খুঁজুন
                               
, ,
           

৪ মাসে মেঘনায় ৪ খুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন: প্রশ্ন হাসনাতের

কুমিল্লা প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
৪ মাসে মেঘনায় ৪ খুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন: প্রশ্ন হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মানুষ বলছে এ সরকারের অনেক গুণ। কিন্তু চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে।

একটি উপজেলায় চার মাসে যদি চারটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? তিনি কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা নেই।

আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এ সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না।

অনুষ্ঠানে মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।

কালের আলো/এসআর/এএএন

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ছয় দিনের বিরতি শেষে শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব চলছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, এরপর জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ, একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং আইন প্রণয়নসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।

কার্যসূচি অনুযায়ী, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি সংসদে উত্থাপন করে পরীক্ষাপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

এ ছাড়া ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী তাৎক্ষণিক বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। পরে বিলটি পাসের প্রস্তাবও উত্থাপন করবেন শিক্ষামন্ত্রী।

অধিবেশনের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এদিন বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে প্রাপ্ত নোটিশ নিষ্পত্তির পাশাপাশি দুটি গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে। এর মধ্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের সংকট, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। অন্যদিকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম প্রকৃত ভূমিহীন ও দরিদ্রদের মধ্যে খাস জমি বন্দোবস্তের বিষয়ে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

অধিবেশনে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর ওপর বিশেষ কমিটির প্রতিবেদনও উপস্থাপন করবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

ভিডিও ভাইরালের পর অভিনেত্রী কেয়া পায়েলের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের পর অভিনেত্রী কেয়া পায়েলের রহস্যময় পোস্ট

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। কখনো তারা গল্প করছেন, কখনো রেস্টুরেন্টে নিজের হাতে তরুণকে খাবার খাইয়ে দিতে দেখা গেছে।

টিকটক থেকে এ ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তখন ভিডিওর যুবকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়েও নানা চর্চা হওয়া এবং চারদিকে গুঞ্জন ছড়াতে থাকে।

সেই ভিডিও নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও ঘটনার এক সপ্তাহ পরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কেয়া পায়েলের।

এদিকে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন একটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী; যা নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। নিজের নতুন একটি ছবি পোস্ট করে একটি রহস্যময় ক্যাপশন দিয়েছেন। কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

সোমবার (৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ ক্যাপশন দেন কেয়া পায়েল। নিজের লাস্যময়ী ছবির সঙ্গে জুড়ে দেয়া ক্যাপশন মুহূর্তেই নজর কাড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তারা সঙ্গে সঙ্গে নানা মন্তব্য শুরু করেন।

তবে নেটিজেনদের অধিকাংশের মন্তব্যই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে―কদিন আগের ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকই কি তাহলে কেয়া পায়েলের প্রথম ভালোবাসা, নাকি অন্য কেউ? কারও কারও মতে, অভিনেত্রীর সেই প্রথম ভালোবাসার মানুষটিই বা কে। তবে নানা মন্তব্য থাকলেও কোনো পাল্টা জবাব বা প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ছোটপর্দার এই তারকাকে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রতিরক্ষা, নিরাপত্তা ও বিমান চলাচলে কানাডা ও বাংলাদেশের সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এসব তথ্য জানায়।

জেনারেল ওয়াকার-উজ-জামান এবং হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনীর বিমান চলাচল, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

উভয় পক্ষই অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে এবং শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর যোগাযোগ বজায় রাখার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে যে ভূমিকা পালন করেছেন তার জন্য সেনাপ্রধানকে ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

বৈঠকে কানাডা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তায় কানাডা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি