খুঁজুন
                               
, ,
           

সপ্তাহে এক ঘণ্টা সময় দিলেই বদলাবে ডেঙ্গু পরিস্থিতি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
সপ্তাহে এক ঘণ্টা সময় দিলেই বদলাবে ডেঙ্গু পরিস্থিতি: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতায় সময় দিলে ডেঙ্গু পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজেদের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সরকার আগামী তিন মাসে এই কর্মসূচি সফল করার চেষ্টা করবে বলেও জানান তারেক রহমান।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আজ থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিন মাসব্যাপী এ অভিযানে দেশের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।

দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এ তিন মাসব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ফাতিমা সানার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সও শেষ পর্যন্ত পাকিস্তানকে জেতাতে পারল না। ৪ উইকেটের জয় তুলে নিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবেন তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান।

অধিনায়ক ফাতিমা সানা ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। এ ছাড়া সওয়াল জুলফিকর ২৪ ও গুল ফিরোজা করেন ২১ রান। রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা।

৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসেন তারা। এর মধ্যে ফাতিমা সানা নেন দুটি উইকেট।

তবে সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন হর্ষিতা সমরবিক্রম ও কবিশা দিলহারি। হর্ষিতা ৩১ বলে ৩৬ এবং কবিশা ৩৩ বলে ৩৩ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। দ্বিতীয় স্পেলে ফিরে দুজনকেই ফেরান ফাতিমা। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা।

শেষ দিকে নীলাক্সিকা সিলভার অপরাজিত ১৮ ও কৌশিনী নুত্যাঙ্গনের অপরাজিত ১০ রানে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ফাতিমার বলেই ছক্কা মেরে দলের ফাইনাল নিশ্চিত করেন কৌশিনী।

বল হাতেও দুর্দান্ত ছিলেন ফাতিমা। ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাটে-বলে এমন পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু সতীর্থদের ব্যর্থতা ও একাধিক ক্যাচ মিসের কারণে শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

কালের আলো/এমআর

বারবার ঘর সরিয়েও রক্ষা নেই, পায়রার ভাঙনে নিঃস্ব দেড় শতাধিক পরিবার

পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
বারবার ঘর সরিয়েও রক্ষা নেই, পায়রার ভাঙনে নিঃস্ব দেড় শতাধিক পরিবার

নদীর অব্যাহত ভাঙনে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ভাঙনের শিকার হয়ে ২৫ থেকে ৩০টি পরিবার ভিটেমাটি হারিয়ে সরকারি সড়কের পাশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত দেড় শতাধিক পরিবার নদীভাঙনে নিঃস্ব হয়েছে। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেও সহায়-সম্বলহীন পরিবারগুলো বারবার নদীর পাড়ে ঘর তুলে টিকে থাকার চেষ্টা করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনের কারণে কোনো কোনো পরিবারকে আট থেকে ১০ বার পর্যন্ত বসতঘর সরিয়ে নতুন করে ঘর তুলতে হয়েছে। শেষ সম্বলটুকুও নদীগর্ভে চলে যাওয়ায় অনেক পরিবার এখন সরকারি রাস্তার ওপর মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৩২ নম্বর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন সেল্টার, সিকদার বাড়ি জামে মসজিদ ও মোল্লা বাড়ি। ভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয়সহ দুটি বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী নিটুলী রানী বলেন, ‘এ পর্যন্ত সাতবার ভিটেমাটি হারিয়েছি। সর্বশেষ আশ্রয়টুকুও নদীতে চলে গেছে। এখন সরকারি রাস্তার পাশে আশ্রয় নিয়েছি। যাওয়ার মতো আর কোনো জায়গা নেই।’
জাকির খান (৫০) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কত মানুষ আইলো, কত কথা কইলাম, কিন্তু কোনো কাজ হইল না। আপনেগো লগে কথা কইয়া কী হইবো? কেউ তো আমাগো দিকে চাইলো না।’
রিপন মাল (৩৭) বলেন, বাপ-দাদার সময় থেকেই এ গ্রামে নদীভাঙন চলছে। নিজের বয়সেই পাঁচ-ছয়বার বসতঘর পরিবর্তন করতে হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন তিনি।
আঙ্গারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিন সিকদার বলেন, এ পর্যন্ত তাদের প্রায় সাড়ে ৩০০ একর জমি নদীগর্ভে চলে গেছে। ১৯৭৭-৭৮ সালে নদীর অন্য প্রান্তে বাকেরগঞ্জের সঙ্গে নতুন চরে ৬০টি পরিবারের জন্য ৯০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বাকেরগঞ্জের লোকজন ওই জমি দখল করে রাখায় বাহেরচরের কোনো পরিবার সেখানে জমি পায়নি।
ভুক্তভোগী বাদল চৌকিদার বলেন, বারবার নদীভাঙনের শিকার হয়ে তাদের সহায়-সম্বল বলতে আর কিছুই নেই। বাধ্য হয়ে রাস্তার ওপর বসবাস করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান তিনি।
আঙ্গারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন গাজী বলেন, পায়রার অব্যাহত ভাঙনে তার ওয়ার্ডটি বিলুপ্তির পথে। মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বাহেরচর গ্রাম। দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, বাহেরচর গ্রামের অস্তিত্ব রক্ষা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

কালের আলো/এমএসআইপি/এসকে 

মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় দিয়ে নিজেদের স্মরণীয় মিশন শেষ করল বাংলাদেশ। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা।

এই জয়ের মাধ্যমে আসরের পঞ্চম স্থান নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ দল।

তবে ডিফেন্সের দৃঢ়তায় ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ডেড লক ভাঙে।

পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান ২-০ করেন কনা।
ম্যাচের শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশই।
মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয়কে দেশের হকি ইতিহাসের অন্যতম বড় ও ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে আসর শেষ করা দলের জন্য বড় অর্জন।

কালের আলো/এমআর