খুঁজুন
                               
, ,
           

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান, আটক ৫৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান, আটক ৫৭ হাজার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে দেশজুড়ে প্রায় ৯ হাজার ৭০০টি অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

একই সময়ে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি।

তিনি জানান, ২৬০ দিনে প্রতিদিন গড়ে ৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৩৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে অভিবাসন বিভাগের নিজস্ব অভিযানে আটক করা হয়। আরও ২২ হাজারের বেশি ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রবেশপথে অথবা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানে প্রধানত বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত কাজের বাইরে অন্য খাতে কাজ করার মতো অনিয়ম ধরা পড়েছে।

অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের জেনেশুনে কাজে নিয়োগ দেওয়া ব্যক্তি, আশ্রয়দাতা বাড়ির মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

লোকমান এফেন্দি সাধারণ নাগরিকদের উদ্দেশে বলেন, কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন বা অভিবাসন আইন লঙ্ঘন করছেন—এমন তথ্য পেলে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। বরং ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ বিষয়টি অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযান সারা বছর অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: দ্য স্টার, নিউ স্ট্রেইটস টাইমস ও বারনামা।

কালের আলো/এমএসআইপি 

‘গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাস, ভবিষ্যত নিয়ে দিলেন যে ক্যাপশন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
‘গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাস, ভবিষ্যত নিয়ে দিলেন যে ক্যাপশন

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি লাইব্রেরির বইঘেরা পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে একটি ব্যতিক্রমী ফটোশুট করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

চকচকে ধূসর-বাদামি (শিমারিং গ্রে-ব্রাউন) রঙের আধুনিক টু-পিস স্যুটে বইটির পাতা উল্টিয়ে এবং বিভিন্ন ভঙ্গিমায় তার পোজ দেওয়ার ছবিগুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে অপু বিশ্বাস একটি অনুপ্রেরণামূলক ক্যাপশন দিয়েছেন। তিনি লিখেছেন, “ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যৎটা নিজেই তৈরি করে নেওয়া।”

অভিনেত্রীর এই নতুন এবং মার্জিত লুক দেখে অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন। অনেকেই তার এই ব্যতিক্রমী আবহের প্রশংসা করার পাশাপাশি তাদের শৈশবের প্রিয় নায়িকাকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন. কেউ কেউ আবার মন্তব্য করেছেন যে, স্যুট-প্যান্টের চেয়ে লাইব্রেরির এই পরিবেশে ঐতিহ্যবাহী শাড়ি পরলে লুকটি আরও বেশি মানানসই হতো।

অপু বিশ্বাস সম্প্রতি কামরুজ্জামান রোমান পরিচালিত ও নেপালে চিত্রায়িত ‘শিকার’ নামের একটি চলচ্চিত্রের সিংহভাগ শুটিং শেষ করেছেন। তবে সিনেমাটির প্রধান নায়ক মরতুজা পলাশ আইনি জটিলতায় বর্তমানে কারাগারে থাকায় এর বাকি অংশের কাজ কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে। 

কালের আলো/এসএ

ফার্মগেটে রিজভীর নেতৃত্বে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
ফার্মগেটে রিজভীর নেতৃত্বে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

মিছিলটি খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কালের আলো/এমএসআইপি 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘এমন কোনো শর্ত নেই।’ তবে আইএমএফের একটি মৌলিক নীতি হলো, সরকার যেন অতিরিক্ত ভর্তুকি না দেয়।
তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে আইএমএফের নিয়ম মেনে চলছে—বিষয়টি এমন নয়। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করছে।
জ্বালানি খাতে ভর্তুকির প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তরল জ্বালানির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতে সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তা যোগ করলে ভর্তুকির পরিমাণ অনেক বড়। এই ভর্তুকি কমানো প্রয়োজন। কতটা কমানো হবে এবং কোন খাতে কী পরিমাণ সমন্বয় করা যায়, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে।
জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত করার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় নির্ধারণ করা।

কালের আলো/এমএসআইপি