খুঁজুন
                               
, ,
           

হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে

বিশ্ববাজারে তেলের দাম আরও বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে বর্তমানে বাজারকে স্থিতিশীল রাখার যে মজুতভিত্তিক ব্যবস্থা রয়েছে, তা গ্রীষ্মের শেষ দিকে কার্যকারিতা হারাতে পারে।

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির বিশ্লেষক অ্যারন ব্র্যাডি বলেন, সরবরাহ ব্যাহত হওয়ার পরিস্থিতি সামাল দিতে বিশ্ব এত দিন মজুত তেলের ওপর নির্ভর করেছে। কিন্তু এ অবস্থা চিরদিন চলতে পারে না।

ইরানি মিডিয়ার ফাঁস করা শর্তাবলি ভুয়া: দাবি করলেন ট্রাম্প

বর্তমানে বাজারে কিছুটা স্বস্তির আভাস দেখা যাচ্ছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি আসন্ন। যদিও দিনজুড়ে পরিস্থিতি কয়েকবার বদলেছে। তারপরও বাজারে এর প্রভাব পড়েছে। শুক্রবার সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৯৪ ডলার, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

তবে বিশ্লেষকদের মতে, একসময় মজুত তেলের পরিমাণ এত কমে যাবে যে তা দিয়ে আর সরবরাহ ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। তখন বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হবে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ম্যাককুয়ারির এক বিশ্লেষণে বলা হয়েছে, শ্রমিক দিবসের (লেবার ডে) সময় পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৩০ থেকে ১৫০ ডলারে পৌঁছাতে পারে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, যদি যুদ্ধ ২০২৭ সাল পর্যন্ত চলতে থাকে, তাহলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় তেলের দাম প্রায় ২০০ ডলার পর্যন্ত যেতে হতে পারে।

কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তেল ও গ্যাস খাতের কয়েকজন নির্বাহী জানিয়েছেন, কিছু মজুত কয়েক সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে।

অ্যারন ব্র্যাডি বলেন, আগামী এক মাসের মধ্যে হরমুজ প্রণালি খুলে না গেলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানের মজুত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে আসবে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, যখন এমন পরিস্থিতি তৈরি হবে, তখন বাজারে আর কোনও সরবরাহ সুরক্ষা থাকবে না। এর ফলে তেলের দাম, এমনকি পেট্রলের দামও বাড়ার চাপের মুখে পড়বে।

বিনিয়োগ প্রতিষ্ঠান পিকারিং এনার্জি পার্টনার্সের বিশ্লেষক ড্যানিয়েল পিকারিংও বলেছেন, গ্রীষ্মের শেষ দিকে যুক্তরাষ্ট্রের তেল মজুত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন সীমায় পৌঁছে যেতে পারে।

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেলের মজুত বাড়ছিল। উৎপাদন বৃদ্ধির হার চাহিদার তুলনায় বেশি ছিল। এ কারণেই তেলের দাম বাড়লেও অনেকের আশঙ্কার মতো ব্যারেলপ্রতি ১৫০ ডলার বা তারও বেশি হয়নি।

এ ছাড়া চীনের আমদানি কমে যাওয়া, সৌদি আরব ও অন্য কিছু দেশের পাইপলাইনের ব্যবহার বৃদ্ধি, কিছু ট্যাংকারের চলাচল অব্যাহত থাকা এবং বিভিন্ন দেশের কৌশলগত মজুত ব্যবহার বাজারকে স্বস্তি দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেল মজুত দ্রুত কমছে। সরকারি তথ্য অনুযায়ী, ৫ জুন শেষ হওয়া সপ্তাহে দেশটির বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুত ৭০ লাখ ব্যারেলের বেশি কমে ৪২ কোটি ৬৫ লাখ ব্যারেলে নেমেছে।

একই সময়ে ট্রাম্প প্রশাসন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকেও তেল সরবরাহ করছে। তবু মজুত কমার অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের তেল রফতানি বৃদ্ধি। এই তেল বৈশ্বিক বাজারে সরবরাহ করা হচ্ছে, যাতে হরমুজ প্রণালিতে সৃষ্ট সরবরাহ সংকট কিছুটা সামাল দেওয়া যায়।

কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা

তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশে তেল রফতানির ওপর কোনও বিধিনিষেধ আরোপের কথা তারা বিবেচনা করছেন না।

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির হিসাবে, যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও উপসাগরীয় উপকূলের গুরুত্বপূর্ণ পরিশোধন বাজারগুলোতে বর্তমানে ৩৫ কোটি ১০ লাখ ব্যারেল তেল মজুত রয়েছে। মজুত ৩২ কোটি ৫০ লাখ ব্যারেলের নিচে নেমে গেলে ‘বিপদসীমা’ শুরু হবে।

এক বিশ্লেষণে প্রতিষ্ঠানটি বলেছে, মজুত এই সীমার নিচে নেমে গেলে সরবরাহ ব্যবস্থায় জটিলতা ও দামের আকস্মিক উল্লম্ফনের ঝুঁকি দ্রুত বেড়ে যাবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্লেষকদের মতে, প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বর্তমানে বাজারকে স্থিতিশীল রাখা বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তখন বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় অস্থিরতা দেখা দিতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ভিডিও ভাইরালের পর অভিনেত্রী কেয়া পায়েলের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের পর অভিনেত্রী কেয়া পায়েলের রহস্যময় পোস্ট

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। কখনো তারা গল্প করছেন, কখনো রেস্টুরেন্টে নিজের হাতে তরুণকে খাবার খাইয়ে দিতে দেখা গেছে।

টিকটক থেকে এ ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তখন ভিডিওর যুবকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়েও নানা চর্চা হওয়া এবং চারদিকে গুঞ্জন ছড়াতে থাকে।

সেই ভিডিও নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও ঘটনার এক সপ্তাহ পরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কেয়া পায়েলের।

এদিকে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী; যা নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। নিজের নতুন একটি ছবি পোস্ট করে একটি রহস্যময় ক্যাপশন দিয়েছেন। কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

সোমবার (৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ ক্যাপশন দেন কেয়া পায়েল। নিজের লাস্যময়ী ছবির সঙ্গে জুড়ে দেয়া ক্যাপশন মুহূর্তেই নজর কাড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তারা সঙ্গে সঙ্গে নানা মন্তব্য শুরু করেন।

তবে নেটিজেনদের অধিকাংশের মন্তব্যই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে―কদিন আগের ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকই কি তাহলে কেয়া পায়েলের প্রথম ভালোবাসা, নাকি অন্য কেউ? কারও কারও মতে, অভিনেত্রীর সেই প্রথম ভালোবাসার মানুষটিই বা কে। তবে নানা মন্তব্য থাকলেও কোনো পাল্টা জবাব বা প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ছোটপর্দার এই তারকাকে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রতিরক্ষা, নিরাপত্তা ও বিমান চলাচলে কানাডা ও বাংলাদেশের সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এসব তথ্য জানায়।

জেনারেল ওয়াকার-উজ-জামান এবং হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনীর বিমান চলাচল, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

উভয় পক্ষই অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে এবং শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর যোগাযোগ বজায় রাখার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে যে ভূমিকা পালন করেছেন তার জন্য সেনাপ্রধানকে ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

বৈঠকে কানাডা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তায় কানাডা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ (৭ জুলাই) বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশরের মোহাম্মদ সালাহর দল।

এই মহারণকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন মহা তুঙ্গে। কে জিতবে এই তর্কে উত্তপ্ত মাঠের লড়াই শুরুর আগেই। হাইভোল্টেজ এই ম্যাচের সম্ভাব্য একটি পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিখ্যাত সংস্থা অপ্টা।

অপ্টার সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে প্রায় ২৫ হাজারবার কৃত্রিম বিশ্লেষণ (সিমুলেশন) চালিয়ে জানিয়েছে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে।

নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টাইনদের জয়ের সম্ভাবনা ৬৮.১ শতাংশ। বিপরীতে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে। শেষ ষোলোতে আসা মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

পরিসংখ্যানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নকআউটের মঞ্চে যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত সালাহ-বাহিনী। তা ছাড়া দুই দলই আগের রাউন্ডে চরম পরীক্ষা দিয়ে এসেছে।

আর্জেন্টিনা যেখানে নবাগত কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পায়, সেখানে মিশর ১২০ মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে।

কালের আলো/জেএন/এমএসআইপি