খুঁজুন
                               
, ,
           

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ

হোয়াটসঅ্যাপে এবার শুধু চ্যাট বা কল নয়, সরাসরি মোবাইল রিচার্জও করা যাবে, এমন নতুন সুবিধা আনছে মেটা। এর ফলে প্রি-পেইড মোবাইল রিচার্জ করতে আলাদা কোনো অ্যাপে যাওয়ার দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ থেকেই কয়েকটি সহজ ধাপে রিচার্জ সম্পন্ন করা যাবে।

মেটা দীর্ঘদিন ধরেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করার কাজ করছে। এর আগে ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) ভিত্তিক টাকা পাঠানো, গ্রহণ করা এবং বিল পরিশোধের সুবিধা চালু করা হয়েছিল। ব্যবহারকারীদের ভালো সাড়া পাওয়ার পর এবার সেই সেবাকে আরও বিস্তৃত করে মোবাইল রিচার্জ ফিচার যুক্ত করা হচ্ছে।

নতুন এই ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ধরনের ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ থেকেই তাদের প্রি-পেইড নম্বরে রিচার্জ করতে পারবেন। এজন্য আলাদা কোনো পেমেন্ট অ্যাপ বা ওয়েবসাইট খোলার প্রয়োজন হবে না।

কীভাবে হোয়াটসঅ্যাপে মোবাইল রিচার্জ করবেন?

প্রথমেই নিশ্চিত করতে হবে যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে। প্রয়োজন হলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ খুলে পেমেন্ট ফিচার ব্যবহার করে রিচার্জ করা যাবে। সাধারণত দুইভাবে এই অপশন পাওয়া যেতে পারে। যথা-

চ্যাট উইন্ডোতে থাকা ‘অ্যাটাচমেন্ট’ আইকনে ক্লিক করলে সেখানে ‘পেমেন্ট’ অপশন দেখা যাবে। আবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে উপরের ডান পাশে থাকা তিন ডট মেনুতে ক্লিক করলেও ‘পেমেন্ট’ অপশন খুঁজে পাবেন।

পেমেন্ট সেকশনে ঢোকার পর সেখানে নতুন একটি অপশন হিসেবে ‘মোবাইল রিচার্জ’ দেখা যাবে। এরপর ব্যবহারকারীকে যে নম্বরে রিচার্জ করতে চান, সেই মোবাইল নম্বরটি লিখতে হবে। চাইলে নিজের নম্বর বা অন্য কারও নম্বরও ব্যবহার করা যাবে। তারপর তালিকা থেকে মোবাইল অপারেটর নির্বাচন করতে হবে। বর্তমানে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া সহ বিভিন্ন টেলিকম অপারেটর এই সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে। অপারেটর বেছে নেওয়ার পর বিভিন্ন রিচার্জ প্ল্যান দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো প্যাকেজ নির্বাচন করা যাবে।

টাকা পরিশোধের প্রক্রিয়া

রিচার্জ নিশ্চিত করার শেষ ধাপে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট যদি আগে থেকেই হোয়াটসঅ্যাপ পেমেন্টের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না থাকে, তাহলে প্রথমে সেটি যোগ করতে হবে। ‘অ্যাড নিউ পেমেন্ট’ অপশনে গিয়ে ব্যাংক নির্বাচন করতে হবে এবং ইউপিআই সেটআপ সম্পন্ন করতে হবে।

এরপর একটি ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করতে হয়। সাধারণত ব্যাংকের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই এই যাচাই সম্পন্ন হয়। সবকিছু সফলভাবে সম্পন্ন হলে হোয়াটসঅ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করা যাবে খুব সহজে এবং দ্রুত।

কেন এই ফিচার গুরুত্বপূর্ণ?

এই নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা একাধিক অ্যাপ ব্যবহার করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। হোয়াটসঅ্যাপ, যা প্রতিদিন প্রায় সবাই ব্যবহার করেন, সেটিকেই এখন আর্থিক লেনদেন এবং রিচার্জের মতো কাজেও ব্যবহার করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ডিজিটাল পেমেন্টকে আরও সহজ এবং সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। বিশেষ করে যারা আলাদা পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য এটি একটি বড় সুবিধা।

সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে, যেখানে মেসেজিং থেকে শুরু করে আর্থিক লেনদেন সবই এক জায়গায় করা সম্ভব হবে।

তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

কালের আলো/এম/এএইচ

ডপলার রিসার্চের জরিপ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ আগস্ট) জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভালো করছেন না। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি। সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে ৩২ দশমিক ৯ শতাংশ সরকারের কাজকে খারাপ বলেছেন।

দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে চলছে। এ প্রশ্নে ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপে নাগরিকদের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ৫৯ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের মূল্যকে দেশের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষ ফ্যামিলি কার্ডকে সমর্থন করেন। করনীতির প্রতি সমর্থন রয়েছে ৭০ দশমিক ৭ শতাংশের এবং সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন ৭০ শতাংশ উত্তরদাতা।

জরিপের মাঠপর্যায়ের কাজ চলতি আগস্ট মাসে পরিচালিত হয়। প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের সময় মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছিল। গবেষণা প্রতিষ্ঠানটির ভাষায়, সামগ্রিক ফলাফলকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখা যায়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

‎বুধবার (১৯ আগস্ট) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

‎অন্যদিকে, কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেশি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট একদিনেই দেশে ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। যা ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।

কালের আলো/আরডি/এমডিএইচ