খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার চারজন হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। কারাগার থেকে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ৮ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এ মামলার শুনানির কথা ছিল। তবে প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি বলে জানান আসামিপক্ষের আইনজীবীরা। এ কারণে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন প্রথমে শুনানি করবে প্রসিকিউশন।

চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ মামলায় আনা তিনটি অভিযোগে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

কালের আলো/এসএকে

বিচার বিভাগ নিয়ে বিএনপি আ.লীগের পথেই হাঁটছে : হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
বিচার বিভাগ নিয়ে বিএনপি আ.লীগের পথেই হাঁটছে : হাসনাত আব্দুল্লাহ

বিচার বিভাগ নিয়ে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেপ্তারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। বিচার বিভাগ নিয়ে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে।

স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কী রায় হবে, কী বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন-আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।

হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে।

এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।

তিনি আরও বলেন, আজ আমরা (বিএনপি-এনসিপি-জামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।

সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর কালশী বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

কালের আলো/এম/এএইচ

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে নতুন ইউজারনেম ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ফোন নম্বর না দিয়েও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। অনেকটা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের ইউজারনেম ব্যবস্থার মতোই কাজ করবে নতুন ফিচারটি।

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ইউজারনেম ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য আলাদা একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। কেউ সেই ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে ফোন নম্বরের বদলে শুধু ওই হ্যান্ডেল বা ইউজারনেমই দেখা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন নম্বর প্রয়োজন হয়। নতুন এই ফিচার চালু হলে অপরিচিত ব্যক্তি বা নতুন যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রাখা সহজ হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফিচারটি পুরোপুরি ঐচ্ছিক বা অপশনাল হবে। অর্থাৎ কেউ চাইলে আগের মতো ফোন নম্বর ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে পারবেন। আবার চাইলে ইউজারনেম ব্যবহার করে পরিচয় গোপন রেখেও যোগাযোগ করা যাবে।

প্রতিটি অ্যাকাউন্টে একটি করে ইউজারনেম ব্যবহার করা যাবে। পরে সেটি পরিবর্তনও করা সম্ভব হবে। তবে ইউজারনেম বদলালেও পুরোনো চ্যাট বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো প্রভাব পড়বে না। যদিও অ্যাকাউন্ট লগইন ও পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই যুক্ত থাকবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। ইউজারনেমের দৈর্ঘ্য ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে। এতে অন্তত একটি ইংরেজি বর্ণ থাকতে হবে। শুধু ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহার করা যাবে।

তবে কিছু সীমাবদ্ধতাও থাকবে। ইউজারনেম www দিয়ে শুরু করা যাবে না। শুরু বা শেষে ডট রাখা যাবে না। পাশাপাশি টানা দুটি ডট ব্যবহার করা যাবে না। আবার .com, .org বা .in-এর মতো ডোমেইন এক্সটেনশন দিয়েও ইউজারনেম শেষ করা যাবে না।

নতুন ফিচার ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর প্রোফাইল অপশনে গিয়ে ‘ইউজারনেম’ সুবিধা চালু হলে পছন্দের নাম নির্বাচন করা যাবে। নামটি বৈধ ও খালি থাকলে সেটি সংরক্ষণ করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার বিশেষভাবে কাজে আসবে অনলাইন ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে। যেমন ক্রেতা-বিক্রেতা বা নতুন কোনো গ্রুপে যুক্ত হওয়ার সময় ব্যক্তিগত নম্বর না দিয়েও যোগাযোগ করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে সীমিত আকারে অ্যান্ড্রয়েড ও আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। ধাপে ধাপে এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই ইউজারনেমভিত্তিক যোগাযোগ জনপ্রিয়। হোয়াটসঅ্যাপেও একই সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা আরও বাড়তে পারে।

কালের আলো/এম/এএইচ