ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে গিয়ে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার শিকার ইহুদি কর্মীরা
ইহুদি ধর্মীয় বিশ্বাস থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পশ্চিম তীরের (West Bank) বিভিন্ন এলাকায় যাচ্ছেন একদল ইসরায়েলি অধিকারকর্মী। তবে ফিলিস্তিনিদের সুরক্ষায় কাজ করতে গিয়ে এবার উগ্র ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন তারা।
সম্প্রতি পশ্চিম তীরের বেথলেহেমের কাছে জান্নাতাহ এলাকায় প্রায় ৩০ জন ইসরায়েলি কর্মী ফিলিস্তিনি একটি পরিবারের বাড়ির চারপাশে সুরক্ষা বেড়া নির্মাণ এবং তাদের চলাচলের রাস্তা থেকে প্রতিবন্ধকতা সরাতে যান। এ সময় বসতিস্থাপনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হামলায় অন্তত পাঁচজন কর্মী আহত হন। হামলাকারীরা পাথর নিক্ষেপ ও পিপার স্প্রে ব্যবহারের পাশাপাশি লাঠি দিয়েও আঘাত করে বলে কর্মীদের অভিযোগ। ঘটনাস্থলে থাকা একজন এএফপি সাংবাদিকও আহত হন।
কর্মী জিভা শার্প বলেন, মানবিক ও অহিংস ইহুদি ধর্মীয় মূল্যবোধ থেকেই তিনি এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তার ভাষায়, ইহুদি ধর্ম মানুষকে সহমর্মিতা, ন্যায়বিচার ও করুণার পথে চলার শিক্ষা দেয়। সেই বিশ্বাস থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতার ক্ষতি যতটা সম্ভব কমাতে চান তিনি।
জান্নাতাহ এলাকায় তারা যে ফারাজ পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, ওই পরিবারের সদস্য মোহাম্মদ ফারাজ মার্চে বসতিস্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন বলে তার ভাই হাসান জানান। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি দাবি করেন।
কর্মীদের অভিযোগ, ফিলিস্তিনি পরিবারের ব্যক্তিগত জমিতে বসতিস্থাপনকারীরা একটি অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। ওই স্থাপনাটি ইসরায়েলি কর্তৃপক্ষ ৬৪ বার সরিয়ে দিলেও প্রতিবারই তা পুনর্নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন তারা।
এই কর্মীদের অনেকেই ‘বনি আব্রাহাম’ (Children of Abraham) নামের একটি আন্দোলনের সঙ্গে যুক্ত। ধর্মীয় ইহুদিদের এই সংগঠনটি প্রায় চার বছর আগে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের মতে, ফিলিস্তিনিদের ওপর অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।
আভিশাই লিস নামের এক কর্মী বলেন, একজন ইহুদি ও জায়নবাদী হিসেবে পশ্চিম তীরে যা ঘটছে তা তার কাছে ইহুদি মূল্যবোধ বা নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তিনি ফিলিস্তিনি জনগণ ও তাদের বাড়িঘর রক্ষায় কাজ করছেন।
পশ্চিম তীরে বর্তমানে পাঁচ লাখের বেশি ইসরায়েলি বসবাস করছে এবং সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ধর্মীয় বিশ্বাসকে ঘিরে ইসরায়েলি সমাজের ভেতরের এই মতপার্থক্যও এখন স্পষ্ট হয়ে উঠছে। একদল ইহুদি ধর্মীয় মূল্যবোধের ব্যাখ্যা হিসেবে ফিলিস্তিনিদের অধিকার রক্ষাকে দেখছেন, অন্যদিকে উগ্র বসতিস্থাপনকারীরা একই ধর্মীয় পরিচয় ব্যবহার করে ফিলিস্তিনি ভূমিতে নিজেদের উপস্থিতি বিস্তারের পক্ষে অবস্থান নিচ্ছেন।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array