এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা মান্দানা
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। ভারতরত্নপ্রাপ্ত এই সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
বড় বাজেটের এই জীবনীভিত্তিক চলচ্চিত্রটি একাধিক ভারতীয় ভাষায় নির্মাণ করা হবে। ছবিটি পরিচালনা করবেন দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক বছর গবেষণার পর ছবিটির চিত্রনাট্য প্রস্তুত করেছেন তিনি।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।
সাধনা ও ত্যাগের গল্প
এম এস সুব্বুলক্ষ্মীর জীবনকে শুধু একজন কিংবদন্তি সংগীতশিল্পীর সাফল্যের গল্প হিসেবে তুলে ধরতে চান না নির্মাতা। তাঁর দীর্ঘ সংগীতসাধনা, ধৈর্য, ত্যাগ ও সংগ্রামের দিকও চলচ্চিত্রে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
গৌতম তিন্নানুরি বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে দ্রুত তারকা হয়ে ওঠা সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। তাঁর ভাষায়, গানের পাশাপাশি সুব্বুলক্ষ্মীর জীবনকেও বিশ্বের সামনে তুলে ধরতে চান তাঁরা।
চরিত্র পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা
এম এস সুব্বুলক্ষ্মীর মতো কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানা। সুব্বুলক্ষ্মীর জীবন ও ব্যক্তিত্ব পর্দায় তুলে ধরার সুযোগকে নিজের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
রাশমিকার ভাষায়, তাঁর মনে হচ্ছে তিনি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছেন। সুব্বুলক্ষ্মীর ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি। চরিত্রটির প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মীর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর সংগীতসাধনা, ব্যক্তিজীবন ও দীর্ঘ পথচলার গল্প এবার রাশমিকার অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে দর্শকের সামনে আসতে চলেছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array