্যুর নীতিগত সম্মতি দেয় বিএসইসি। অনুমোদিত বন্ডটির নাম ‘এআইবিপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ড থেকে সংগৃহীত ৫০০ কোটি টাকা ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

নাজমুল আলমের বিদেশযাত্রা ঠেকাতে দুদকের আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
নাজমুল আলমের বিদেশযাত্রা ঠেকাতে দুদকের আইনি পদক্ষেপ

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মানিলন্ডারিং-সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রা রহিত করতে দুদকের পরিচালক (মানিলন্ডারিং) বরাবর আবেদন করা হয়।

পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধে করা আবেদনটি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। একই সঙ্গে আবেদনটির চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, শিগগিরই আদালতের মাধ্যমে সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি