খুঁজুন
                               
রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ওবায়দুল কাদেরসহ পলাতক ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
ওবায়দুল কাদেরসহ পলাতক ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ

২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে আজ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। তারা সবাই পলাতক।

রোববার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন হতে পারে।

এর আগে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ গত ২৭ এপ্রিল শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৭ মে দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের মতে, ওবায়দুল কাদের সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। জুলাই-আগস্টে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে তার দলের অন্য নেতারা বিশেষ করে বাহাউদ্দিন নাছিম, আরাফাত পুরো প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছেন। ওই সময় পুলিশ বা অন্যান্য বাহিনীর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং ছাত্রজনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে, অঙ্গহানি করেছে।

প্রসিকিউশন জানায়, এসব কারণে ওবায়দুল কাদেরকে এখানে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে এই মামলার আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা। সেই কমান্ড রেসপন্সিবিলিটির কারণে তাদের আসামি করা হয়েছে।

মামলায় প্রসিকিউশনের অভিযোগ, আসামিরা জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য বলে মনে করে প্রসিকিউশন।

কালের আলো/এসআর/এএএন

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকার আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানী ঢাকায় এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

ফকির মাহবুব আনাম জানান, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে চায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করতে হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) মন্ত্রী জানিয়েছিলেন, সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির সংযোগ পৌঁছে দিতে সরকার কাজ করছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:০২ অপরাহ্ণ
ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র 

Oplus_131072

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। সেই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বহিরাগত দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডুয়েট এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছেন।

এর আগে, ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।

কালের আলো/এসএকে

ক্যানসার প্রতিরোধে প্রাইমারি হেলথ কেয়ারকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ক্যানসার প্রতিরোধে প্রাইমারি হেলথ কেয়ারকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মূল ভিত্তি হিসেবে ধরে কাজ করছে।

শনিবার (১৬ মে) সুইজারল্যান্ডের জেনেভায় কমনওয়েলথ হেলথ কোঅর্ডিনেশন ফোরামে ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ক্যানসার চিকিৎসা’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের পক্ষে দেওয়া তার বক্তব্যে স্পষ্ট করেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ জোর দিচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ক্যানসার চিকিৎসা সহজলভ্য, সাশ্রয়ী এবং জনবান্ধব করতে একে প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোর সঙ্গে একীভূত করা অপরিহার্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২২ সালের একটি পরিসংখ্যান তুলে ধরে জানান, বাংলাদেশে বছরে বিপুল সংখ্যক মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ ক্যানসারজনিত কারণে মারা যাচ্ছেন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসার অভাব এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে এই চ্যালেঞ্জ আরও প্রকট হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ক্যানসার ব্যবস্থাপনা গাইডলাইন এবং সমন্বিত এনসিডি (অসংক্রামক ব্যাধি) কৌশল প্রণয়ন করা হয়েছে। এছাড়া তথ্যভিত্তিক সঠিক পরিকল্পনার জন্য হাসপাতাল-ভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকারের বড় সাফল্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশজুড়ে লাখ লাখ কিশোরীকে লক্ষ্য করে আমরা বড় পরিসরে এইচপিভি টিকাদান কর্মসূচি চালু করেছি। এছাড়া জরায়ুমুখ, স্তন এবং মুখের ক্যানসার স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।

বক্তব্যে প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের কিছু সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন। তিনি বলেন, বিশেষায়িত অবকাঠামোর ঘাটতি, দক্ষ জনবলের অভাব, অসমান সেবা বণ্টন এবং অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের মতো বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রধান শহরগুলোর বাইরে ক্যানসার চিকিৎসাকে বিকেন্দ্রীকরণ এবং প্যাথলজি ও অনকোলজি খাতের উন্নয়নে কাজ চলছে।

ক্যানসার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা বলেন, দক্ষ জনবল তৈরি, ক্যানসার গবেষণা, ডিজিটাল হেলথ এবং স্ক্রিনিং কার্যক্রম জোরদারে কমনওয়েলথ দেশগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে কমনওয়েলথ সদস্য রাষ্ট্র, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

কালের আলো/এসএকে