খুঁজুন
                               
, ,
           

নৌবাহিনীতে কমিশন পেলেন ৫২ নবীন কর্মকর্তা, দেশপ্রেমে সর্বোচ্চ গুরুত্বের বার্তা সেনাপ্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
নৌবাহিনীতে কমিশন পেলেন ৫২ নবীন কর্মকর্তা, দেশপ্রেমে সর্বোচ্চ গুরুত্বের বার্তা সেনাপ্রধানের

কালের আলো রিপোর্ট:

‘শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়’ তাঁরা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার প্রত্যয় সবার চোখে-মুখে। দীর্ঘ কঠিন সামরিক প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তারা। রোববার (২২ জুন) বন্দর নগরী চট্টগ্রামের নেভাল একাডেমিতে তখন উৎসবমুখর পরিবেশ। বাদ্যের তালে তালে দৃঢ়পায়ে এগিয়ে চলেন সুসজ্জিত নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের দল। বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২২-বি ব্যাচের ৪৪ জন মিডশিপম্যান এবং ২০২৫-এ ব্যাচের ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৫২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। যেখানে রয়েছেন ৮ জন নারী ও ৪ জন বিদেশি কর্মকর্তা।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে তুলে দেন পদক। দেশের বিস্তীর্ণ জলসীমার অতদ্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর নবীন নির্ভীক সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন।  কারণ বিএনএতে দীর্ঘ তিন বছর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। এজন্য তোমাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে, নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন:  সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর ওপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে।’

এই প্যারেডে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘এজন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই একাডেমি আমাকে মুগ্ধ করেছে। তোমাদের এই বিল্ডিং এবং পারিপার্শ্বিক সৌন্দর্য এটাতে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে ফোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার একাডেমির কমান্ড্যান্ট ও সংশ্লিষ্টদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি অভিনন্দন জানাচ্ছি কমিশনপ্রাপ্ত অফিসারগণের গর্বিত মাতা পিতা ও অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি।’

  • দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নবীন কর্মকর্তাদের
  • একটি দক্ষ ও আধুনিক নৌবাহিনীর প্রয়োজনীয়তা অপরিহার্য
  • যেকোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে
  • সার্বভৌমত্ব রক্ষা তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত 
  • চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য কয়েকজন নবীন কর্মকর্তাকে পদক দেওয়া হয়। সব বিষয়ে সর্বোচ্চ নৈপুণ্যের জন্য মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা ‘সোর্ড অব অনার’, দ্বিতীয় সেরা হিসেবে মিডশিপম্যান মো. মেহেরাব হক তনি ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্ত ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। এ ছাড়া সুদানের মিডশিপম্যান আবোহোরিরা এলবাদাওয়ি আহমেদ এবদেলনাইম পান ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক’।

দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নবীন কর্মকর্তাদের

কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন। তারা সুবিশাল সমুদ্র রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সন্তানদের এমন অর্জনে গর্বিত অভিভাবকরাও। অভিন্ন কণ্ঠে তাঁরা বলেন, ‘আমার সন্তান আজকে নেভাল অফিসার হয়েছে। গর্বে বুক ভরে যাচ্ছে। প্রয়োজনে দেশের জন্য প্রাণ দেবে। দেশের নিরাপত্তা ও অগ্রগতির পথে ভূমিকা রাখবে। আপসহীন থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে।

একটি দক্ষ ও আধুনিক নৌবাহিনীর প্রয়োজনীয়তা অপরিহার্য

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানান মহান স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের, যাদের সুমহান আত্মত্যাগ সব সময় প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্ধুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিহার্য। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের ওপরেই বর্তায়। এই লক্ষ্যে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে অবদান রেখে চলেছে।

যেকোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে

নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যেকোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে। নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবন যাপন পদ্ধতি মনেপ্রাণে সর্বদা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে। মনে রাখবে তোমাদের ওপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

সার্বভৌমত্ব রক্ষা তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত

বাংলাদেশ নৌবাহিনীর মূলমন্ত্র ‘শান্তিতে সংগ্রামী সমুদ্রে দুর্জয়’ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত এমনটিই মনে করেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত চেষ্টায় আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে।

বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সিলাইনআপ কমিউনিকেশন রক্ষা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ আমদানি-রপ্তানি নির্ভর একটি দেশ। এদেশের সিলাইনআপ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। ইনশাআল্লাহ তোমরা তোমাদের চাকরি জীবনে প্রত্যক্ষ করবে নতুন নতুন সরঞ্জাম, জাহাজ ও সাবমেরিন এই নৌবাহিনীতে সংযোজিত হবে। তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ।’

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে

নৌবাহিনী একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকাশক্তি বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়। যেকোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে তোমরা একজন আদর্শবান, মর্যাদাবান ও  উন্নত চরিত্রের নৌ সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।’

কালের আলো/এমএএএমকে

জিম থেকে বের হতেই গুলি,হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানকে হত্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
জিম থেকে বের হতেই গুলি,হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হয়েছেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হামলার পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, চার অস্ত্রধারী অঙ্কিতকে অনুসরণ করে তাঁর ওপর গুলি চালাচ্ছে। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে এ হামলা।

৩৫ বছর বয়সী অঙ্কিত গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। হাতে ছিল কিট ব্যাগ। এরপর নিজের গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় চার ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকে। তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

অঙ্কিত গাড়ির কাছে পৌঁছানোর আগেই হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। একের পর এক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। পথচারী ও স্থানীয় দোকানিরা ভয়ে নিজেদের আড়াল করেন। কেউ কেউ দোকানের ভেতর থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করলেও গুলির শব্দ চলতে থাকায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলায় মোট ১২টি গুলি ছোড়া হয়েছে। আতঙ্ক তৈরি করতে হামলাকারীরা কয়েকটি গুলি শূন্যেও ছোড়ে। তাঁদের কাছে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অঙ্কিতকে স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাঁর শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতজগতে পরিচিত ছিলেন। ইউটিউবেও তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা ছিল। তাঁর চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩ লাখ ৬৮ হাজারের বেশি।

অঙ্কিতের গানের ভিডিওতে প্রায়ই বন্দুক, সংঘর্ষ ও বিলাসবহুল এসইউভির উপস্থিতি দেখা যেত। তাঁর বেশ কিছু গানের কথায় উঠে আসত সহিংসতা, প্রতিদ্বন্দ্বিতা, দাপট ও শত্রুতার বিষয়। কয়েকটি গান ইউটিউবে লাখ লাখবার দেখা হয়েছে।

তাঁর জনপ্রিয় গানগুলোর একটি ‘ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান’। গানটির অর্থ দাঁড়ায়, ‘আদালতের মধ্যেই তোমাকে গুলি করব, প্রিয়’।

তবে অঙ্কিতের মৃত্যুর সঙ্গে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট।

মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অঙ্কিত। সেখানে তাঁকে গাড়িতে বসে একটি হরিয়ানভি গান গাইতে দেখা যায়। গানের একটি লাইনের অর্থ-‘রাস্তায় হত্যা করো’।

এর কয়েক ঘণ্টা পরই রাস্তায় হামলার শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। ফলে অঙ্কিতের শেষ পোস্টটি এখন অনেকের কাছে এক অস্বস্তিকর কাকতালীয় ঘটনা হিসেবে আলোচনায় এসেছে।

অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে গ্যাংটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনার ওপর তিনি গান তৈরি করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

গ্যাং-সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে আরও হামলার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, ‘এটা কেবল শুরু, সবার পালা আসবে।’

পোস্টটিতে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁরা কোথা থেকে এসেছিল এবং হামলার পর কোন পথে পালিয়ে গেছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

সুত্রঃইন্ডিয়া টুডে অবলম্বনে

কালের আলো/এসএ

সৌদি অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন

নওগাঁ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
সৌদি অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে নিহত নওগাঁর সাত প্রবাসীর জানাজার নামাজ একসঙ্গে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলায় জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহত সাতজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। পরে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়।

জানাজা শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

নিহতদের জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সৌদি দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী নিহত সাতজন হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

কালের আলো/এএইচ/এমএসআইপি

ঋণের নামে তথ্য চুরি ও হয়রানি, ৩১ অ্যাপ নিয়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
ঋণের নামে তথ্য চুরি ও হয়রানি, ৩১ অ্যাপ নিয়ে সতর্কতা

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ না নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সতর্কবার্তায় বিএফআইইউ জানায়, বিভিন্ন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ব্যবহার করে দ্রুত ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এসব অননুমোদিত অ্যাপ ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল ফোনের যোগাযোগ তালিকা, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে।

পরবর্তী সময়ে ঋণ আদায়ের নামে গ্রাহকদের ওপর অযাচিত চাপ সৃষ্টি, ভয়ভীতি দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে বিএফআইইউ।

সংস্থাটি বলেছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না।

বিএফআইইউর নজরে আসা ৩১টি অবৈধ বা অননুমোদিত ঋণদাতা অ্যাপের মধ্যে রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

বিএফআইইউ বিশেষভাবে সতর্ক করে বলেছে, ঋণের প্রলোভনে অপরিচিত কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, ব্যক্তিগত ছবি, মোবাইলের যোগাযোগ তালিকা কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না। ঋণ দেওয়ার আগে অগ্রিম টাকা, নিবন্ধন ফি বা প্রসেসিং ফি দাবি করা হলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের অননুমোদিত ঋণ কার্যক্রমে প্রতারণা, আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ঝুঁকি রয়েছে উল্লেখ করে সংস্থাটি সবাইকে এসব কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অবৈধ ঋণ কার্যক্রম পরিচালনা করছে বা কোনো অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপের মাধ্যমে মানুষকে প্রতারিত করছে—এমন তথ্য জানা থাকলে বিএফআইইউর কাছে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি