খুঁজুন
                               
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ়, ১৪৩৩
           

দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় দলটির সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে এই নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, সেই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করা হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এ অবস্থায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে এই বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তারা এসংক্রান্ত চিঠি পেয়েছেন। তবে তিনি বলেন, ‘স্পেসিফিক কোনো থ্রেট বা আশঙ্কা নেই। আমরা সতর্ক আছি।’

তিনি আরও বলেন, ‘সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররমের আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীও রয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকবে বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, ‘আমাদের নতুন পরিকল্পনা, নতুন নিরাপত্তা চেকপোস্ট ও অপারেশন কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা এবং প্রভাবশালী সংসদ সদস্যদের একে একে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের জোটসঙ্গী বিভিন্ন দলের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দলটির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তাদের দেখা যায় না।

আন্দোলন দমনে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন সময় ধরপাকড় চালানোর কথাও জানিয়েছে পুলিশ।

কালের আলো/এসএকে

রাজশাহীতে জেএফএ জাতীয় যুব নারী ফুটবলে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ

মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
রাজশাহীতে জেএফএ জাতীয় যুব নারী ফুটবলে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ

জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেণ্যুর ম্যাচে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা।

শুক্রবার (১৯ জুন) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ‘বি’ গ্রুপের ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।

বিজয়ী দলের আফরিন ২টি ও মিতিলা ১টি গোল করেন।

ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন। তাকে সহযোগিতা করেন আইরিন আকতার, সরেন ও লিজা।

কালের আলো/এম/এএইচ

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেখে নেতাকর্মীদের বড় অংশই ক্ষুব্ধ। তারা এই কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। এই কমিটি নিয়েই নেতাকর্মীদের ক্ষোভ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে। বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিচ্ছেন। বলছেন, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, ‘আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা কেন্দ্রে কথা বলেছি। এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেন।’

কালের আলো/এএইচ/এমএসআইপি 

যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর

অবশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন ও ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, দিনের শুরুতে চরম উত্তেজনার পর ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন।

অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননের ‘বাফার জোনে’ অবস্থান করবে, যেখানে তারা বর্তমানে একটি বিশাল এলাকা দখল করে রেখেছে।

তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলে হামলা করে, তাহলে তারা আবারো যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়বে।’

মূলত, যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে হামলা অব্যাহত রাখে ইসরায়েল। এর প্রতিবাদে শান্তি চুক্তি বাস্তবায়নে আজ শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন আলোচকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি প্রতিনিধি দল।

ইরান বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের কাফার তেবনিতের কাছে একটি অভিযান চলাকালে তাদের ট্যাংকে হামলা হলে চারজন সৈন্য নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে। জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে নাবাতিয়া শহর ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করার পর ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইরানের পক্ষে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে চলমান ইসরায়েলি হামলায় লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ