খুঁজুন
                               
, ,
           

অন্তঃসত্ত্বা হয়েও শুটিং, দুর্গাপূজায় ফিরছেন সোহিনী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
অন্তঃসত্ত্বা হয়েও শুটিং, দুর্গাপূজায় ফিরছেন সোহিনী

২০২৪ সালে মুক্তি পাওয়া নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘বহুরূপী’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই সিনেমার পরের গল্প নিয়ে এবার পর্দায় ফিরছেন নির্মাতা জুটি। নতুন কিস্তি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন যীশু সেনগুপ্ত ও সোহিনী সরকার।

মুখোমুখি যীশু ও শিবপ্রসাদ

নতুন সিনেমায় গল্পের অন্যতম আকর্ষণ যীশু সেনগুপ্ত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখোমুখি লড়াই। শিবপ্রসাদের অভিনীত বিক্রম প্রামাণিকের বিপরীতে এবার দেখা যাবে যীশুকে। তাঁর চরিত্রের নাম ইন্সপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সোহিনী সরকার অভিনয় করেছেন ঝিমলি চরিত্রে। যীশুর চরিত্র একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তা, আর শিবপ্রসাদের বিক্রম এমন এক বহুরূপী ডাকাত, যে নিজের নিয়মে চলে। ফলে আইনের দুই প্রান্তে থাকা দুই চরিত্রের সংঘাতই সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ।

টিজার প্রকাশের সময় শিবপ্রসাদও জানিয়েছিলেন, যীশু ও তাঁর চরিত্রের মধ্যে রয়েছে তীব্র দ্বন্দ্ব। একদিকে আইন রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা, অন্যদিকে নিজের মতো করে চলা এক ডাকাত—দুজনের এই সংঘাতকে ঘিরেই এগিয়েছে গল্পের বড় একটি অংশ।

অ্যাকশনের পাশাপাশি প্রেম

তবে শুধু অ্যাকশন কিংবা সংঘাতেই সীমাবদ্ধ নয় সিনেমাটি। গল্পে রয়েছে প্রেমের আবহও। যীশু ও সোহিনীকে ঘিরে তৈরি হয়েছে রোমান্টিক সম্পর্ক।

সম্প্রতি প্রকাশিত ‘ভুলতে পারবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রশংসা পেয়েছে। যীশুর ভাষায়, গানটির মাধ্যমে সিনেমায় তৈরি করা জগতের একেবারে ভিন্ন একটি দিক তুলে ধরা হয়েছে। আর সোহিনীর মতে, গানটি তাঁর চরিত্র ঝিমলির আবেগ ও যাত্রাকে আরও নতুন মাত্রা দিয়েছে।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সোহিনীর ব্যক্তিজীবনেরও একটি বিশেষ সময়ের সাক্ষী। সিনেমাটির শুটিংয়ের পুরো সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা।

অভিনেত্রী জানিয়েছেন, গর্ভাবস্থার প্রথম তিন মাস চিকিৎসকের পরামর্শে বিষয়টি কাউকে জানাননি। এমনকি তাঁর শ্বশুর-শাশুড়িও তখন জানতেন না। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতো, শরীরে শক্তি থাকত না—তারপরও শুটিং চালিয়ে গেছেন তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করা নিয়ে সমাজের প্রচলিত ধারণার সঙ্গেও একমত নন সোহিনী। তাঁর মতে, গর্ভাবস্থাকে ঘিরে সমাজে অনেক ভয় ও ট্যাবু রয়েছে। তাই শুটিং বন্ধ না করে নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এর মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। ২০ সেপ্টেম্বর,২০২৬ মা হয়েছেন সোহিনী।

পর্দার রসায়নের বিচার দর্শকের

যীশু ও সোহিনীর নতুন জুটি নিয়ে অবশ্য আগেভাগে কোনো সিদ্ধান্ত দিতে চান না সোহিনী। পর্দায় তাঁদের রসায়ন কেমন হয়েছে, সেটির বিচার দর্শকরাই করবেন বলে মনে করেন তিনি।

তবে যীশুর সঙ্গে কাজ করার সময় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁদের আগে থেকেই ব্যক্তিগত পরিচয় থাকায় কাজের ক্ষেত্রেও সেই পরিচিতি কিছুটা স্বাচ্ছন্দ্য তৈরি করেছে।

অন্যদিকে যীশুর কাছেও সিনেমাটি বিশেষ গুরুত্বপূর্ণ। ‘পোস্ত’ ও ‘বাবা বেবি ও’-এর পর আবারও শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কাজ করেছেন তিনি।

শিবপ্রসাদের অভিনয়েরও প্রশংসা করেছেন যীশু। তাঁর মতে, শিবপ্রসাদ এত ভালো অভিনেতা যে তিনি অভিনয়কে আরও বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে নিলে অন্য অনেক অভিনেতার জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে যেত।

সব মিলিয়ে নতুন গল্প, নতুন চরিত্র, অ্যাকশন-রোমান্স এবং যীশু-সোহিনীর নতুন জুটি—সবকিছু মিলিয়ে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

কালের আলো/এসএ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইল বাংলাদেশ

কালের আলো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সময় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ এবং রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার প্রশংসা করেন।

বহুপাক্ষিক ফোরামসহ বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন সুইডিশ রাষ্ট্রদূত।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বেশি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বেড়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে নিয়োগপত্র পাচ্ছেন মিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে নিয়োগপত্র পাচ্ছেন মিশন

স্থায়ী ঠিকানা বা নিজস্ব ভিটেবাড়ি না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ আটকে যাওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেতে যাচ্ছেন।

রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে দুই দিনের সফর শেষে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন মন্ত্রী।

নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘মিশন আচার্য নিয়োগপত্র হাতে পেতে যাচ্ছেন।’ একই সঙ্গে বিষয়টি চূড়ান্ত করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

ঝিনাইদহের প্রার্থী মিশন আচার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত হলেও স্থায়ী ঠিকানা বা নিজস্ব ভিটেবাড়ি না থাকার কারণে তার নিয়োগ আটকে যায়। পরে বিষয়টি নিয়ে আলোচনা ও সংশ্লিষ্টদের উদ্যোগের পর তার নিয়োগের জটিলতা নিরসন হয়েছে।

এখন মিশন আচার্যকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া এগোবে।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি