ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে রাশিয়ার সহায়তার দাবি
ইরানকে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে তেহরানকে এ প্রযুক্তি ও সংশ্লিষ্ট সামরিক সক্ষমতা অর্জনে সহায়তা দিয়ে আসছে মস্কো।
ফিন্যান্সিয়াল টাইমস-এর তদন্তে রাশিয়ার নথি, ভ্রমণ রেকর্ড ও সামরিক পেটেন্ট বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদমাধ্যমটি ইরানকে রাশিয়ার সামরিক প্রযুক্তি হস্তান্তরের এই কার্যক্রমকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রকাশ্য দিক হিসেবে বর্ণনা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করছে, সেটির উন্নয়ন কার্যক্রমে রাশিয়ার কয়েকজন কর্মকর্তাও সরাসরি যুক্ত রয়েছেন। মিসাইলটির সক্ষমতা বাড়াতে ‘র্যামজেট’ ইঞ্জিন প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহার করলে ক্রুজ মিসাইল শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে।
ইরান ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে মিসাইল তৈরি ও পরীক্ষা করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এসব মিসাইল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
মিসাইল বিশেষজ্ঞ ফাবিয়ান হিনজ বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি, যা ইরান কয়েক দশক ধরে রাশিয়ার কাছ থেকে পাওয়ার চেষ্টা করে আসছে। তার মতে, এই প্রযুক্তি ইরানের হাতে পৌঁছানোর ক্ষেত্রে রাশিয়ার রাজনৈতিক অঙ্গনের উচ্চপর্যায়ের অনুমোদন প্রয়োজন হয়েছে।
এ ধরনের প্রযুক্তি ইরানের হাতে পৌঁছালে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান, রণতরী ও অন্যান্য যুদ্ধজাহাজের জন্য হুমকি বাড়তে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array