খুঁজুন
                               
, ,
           

বারবার ঘর সরিয়েও রক্ষা নেই, পায়রার ভাঙনে নিঃস্ব দেড় শতাধিক পরিবার

পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
বারবার ঘর সরিয়েও রক্ষা নেই, পায়রার ভাঙনে নিঃস্ব দেড় শতাধিক পরিবার

নদীর অব্যাহত ভাঙনে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ভাঙনের শিকার হয়ে ২৫ থেকে ৩০টি পরিবার ভিটেমাটি হারিয়ে সরকারি সড়কের পাশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত দেড় শতাধিক পরিবার নদীভাঙনে নিঃস্ব হয়েছে। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেও সহায়-সম্বলহীন পরিবারগুলো বারবার নদীর পাড়ে ঘর তুলে টিকে থাকার চেষ্টা করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনের কারণে কোনো কোনো পরিবারকে আট থেকে ১০ বার পর্যন্ত বসতঘর সরিয়ে নতুন করে ঘর তুলতে হয়েছে। শেষ সম্বলটুকুও নদীগর্ভে চলে যাওয়ায় অনেক পরিবার এখন সরকারি রাস্তার ওপর মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৩২ নম্বর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন সেল্টার, সিকদার বাড়ি জামে মসজিদ ও মোল্লা বাড়ি। ভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয়সহ দুটি বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী নিটুলী রানী বলেন, ‘এ পর্যন্ত সাতবার ভিটেমাটি হারিয়েছি। সর্বশেষ আশ্রয়টুকুও নদীতে চলে গেছে। এখন সরকারি রাস্তার পাশে আশ্রয় নিয়েছি। যাওয়ার মতো আর কোনো জায়গা নেই।’
জাকির খান (৫০) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কত মানুষ আইলো, কত কথা কইলাম, কিন্তু কোনো কাজ হইল না। আপনেগো লগে কথা কইয়া কী হইবো? কেউ তো আমাগো দিকে চাইলো না।’
রিপন মাল (৩৭) বলেন, বাপ-দাদার সময় থেকেই এ গ্রামে নদীভাঙন চলছে। নিজের বয়সেই পাঁচ-ছয়বার বসতঘর পরিবর্তন করতে হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন তিনি।
আঙ্গারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিন সিকদার বলেন, এ পর্যন্ত তাদের প্রায় সাড়ে ৩০০ একর জমি নদীগর্ভে চলে গেছে। ১৯৭৭-৭৮ সালে নদীর অন্য প্রান্তে বাকেরগঞ্জের সঙ্গে নতুন চরে ৬০টি পরিবারের জন্য ৯০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বাকেরগঞ্জের লোকজন ওই জমি দখল করে রাখায় বাহেরচরের কোনো পরিবার সেখানে জমি পায়নি।
ভুক্তভোগী বাদল চৌকিদার বলেন, বারবার নদীভাঙনের শিকার হয়ে তাদের সহায়-সম্বল বলতে আর কিছুই নেই। বাধ্য হয়ে রাস্তার ওপর বসবাস করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান তিনি।
আঙ্গারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন গাজী বলেন, পায়রার অব্যাহত ভাঙনে তার ওয়ার্ডটি বিলুপ্তির পথে। মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বাহেরচর গ্রাম। দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, বাহেরচর গ্রামের অস্তিত্ব রক্ষা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

কালের আলো/এমএসআইপি/এসকে 

গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

একইসঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি ও রাজধানীর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও এবারের শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হয়ে উঠতে পারে।

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব বাড়ার প্রেক্ষাপটে এবারের সম্মেলনের দিকে বিশেষ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

কালের আলো/এএইচ/এমএসআইপি

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার (২২২ দশমিক ৮ মাইল) গভীরে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

কালের আলো/এমএসআইপি