খুঁজুন
                               
, ,
           

সাড়ে ১৮ লাখ কোটি রুপির বাজেট পেশ করল পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
সাড়ে ১৮ লাখ কোটি রুপির বাজেট পেশ করল পাকিস্তান সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৮ দশমিক ৭৭ ট্রিলিয়ন বা ১৮ লাখ ৭৭ হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা বা ৬ হাজার ৭৫০ কোটি ডলার) বাজেট প্রস্তাব করেছে পাকিস্তান সরকার।

শুক্রবার (১২ জুন) ন্যাশনাল অ্যাসেম্বলিতে (সংসদ) নির্ধারিত সময় বিকেল ৩টার দুই ঘণ্টা পর শুরু হওয়া বাজেট অধিবেশনে দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এই বাজেট পেশ করেন।

শেহবাজ শরীফের সরকারের এবারের বাজেটে ২০২৬-২৭ অর্থবছরে অর্থনীতি ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে এবং গড় মুদ্রাস্ফীতি ৮.২ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। রাজস্ব ঘাটতি জিডিপির ৩.৬ শতাংশ হবে এবং প্রাথমিক উদ্বৃত্ত হবে ২ শতাংশ।

২০২৬-২৭ অর্থবছরের জন্য কর রাজস্ব ১৫ দশমিক ২৬৪ ট্রিলিয়ন রুপি অনুমান করা হয়েছে, যা বিদায়ী বছরের ১২ দশমিক ৯৮৩ ট্রিলিয়ন রুপির চেয়ে ১৭.৬ শতাংশ বেশি। এর মধ্যে প্রদেশগুলো কেন্দ্রীয় রাজস্বে ৮ দশমিক ৮৪৮ ট্রিলিয়ন রুপি অবদান রাখবে।

প্রস্তাবিত বাজেটে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ ও ঋণ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে বাজেটের সিংহভাগ- প্রায় ৭.৮২ ট্রিলিয়ন রুপি রাখা হয়েছে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ এবং আসল পরিশোধে জন্য।

অন্যদিকে বিগত বছরের তুলনায় ১৮ শতাংশ বাড়িয়ে দেশটির প্রতিরক্ষা খাতে ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।

অনান্য খাতের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাবদ ১ দশমিক ১ ট্রিলিয়ন রুপি, বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়ার জন্য ৮৫০ বিলিয়ন রুপি, পরিবহন ও যোগাযোগ খাতে ৪০৮ দশমিক ৯ বিলিয়ন রুপি, দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনায় বরাদ্দ ১৭৯ বিলিয়ন রুপি, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে ১৩৫ দশমিক ৬ বিলিয়ন রুপি, শিক্ষা ও উচ্চশিক্ষা এবং শিক্ষা উন্নয়ন প্রকল্পে মোট ৭৮ দশমিক ৫ বিলিয়ন রুপি, তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ৭০ বিলিয়ন রুপি এবং স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ২৪ দশমিক ৩ বিলিয়ন রুপি।

এছাড়াও কেন্দ্রীয় উন্নয়ন ও সামাজিক খাতে ১ দশমিক ১২৬ ট্রিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, যার ৬৫ শতাংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণে।

এদিকে শেহবাজ সরকারের এই বাজেটের তীব্র সমালোচনা ও প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধান বিরোধী দল- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বাজেট পেশ করার সময় পিটিআই সংসদ সদস্যরা পার্লামেন্টে তীব্র হট্টগোল ও ‘চোর চোর’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

এই বাজেটকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি বলে আখ্যা দিয়েছে পিটিআই।

দলটি দাবি করেছে, ১৫ দশমিক ২৬ ট্রিলিয়ন রুপির রাজস্ব আদায় এবং ৪ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা সম্পূর্ণ অবাস্তব। দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর) এই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবে এবং পরবর্তীতে সাধারণ মানুষের ওপর আরও পরোক্ষ কর চাপানো হবে।

সূত্র: ডন, রয়টার্স

কালের আলো/আরডি/এমডিএইচ

ভিডিও ভাইরালের পর অভিনেত্রী কেয়া পায়েলের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের পর অভিনেত্রী কেয়া পায়েলের রহস্যময় পোস্ট

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। কখনো তারা গল্প করছেন, কখনো রেস্টুরেন্টে নিজের হাতে তরুণকে খাবার খাইয়ে দিতে দেখা গেছে।

টিকটক থেকে এ ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তখন ভিডিওর যুবকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়েও নানা চর্চা হওয়া এবং চারদিকে গুঞ্জন ছড়াতে থাকে।

সেই ভিডিও নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও ঘটনার এক সপ্তাহ পরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কেয়া পায়েলের।

এদিকে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী; যা নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। নিজের নতুন একটি ছবি পোস্ট করে একটি রহস্যময় ক্যাপশন দিয়েছেন। কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

সোমবার (৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ ক্যাপশন দেন কেয়া পায়েল। নিজের লাস্যময়ী ছবির সঙ্গে জুড়ে দেয়া ক্যাপশন মুহূর্তেই নজর কাড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তারা সঙ্গে সঙ্গে নানা মন্তব্য শুরু করেন।

তবে নেটিজেনদের অধিকাংশের মন্তব্যই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে―কদিন আগের ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকই কি তাহলে কেয়া পায়েলের প্রথম ভালোবাসা, নাকি অন্য কেউ? কারও কারও মতে, অভিনেত্রীর সেই প্রথম ভালোবাসার মানুষটিই বা কে। তবে নানা মন্তব্য থাকলেও কোনো পাল্টা জবাব বা প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ছোটপর্দার এই তারকাকে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রতিরক্ষা, নিরাপত্তা ও বিমান চলাচলে কানাডা ও বাংলাদেশের সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এসব তথ্য জানায়।

জেনারেল ওয়াকার-উজ-জামান এবং হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনীর বিমান চলাচল, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

উভয় পক্ষই অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে এবং শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর যোগাযোগ বজায় রাখার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে যে ভূমিকা পালন করেছেন তার জন্য সেনাপ্রধানকে ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

বৈঠকে কানাডা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তায় কানাডা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ (৭ জুলাই) বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশরের মোহাম্মদ সালাহর দল।

এই মহারণকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন মহা তুঙ্গে। কে জিতবে এই তর্কে উত্তপ্ত মাঠের লড়াই শুরুর আগেই। হাইভোল্টেজ এই ম্যাচের সম্ভাব্য একটি পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিখ্যাত সংস্থা অপ্টা।

অপ্টার সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে প্রায় ২৫ হাজারবার কৃত্রিম বিশ্লেষণ (সিমুলেশন) চালিয়ে জানিয়েছে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে।

নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টাইনদের জয়ের সম্ভাবনা ৬৮.১ শতাংশ। বিপরীতে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে। শেষ ষোলোতে আসা মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

পরিসংখ্যানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নকআউটের মঞ্চে যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত সালাহ-বাহিনী। তা ছাড়া দুই দলই আগের রাউন্ডে চরম পরীক্ষা দিয়ে এসেছে।

আর্জেন্টিনা যেখানে নবাগত কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পায়, সেখানে মিশর ১২০ মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে।

কালের আলো/জেএন/এমএসআইপি