খুঁজুন
                               
, ,
           

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

Oplus_131072

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এছাড়া নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি টেকসই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্মিলন প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে মানবিক অর্থায়নের ঘাটতি দূর করার আহ্বান জানান।

তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতাও কামনা করেন।

জাতিসংঘে অবস্থানকালে শামা ওবায়েদ ইসলাম আজ ২০২৬ সালের ইকোসক মানবিক বিষয়ক অধিবেশনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা-২-এ অংশ নেবেন।

এছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহুস-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

কালের আলো/এসএকে

দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা

কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মেরামত কাজ এখনো শেষ না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিদেশি বিশেষজ্ঞদের আনার পর ত্রুটি শনাক্ত হয়। কয়েক দিনের মধ্যে ত্রুটি মেরামত হবে বলে জানা গেছে।

জানতে চাইলে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন জানান, বৃহস্পতিবার বিদেশি বিশেষজ্ঞরা আসার পরই কাজ শুরু হয়েছে। কবে নাগাদ টার্মিনাল সচল হবে– প্রশ্নে তিনি বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। আরও দুই-চার দিন লেগে যেতে পারে।’

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির পরিচালনাধীন একটি জাহাজে গত মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর সেটি বিকল হয়ে যায়। চার দিন পার হলেও ত্রুটি পুরোপুরি ঠিক হয়নি। যার প্রভাবে সারা দেশে গ্যাস সংকট দিন দিন আরও বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে রয়েছে। বিদেশি বিশেষজ্ঞরা কাজ শেষ করলে শিগগির গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। মহেশখালীর এলএনজি টার্মিনালে গত মঙ্গলবার ত্রুটি দেখা দেয়। এরপর জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। আবাসিক এলাকায় চুলা না জ্বলা, সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি এবং শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। এমনিতেই দেশের চাহিদার চেয়ে ৩০ শতাংশ গ্যাস কম সরবরাহ করা হয়। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার স্থানে এলএনজিসহ সরবরাহ হয় ২৬৫ কোটি ঘনফুট। এখন তা নেমে এসেছে ২২০ কোটি ঘনফুটে। অর্থাৎ চাহিদার চেয়ে ৪৫ শতাংশ গ্যাস কম দেওয়া হচ্ছে।

বেশ কয়েক বছর ধরে দেশে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এই দুটি টার্মিনাল থেকে ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়। কারিগরি ত্রুটির কারণে বর্তমানে সরবরাহ আরও কমে গেছে। দেশে প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই আসে এলএনজি থেকে। স্বাভাবিকভাবেই এলএনজির সরবরাহ কমলে গ্যাস সংকট বেড়ে যায়। টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ার পর গত ২২ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক অনুষ্ঠানে বলেন, এলএনজি গ্রহণ ও রূপান্তরের জন্য মাত্র দুটি টার্মিনাল থাকায় একটিতে সমস্যা দেখা দিলেই সরবরাহ ব্যবস্থায় বড় চাপ তৈরি হয়।

আরপিজিসিএল সূত্র জানায়, বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এর মধ্যে কক্সবাজারের মাতারবাড়িতে ল্যান্ড বেইজড ও মহেশখালীতে ‘কুতুবজোম’ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হচ্ছে। সরকার পায়রা বন্দর এলাকায় আরেকটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, একটি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের ওপর পড়েছে। কোনো কোনো এলাকায় চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলো প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছে না। ফলে কয়েকটি স্থানে সিএনজি নিতে দীর্ঘ লাইন এবং জনদুর্ভোগ দেখা দিয়েছে।

দেশজুড়ে বেশিরভাগ সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস দেওয়ার মতো চাপ নেই। স্বাভাবিক সময়ে যেখানে ১৫ পিএসআই (চাপ মাপার একক) গ্যাস পাওয়া যেত, এখন তা নেমেছে ৩ থেকে ৫ পিএসআইয়ে, কোথাও প্রায় শূন্য। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না।

গত বুধবার থেকে রাজধানীসহ সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাতভর অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না অনেক চালক। গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে।

কালের আলো/এম/এএইচ

ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

টানা ১৩ দিনের হামলার পর ইরানে নতুন করে সামরিক আক্রমণ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।

দ্য নিউইয়র্ক টাইমস ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে এমন উদ্বেগ থেকেই প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে অ্যাক্সিওস সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলা বন্ধের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেওয়ার ইঙ্গিত দেয়, অন্যদিকে বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু না হলে বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে—এমন উপলব্ধিরও প্রতিফলন।

তবে সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর জন্য পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

কালের আলো/আরডি/এমডিএইচ

এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

বিশ্বকাপ ফাইনাল শেষে দীর্ঘ ক্লান্তিকর মৌসুম বিবেচনায় আগামী সপ্তাহের মেজর লিগ সকার অল-স্টার গেমে লিওনেল মেসির অংশগ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে না। শনিবার (২৫ জুলাই) এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইন্টার মায়ামির এই মহাতারকাকে অল-স্টার প্রদর্শনীতে না খেলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সাধারণত এমএলএস অল-স্টার গেমে মনোনীত খেলোয়াড়দের অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং চোট ছাড়া বাদ পড়ার উপায় থাকে না। তবে চলতি মৌসুমে বিশ্বকাপের কারণে সাত সপ্তাহের বিরতি থাকায় আগেভাগেই খেলোয়াড় সংস্থার সাথে চুক্তি করে নেয় এমএলএস।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, ২০২৬ মৌসুম শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপের শেষপর্যায়ে পৌঁছানো খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ক্লাবগুলো তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই সমঝোতার ভিত্তিতেই রদ্রিগো দে পল এবং লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেম থেকে ছাড় দেওয়া হয়েছে।

গত রবিবারে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে খেলেছিলেন দে পলও।

গত বছর অল-স্টার গেমে অংশ না নেওয়ার শেষ মুহূর্তে সিদ্ধান্তের কারণে মেসি এবং তাঁর তৎকালীন মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস, যা নিয়ে বেশ চটেছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক জোর্জে মাস। তবে এবার লিগ কমিশনার ডন গার্বারের প্রতিশ্রুতি অনুযায়ী নীতিতে নমনীয়তা এনে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে আয়োজিত এই অল-স্টার গেমে এমএলএস-এর সেরা তারকারা মুখোমুখি হবেন মেক্সিকোর লিগা-এমএক্স অল-স্টারদের বিরুদ্ধে। মেসির অনুপস্থিতিতে এমএলএস দলের হয়ে মাঠে মাতাবেন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের টমাস মুলার এবং স্বাগতিক দল শার্লটের ইউএসএ অধিনায়ক টিম রিম।

কালের আলো/আরডি/এমডিএইচ