খুঁজুন
                               
, ,
           

সত্যিই রয়েছে ‘মুসাফির ক্যাফে’! কীভাবে যাবেন, কত খরচ জেনে নিন

ট্রাভেল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
সত্যিই রয়েছে ‘মুসাফির ক্যাফে’! কীভাবে যাবেন, কত খরচ জেনে নিন

নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলোচনায় রয়েছে ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প ও অভিনয়ের পাশাপাশি সিরিজে দেখানো পাহাড়ঘেরা মনোরম ক্যাফেটিও নজর কেড়েছে দর্শকদের। সিরিজটি দেখার পর অনেকেই বাস্তবে সেই জায়গায় গিয়ে এক রাত কাটানোর পরিকল্পনা করছেন। ফলে অনলাইনে বেড়েছে এর অবস্থান ও থাকার খরচ নিয়ে আগ্রহ।

তবে সিরিজে ‘মুসাফির ক্যাফে’ নামে দেখানো জায়গাটি আসলে কোনো ক্যাফে নয়। এটি ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত ঐতিহ্যবাহী ঝাড়িপানি ক্যাসেল, বর্তমানে যা একটি হেরিটেজ বুটিক হোমস্টে হিসেবে পরিচালিত হচ্ছে।

দুন উপত্যকার পাশে পাহাড়ঘেরা পরিবেশ, কাঠ ও কাচের নান্দনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি আগে থেকেই পর্যটকদের কাছে আকর্ষণীয়। সিরিজে প্রদর্শনের পর সেটি পেয়েছে নতুন পরিচিতি।

ঝাড়িপানি ক্যাসেল নির্মিত হয় ১৯৩২ সালে। একসময় এটি ব্রিটিশ সেনা কর্মকর্তাদের গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে পাটিয়ালা রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস হিসেবেও ভবনটির ব্যবহার ছিল।

বর্তমানে বহরি পরিবারের তত্ত্বাবধানে এটি বিলাসবহুল হোমস্টেতে রূপ নিয়েছে। পুরোনো স্থাপত্যের বৈশিষ্ট্য ধরে রাখার পাশাপাশি এখানে যুক্ত হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা।

হোমস্টেটিতে রয়েছে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা। এর মধ্যে লগ হাট, ডিলাক্স লগ হাট, ভ্যালি ভিউ ডিলাক্স, স্যুট ও জাকুজি স্যুট উল্লেখযোগ্য। বিশেষ করে কাঠের তৈরি লগ হাটে থাকার অভিজ্ঞতা অনেকটা পাহাড়ি কটেজে থাকার মতো।

কক্ষের ধরন ও মৌসুম অনুযায়ী থাকার খরচ পরিবর্তিত হয়। সাধারণ কক্ষের ভাড়া প্রায় ৬ হাজার ৪০০ টাকা থেকে শুরু হতে পারে। লগ হাটের ভাড়া প্রায় ৪ হাজার ৬০০ থেকে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

ডিলাক্স লগ হাটে এক রাতের জন্য খরচ হতে পারে ১০ থেকে ১৫ হাজার টাকা। আর ভ্যালি ভিউ ডিলাক্স কিংবা জাকুজি স্যুটের মতো প্রিমিয়াম কক্ষের ভাড়া ২০ থেকে ২৬ হাজার টাকা বা তারও বেশি হতে পারে। সপ্তাহান্ত ও পর্যটন মৌসুমে ভাড়া আরও বাড়তে পারে।

এদিকে ‘মুসাফির ক্যাফে’ নামে বাস্তবেও একটি ক্যাফে রয়েছে ভারতের হিমাচল প্রদেশের বীর এলাকায়। ২০১৭ সালে গৌরব কুশওহা এটি প্রতিষ্ঠা করেন। তবে নেটফ্লিক্স সিরিজের শুটিং সেখানে হয়নি।

সিরিজে দেখা ক্যাফের অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে মুসৌরির ঝাড়িপানি ক্যাসেলেই।

সিরিজ-সিনেমায় দেখা লোকেশন বাস্তবে ঘুরে দেখার প্রবণতাকে বলা হয় ‘সেট-জেটিং’। ‘মুসাফির ক্যাফে’ সেই প্রবণতার নতুন উদাহরণ হয়ে উঠেছে। পাহাড়, কুয়াশা, কাঠের কটেজ আর নিরিবিলি পরিবেশের টানে এখন দর্শকদের অনেকেই ছুটতে চাইছেন মুসৌরির এই ঐতিহাসিক হোমস্টের দিকে।

কালের আলো/এসএ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯০০ ছাড়াল

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৯৮ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯০২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮০৩ জনের।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭০ জন শিশু। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ৭২৮ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

প্রসঙ্গত, হাম হলো রুবেওলা ভাইরাসের কারণে হওয়া একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। উচ্চ জ্বর, সর্দি, কাশি এবং সারা শরীরে লাল ফুসকুড়ি বা দানার সৃষ্টি এর প্রধান লক্ষণ।

চিকিৎসকরা সতর্ক করছেন, সময়মতো চিকিৎসা না করালে এটি নিউমোনিয়া বা অন্যান্য মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় সিদ্ধান্তের আলোকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের আলোকে ওই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন মনোনীত চার নেতার মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তাদের অবদান থাকবে বলে আশা করছে বিএনপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল রোববার (১৬ আগস্ট) সড়ক পথে কিশোরগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি।

দিনব্যাপী এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎসপক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শপথ নেওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার দীর্ঘদিনের ভাঙা সড়ক মেরামত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনরাত একাকার করে শ্রমিকরা বালু-সুড়কি ফেলছেন সড়কের গর্তগুলোতে।

সড়কের দুপাশে দীর্ঘদিন জমে থাকা ময়লা আবর্জনা এখন নেই বললেই চলে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচী:

রোববার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান দেবেন। পরে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীকে বরণ করতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সংসদ সদস্যরা।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

তারা বলেন, জাতীয় মৎস্য পক্ষের মতো বড় আয়োজন সাধারণত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে থাকে। তবে এবারই প্রথম রাজধানীর বাইরে এ আয়োজন হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ হয়ে থাকে। এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর আগ্রহে এবারের মূল আয়োজন কটিয়াদীতে করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা পুরোপুরি প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য।

দিনব্যাপী কর্মসূচী শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি