খুঁজুন
                               
, ,
           

১৬ বছর আগের মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী রাখি

বিনোদন ডেস্ক, কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
১৬ বছর আগের মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী রাখি

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। ২০১০ সালের একটি মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এ আদেশ দেওয়া হয়েছে। একটি টেলিভিশন রিয়েলিটি শোতে এক যুবককে অপমান করার অভিযোগ এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হতে হবে।

যেভাবে মামলার সূত্রপাত
২০১০ সালে এই মামলার সূত্রপাত। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ, ওই অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন রাখি।

অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানটির পর ওই যুবক সামাজিকভাবে হেনস্তার শিকার হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। একই বছরের নভেম্বরে তাঁর মৃত্যু হয়। তবে ওই মৃত্যুর সঙ্গে অনুষ্ঠানে করা মন্তব্যের সম্পর্ক নিয়ে অভিযোগের ভিত্তিতেই পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

রাখিসহ চারজনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মণের মৃত্যুর পর তাঁর মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর দীর্ঘ সময় ধরে চলা আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তবের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।

জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। তবে আদালতের পরবর্তী শুনানি, রাখির আদালতে হাজিরা এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, তা এখন দেখার বিষয়।

কালের আলো/জেএন/এসএ

অন্যায়ের বিরুদ্ধে লড়াই, জাতীয় ঐক্যের প্রত্যয়—দুর্গাপূজার শিক্ষা স্থানীয় সরকারমন্ত্রীর কণ্ঠে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অন্যায়ের বিরুদ্ধে লড়াই, জাতীয় ঐক্যের প্রত্যয়—দুর্গাপূজার শিক্ষা স্থানীয় সরকারমন্ত্রীর কণ্ঠে

অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান—দুর্গাপূজার শিক্ষা থেকে এসব মূল্যবোধ ধারণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার দূর করতে মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়। মা দুর্গার শিক্ষা থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা পাওয়া যায়।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শন ও মহাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী শারদ সংকলন ‘সৌহার্দ-১৪৩৩’-এর মোড়ক উন্মোচন করেন। মূলত দুর্গাপূজার শিক্ষা থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা নেওয়ার পাশাপাশি ধর্ম-বর্ণের বিভেদ অতিক্রম করে জাতীয় ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

  • সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রামের আহ্বান ড. আবদুল মঈন খানের
  • ধর্ম-বর্ণের বিভেদ ভুলে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে গুরুত্বারোপ

অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয়
দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে মন্ত্রীর বক্তব্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর ভাষায়, ‘পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার দূর করতে মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়। মা দুর্গার শিক্ষা থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা পাওয়া যায়।’ তাঁর এই বক্তব্যে ধর্মীয় উৎসবের আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি এর নৈতিক ও সামাজিক শিক্ষার দিকটি সামনে এসেছে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য নিরন্তর প্রচেষ্টার প্রয়োজনীয়তা সমাজে দায়িত্বশীলতা ও ন্যায়বোধের গুরুত্ব তুলে ধরেছে।

‘আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের গর্বের পরিচয়’
বাংলাদেশের বহুধর্মীয় ও বহুজাতিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও নাগরিক পরিচয়ের গুরুত্ব রয়েছে। মন্ত্রী জাতীয় পরিচয়কে বিভেদ অতিক্রম করে ঐক্য গড়ে তোলার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। ফলত ধর্মীয় ও জাতিগত পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও জাতীয় পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কে কোন ধর্মের বা কোন বর্ণের, তা বিবেচ্য বিষয় নয়; আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের গর্বের পরিচয়।’

সম্প্রীতি ও সৌহার্দ্যের চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান
স্থানীয় সরকার মন্ত্রী ড.আবদুল মঈন খান নিজের বক্তব্যে সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্যে একটি যোগসূত্র তুলে ধরেছেন। তাঁর প্রত্যাশা, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রসঙ্গ তুলে করে মন্ত্রী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি পরিচয়ে গর্বিত হয়ে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে দেশকে বিশ্বের বুকে শান্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে—এটাই প্রত্যাশা। সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে শান্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

ঐতিহ্য সংরক্ষণে আধুনিকতার সঙ্গে সমন্বয় জরুরি
সময়ের পরিবর্তনের সঙ্গে আধুনিকতার নানা উপাদান যুক্ত হলেও নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রাখা গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সেই ঐতিহ্য চর্চা ও বিকাশের সুযোগ তৈরি হয়। মন্ত্রী এই বিষয়টিকে সম্মিলিত দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দুর্গাপূজাকে বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘দুর্গাপূজা বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রবাহে এই অঞ্চলের দুর্গাপূজার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পূজার আয়োজনের পাশাপাশি সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ। এসব ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।’

মন্ত্রীর বক্তব্যে সামনে এসেছে তিন বিষয়
স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করলে তিনটি বিষয় বিশেষভাবে সামনে আসে—অন্যায়ের বিরুদ্ধে অবস্থান ও ন্যায় প্রতিষ্ঠা, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। এর সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা। দুর্গাপূজার মতো উৎসব মানুষের মধ্যে মিলন, সৌহার্দ্য ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করে। তবে এসব মূল্যবোধের স্থায়ী প্রতিফলন নির্ভর করে দৈনন্দিন জীবনে সেগুলোর চর্চার ওপর। অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান, ভিন্ন ধর্ম ও পরিচয়ের মানুষের প্রতি সম্মান এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা সামাজিক সম্প্রীতিকে আরও অর্থবহ করে তুলতে পারে।

আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি-২০২৬-এর সভাপতি বিশ্বজিৎ বৈশ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য শ্রী সমর চন্দ্র পাল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূইয়া।

কালের আলো/এমএএএমকে

আগুনে পুড়লে প্রথম ২০ মিনিটেই নিতে হবে যে ব্যবস্থা

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
আগুনে পুড়লে প্রথম ২০ মিনিটেই নিতে হবে যে ব্যবস্থা

আগুনে দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। রান্নাঘরের আগুন, ফুটন্ত তেল কিংবা গরম পানিতে দগ্ধ হওয়ার পর প্রথম পর্যায়ের সঠিক পরিচর্যা ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করতে পারে। তবে পোড়া স্থানে টুথপেস্ট, বরফ বা তেল লাগানোর মতো প্রচলিত ভুলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। চার দশকের অভিজ্ঞতার আলোকে দগ্ধ রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী পরিচর্যার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আইয়ূব আলী।

তিনি মনে করেন, আগুনে পোড়ার পর আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কারণ, পোড়ার ক্ষতি কমাতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভুল পদক্ষেপ এড়িয়ে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোশাকে আগুন লাগলে দৌড়াবেন না
কোনো কারণে পোশাকে আগুন ধরে গেলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে শরীরের বেশি অংশ পুড়ে যেতে পারে। এ অবস্থায় মাটিতে শুয়ে গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। আশপাশে কেউ থাকলে নিরাপদ উপায়ে ভারী কম্বল দিয়ে আগুনের শিখা ঢেকে দিতে পারেন। আগুন নিভে যাওয়ার পর পোড়া স্থানে দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করা জরুরি। তবে গুরুতর দগ্ধ ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে নিজের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

পোড়া স্থানে অন্তত ২০ মিনিট পানি দিন
দগ্ধ হওয়ার পর যত দ্রুত সম্ভব পোড়া স্থানে স্বাভাবিক তাপমাত্রার প্রবাহিত পানি অন্তত ২০ মিনিট ধরে দিতে হবে। এতে ত্বকের তাপমাত্রা কমে এবং পোড়ার ক্ষতি আরও গভীর হওয়ার ঝুঁকি কমতে পারে।

পোড়া স্থানে আংটি, ঘড়ি ও অন্যান্য আঁটসাঁট অলংকার থাকলে ফুলে যাওয়ার আগেই খুলে ফেলতে হবে। তবে ত্বকের সঙ্গে লেগে থাকা পোশাক জোর করে টেনে সরানো যাবে না। প্রাথমিক পরিচর্যার পর পরিষ্কার, শুকনা কাপড় বা জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ক্ষতস্থান আলতোভাবে ঢেকে চিকিৎসা নিতে হবে।

টুথপেস্ট ও বরফ ব্যবহারে বাড়তে পারে বিপদ
পোড়া স্থানে টুথপেস্ট, ডিম, ঘি, তেল, গোবর কিংবা চুন লাগানোর প্রচলিত অভ্যাস বিপজ্জনক হতে পারে। এসব উপাদান ক্ষতস্থানে দূষণ ও সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। একইভাবে সরাসরি বরফ ব্যবহার করাও উচিত নয়।

পোড়া স্থানে ফোসকা দেখা দিলে তা ফাটানো যাবে না। ফোসকা ত্বকের ক্ষতিগ্রস্ত অংশকে সুরক্ষা দিতে সাহায্য করে। এটি ফাটিয়ে ফেললে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। তাই ক্ষতস্থানে নিজে থেকে কোনো উপাদান প্রয়োগ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

যেসব লক্ষণে জরুরি হাসপাতালে নিতে হবে
দগ্ধ ব্যক্তির শ্বাসকষ্ট হলে, মুখ বা গলা পুড়ে গেলে, ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশের আশঙ্কা থাকলে কিংবা ব্যক্তি অচেতন হয়ে পড়লে এক মুহূর্তও দেরি করা যাবে না। একইভাবে শরীরের বড় অংশ পুড়ে গেলে বা ক্ষত গভীর হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, দগ্ধ হওয়ার পর প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গুরুতর ক্ষতের ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসার বিকল্প নেই। পরিস্থিতি অনুযায়ী বার্ন ইউনিট বা প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা প্রয়োজন হতে পারে।

পুনর্বাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক চিকিৎসা
আগুনে পোড়ার ক্ষতি শুধু ত্বকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। গুরুতর দগ্ধ হলে অঙ্গের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হতে পারে, ত্বকে স্থায়ী দাগ তৈরি হতে পারে এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতাও কমে যেতে পারে।

অধ্যাপক ডা. মো. আইয়ূব আলী বলেন, সঠিক সময়ে স্কিন গ্রাফটিং ও পুনর্গঠনমূলক অস্ত্রোপচার করা হলে দাগ, ত্বকের সংকোচন ও বিকৃতি কমানোর পাশাপাশি অঙ্গের কর্মক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা পাওয়া যায়। চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনও দগ্ধ ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সচেতনতাই দুর্ঘটনায় ক্ষতি কমানোর প্রথম পদক্ষেপ
অগ্নিদুর্ঘটনার সময় আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ। কিন্তু আগুন লাগলে কী করতে হবে, কী করা যাবে না এবং কখন জরুরি চিকিৎসা নিতে হবে—এসব বিষয়ে আগে থেকেই ধারণা থাকলে বিপদের মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

ডা. মো. আইয়ূব আলীর মতে, পোড়ার ক্ষতি কমাতে দ্রুত ও সঠিক পদক্ষেপের পাশাপাশি ভুল চিকিৎসা এড়িয়ে চলাও জরুরি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিয়মিত অগ্নিনিরাপত্তা মহড়া এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কালের আলো/জেএন/এসএ

 

৪৯ বছর পূর্তিতে মঞ্চে ফিরছে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’

সাহিত্য ডেস্ক, কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
৪৯ বছর পূর্তিতে মঞ্চে ফিরছে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’

নাট্যচর্চার দীর্ঘ ৪৯ বছরের পথচলা উদ্‌যাপন করতে যাচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নান্দনিক নাট্য সম্প্রদায়। সংগঠনটির ৪৯ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। পাশাপাশি উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

দুই দিনব্যাপী আয়োজন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৯ বছর পূর্তি উৎসব। এতে দেশবরেণ্য ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নাট্যচর্চার মধ্য দিয়ে সমাজজীবনের নানা চিত্র তুলে ধরা এবং দর্শকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা সৃষ্টির প্রত্যয় নিয়ে এই আয়োজন করেছে সংগঠনটি।

১৯৭৭ সালের ১৬ অক্টোবর কয়েকজন তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে নান্দনিক নাট্য সম্প্রদায়। নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘ ৪৯ বছর ধরে মঞ্চনাটক নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। এই দীর্ঘ পথচলায় নাট্যচর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দর্শকদের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে তারা।

২২ অক্টোবর মঞ্চস্থ হবে ‘নৃপতি’
উৎসবের প্রথম দিন ২২ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘নৃপতি’। কথাসাহিত্যিকের রচনায় নির্মিত এই নাটক উৎসবের সাংস্কৃতিক আয়োজনকে বিশেষ মাত্রা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরদিন ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবারও মঞ্চস্থ হবে ‘নৃপতি’। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর সমন্বয়ে দুই দিনের উৎসবটি সাজানো হয়েছে।

সাংস্কৃতিক অগ্রযাত্রায় অংশীদার হতে চায় নান্দনিক
উৎসব প্রসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন। নানা চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি ৪৯ বছরের দীর্ঘ পথ অতিক্রম করেছে। ‘নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে’ প্রতিপাদ্য সামনে রেখে তাঁরা আগামী দিনের পথচলা অব্যাহত রাখতে চান। তিনি আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। দীর্ঘদিনের নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে চায় সংগঠনটি।

সুস্থ ও সৎ নাট্যচর্চার প্রত্যয়
নান্দনিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, নাটকের মাধ্যমে সমাজজীবনের নানা জটিলতা অতিক্রম করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র তৈরি করা তাঁদের দায়িত্ব। সংগঠনটির ৪৯ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে তিনি দর্শক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, দর্শক ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সহযোগিতা সংগঠনটির বিভিন্ন প্রযোজনা মঞ্চে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের এই সমর্থনকে সঙ্গে নিয়েই নান্দনিক নাট্য সম্প্রদায় ভবিষ্যতে নাট্যচর্চার ধারাকে আরও এগিয়ে নিতে চায়। দীর্ঘ ৪৯ বছরের পথচলা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর এই উৎসবের মধ্য দিয়ে নিজেদের নাট্যচর্চার ঐতিহ্য উদ্‌যাপনের পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রত্যাশা করছে নান্দনিক নাট্য সম্প্রদায়।

কালের আলো/জেএন/এসএ