খুঁজুন
                               
, ,
           

নাইন ইলেভেনের ২৫ বছর: যে হামলায় বদলে যায় বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
নাইন ইলেভেনের ২৫ বছর: যে হামলায় বদলে যায় বিশ্ব

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সেই ভয়াবহ হামলার ২৫ বছর পূর্ণ হলো আজ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই ভবনে ১৭ মিনিটের ব্যবধানে দুটি বিমান আঘাত হানার মধ্য দিয়ে শুরু হয় এক নতুন বৈশ্বিক অধ্যায়।

সেদিন চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায়। নিউইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগনে আঘাতের পাশাপাশি একটি বিমান পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।

হামলার জন্য আল-কায়েদা ও এর প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এর পরপরই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ‘ওয়ার অন টেরর’ বা সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করেন। ২০০১ সালের অক্টোবরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পরবর্তী সময়ে ২০০৩ সালে ইরাকেও সামরিক আগ্রাসন চালানো হয়।

নাইন ইলেভেন শুধু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিই বদলে দেয়নি, মুসলিম বিশ্বের সঙ্গে দেশটির সম্পর্কেও গভীর প্রভাব ফেলে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ ও ইসলামবিদ্বেষী ঘৃণাপ্রসূত অপরাধও বেড়ে যায়।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে নথিভুক্ত হেইট ক্রাইম ছিল ২৮টি। ২০০১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৮১-এ। এর বড় অংশই ঘটে ১১ সেপ্টেম্বরের হামলার পর।

নাইন ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া দীর্ঘ সন্ত্রাসবিরোধী যুদ্ধ আফগানিস্তান, ইরাকসহ বিভিন্ন দেশে ব্যাপক প্রাণহানি, রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দেয়। একই সময়ে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে ক্ষোভও আরও গভীর হয়।

২৫ বছর পরও তাই ‘নাইন ইলেভেন’ শুধু একটি সন্ত্রাসী হামলার নাম নয়—এটি বৈশ্বিক রাজনীতি, যুদ্ধ, নিরাপত্তা, ইসলামবিদ্বেষ ও যুক্তরাষ্ট্র-মুসলিম বিশ্বের সম্পর্ক বদলে দেওয়া এক ঐতিহাসিক বাঁক

কালের আলো/এসএ

আইপিডিসি ফাইন্যান্সে ক্রেডিট অ্যানালিস্ট নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
আইপিডিসি ফাইন্যান্সে ক্রেডিট অ্যানালিস্ট নিয়োগ

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হোম লোন বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট
পদসংখ্যা:
বিভাগ: হোম লোন
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: রাজশাহী

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে রাজশাহী জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সূচি:
আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে বিডিজবসের আবেদন পেজ ভিজিট করতে পারেন।

কালের আলো/এসএ

গুলশানে আ.লীগের মিছিল ঘিরে উত্তেজনা, বিস্ফোরিত ২ ককটেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের মিছিল ঘিরে উত্তেজনা, বিস্ফোরিত ২ ককটেল

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।

একপর্যায়ে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান বলে দাবি পুলিশের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, মিছিল বের করার চেষ্টা করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দোনাগাজী সাহিত্য পদক পেলেন ৭ গুণীজন

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
দোনাগাজী সাহিত্য পদক পেলেন ৭ গুণীজন

সতেরো শতকের রোমান্টিক কবি ও পুঁথিসাহিত্যিক দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার ২০২৫ ও ২০২৬ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুই বছরের বিভিন্ন ক্যাটাগরিতে সাত গুণীজনের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমির জুরি বোর্ডের জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এর আগে একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

২০২৫ সালের দোনাগাজী সাহিত্য পদক পেয়েছেন চারজন। তাঁরা হলেন—কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম এবং সংগীতে রনক রায়হান।

অন্যদিকে ২০২৬ সালের পদক পেয়েছেন তিনজন। তাঁরা হলেন—কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।

জুরি বোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদারসহ একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, দ্রুত সময়ের মধ্যে সাত গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে। এ বিষয়ে উদযাপন পরিষদকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে।

চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, দোনাগাজী ছিলেন সতেরো শতকের গুরুত্বপূর্ণ পুঁথিসাহিত্যিক ও রোমান্টিক কবি। তাঁর বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ তাঁকে বাংলা সাহিত্যে স্মরণীয় করে রেখেছে। তাঁর নামেই প্রতিষ্ঠালগ্ন থেকে এই সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ একাডেমি।

কালের আলো/এসএ