খুঁজুন
                               
, ,
           

বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন দিগন্ত, দ্বিপাক্ষিক আলোচনায় জেনারেল আজিজ-পারকাসা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ৯:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন দিগন্ত, দ্বিপাক্ষিক আলোচনায় জেনারেল আজিজ-পারকাসা

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

নিজেদের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। ঠিক এমন সময়ে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এ দেশটিতে সরকারি সফরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রায় দুই বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্দোনেশিয়া সফরের মধ্যে দিয়ে ঢাকা ও জাকার্তার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে সেনাপ্রধান, বিভিন্ন বিষয়ে আলোচনা

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আন্দিকা পারকাসা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

সাক্ষাতের শুরুতেই বন্ধুপ্রতীম দুই দেশের সেনাপ্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্যে দিয়ে দুই দেশের চলমান সম্পর্ক অন্য রকম এক উচ্চতায় পৌঁছার পাশাপাশি সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের ভাষ্য মতে, দুই দেশের সেনাপ্রধানের মধ্যকার আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাত দুই দেশের সম্পর্ককে গতিশীল এবং অপার সম্ভাবনার দূয়ার খুলে দিতে পারে।

আরও পড়ুন: সেনাপ্রধানকে অনন্য সম্মান, ইন্দোনেশিয়ায় যেন এক টুকরো বাংলাদেশ!

ইন্দোনেশিয়ার সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তাঁর জীবনসঙ্গীকে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল আন্দিকা পারকাসা ও তাঁর পত্নী স্বাগত জানান। এ সময় ইন্দোনেশিয়া সেনাবাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং তাদের পত্নীরাও উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়া সেনা সদর দপ্তরে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের সেনাপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় প্রশিক্ষণ বিনিময়, কাউন্টার টেরোরিজমের ক্ষেত্রে সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিকর প্রভাবের বিষয়টিও।

জানা যায়, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আদিনিবাসে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সেনাপ্রধানকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধানে ইন্দোনেশিয়াকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চারদিনের সরকারি সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার (১৮ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ইন্দোনেশিয়ার বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী শুক্রবার (২৩ আগস্ট) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/কেএএই/এমএএএমকে

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ দিয়ে পরীমনির প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ দিয়ে পরীমনির প্রত্যাবর্তন

দেড় বছরের বেশি সময় পর আবারও অভিনয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ‘সেপারেশন’ নামের নতুন একটি ওয়েব ফিকশনের মাধ্যমে ওটিটিতে পর্দায় ফিরছেন তিনি। ওয়েব ফিকশনটি পরিচালনা করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ‘সেপারেশন’-এর শুটিং। শুটিংয়ের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে নতুন কাজের খবরটি জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লিখে ওয়েব ফিকশনটির নাম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে নায়ক নিরবকেও। এর মধ্য দিয়ে ইমতিয়াজ বর্ষণ ও পরীমনির নতুন জুটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

ওয়েব ফিকশনটিতে পরীমনিকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তবে গল্প কিংবা চরিত্র নিয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলছে এর শুটিং।

অভিনয়ে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি সত্যিই অনেক খুশি। দেশের মানুষ আমাকে ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।’

কালের আলো/এএইচ/এমএসআইপি 

জনকল্যাণে উন্নয়ন বরাদ্দে সর্বোচ্চ স্বচ্ছতার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
জনকল্যাণে উন্নয়ন বরাদ্দে সর্বোচ্চ স্বচ্ছতার অঙ্গীকার

ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাধারণ খাতের বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলোকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সরকার জনগণের চাহিদা পূরণে জনকল্যাণে কাজ করছে।

রোকনুজ্জামান সরকার রোকন বলেন, অর্থনৈতিক সংকটের মধ্যেও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। তাই এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি/এসকে 

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি