খুঁজুন
                               
, ,
           

প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক দিল্লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক দিল্লি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির অবস্থান এখনো ইতিবাচক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠক উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে হবে। এ নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

আমন্ত্রণ এখনো উন্মুক্ত

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিনেশ ত্রিবেদী। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে।

দিনেশ ত্রিবেদী জানান, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের বিষয়ে কোনো তাড়াহুড়ো দেখছেন না তিনি। উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এর আগে আগস্ট ও সেপ্টেম্বরেও ভারতীয় হাইকমিশনার তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছিলেন। সেপ্টেম্বরে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ বহাল রয়েছে এবং উপযুক্ত সময়ে সফরটি হতে পারে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়নি বলে জানান দিনেশ ত্রিবেদী। তবে বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এ সময় সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ) নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

প্রতিবেশীদের সঙ্গে কাজ করার অঙ্গীকার

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক সম্মানভিত্তিকভাবে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।

এর আগে ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরও দিনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, ভারতীয় পক্ষ তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে এবং দুই দেশের নেতাদের বৈঠক হলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

কালের আলো/এসকে/এমএসআইপি

পদক তালিকায় চীন শীর্ষে, নিচের দিকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
পদক তালিকায় চীন শীর্ষে, নিচের দিকে বাংলাদেশ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মাঠের লড়াই জমে উঠেছে। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে বরাবরের মতোই পদক তালিকায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে চীন। স্বর্ণপদকের সংখ্যায় অন্য দেশগুলোর তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেশটি। অন্যদিকে বাংলাদেশের ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে একটি ব্রোঞ্জ পদক।

২৮ সেপ্টেম্বরের সর্বশেষ প্রকাশিত পদক তালিকা অনুযায়ী, চীন ১৩২টি স্বর্ণ, ৫৩টি রৌপ্য ও ৪৫টি ব্রোঞ্জসহ মোট ২৩০টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। স্বাগতিক জাপান ৪১টি স্বর্ণ, ৬৮টি রৌপ্য ও ৬৩টি ব্রোঞ্জসহ মোট ১৭২টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে। দক্ষিণ কোরিয়া ২১টি স্বর্ণ, ২৬টি রৌপ্য ও ৪৩টি ব্রোঞ্জসহ ৯০টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

চীনের একক আধিপত্য

এশিয়ান গেমসে চীনের শক্তিশালী অবস্থান এবারও স্পষ্ট। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ধারাবাহিক সাফল্যের কারণে স্বর্ণপদকের তালিকায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেশটি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের স্বর্ণের সংখ্যা ১৩২, যা দ্বিতীয় স্থানে থাকা জাপানের ৪১টি স্বর্ণের তিন গুণেরও বেশি।

জাপান স্বাগতিক হিসেবে ১৭২টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও স্বর্ণের সংখ্যায় চীনের চেয়ে অনেক পিছিয়ে। দক্ষিণ কোরিয়াও ৯০টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ভারতের অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থানও উল্লেখযোগ্য। ২৯ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ভারত পাঁচটি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ মোট ৪৭টি পদক অর্জন করেছে। পদক এসেছে কাবাডি, শুটিং, ক্রিকেট, কুরাশ, ভারোত্তোলন, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্ট থেকে।

বাংলাদেশের ঝুলিতে এক ব্রোঞ্জ

এশিয়ান গেমসে বাংলাদেশ এখন পর্যন্ত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ফলে পদক তালিকার নিচের সারিতে রয়েছে বাংলাদেশ।

তবে ক্রিকেটে বাংলাদেশের সামনে আরও পদক জয়ের সুযোগ রয়েছে। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে উঠেছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

জমে উঠেছে শেষ পর্বের লড়াই

আইচি-নাগোয়া এশিয়ান গেমস চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ফলে শেষ কয়েক দিনে অ্যাথলেটিকস, শুটিং, বক্সিং, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে আরও পদক নির্ধারিত হবে।

চীনের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার অবস্থানও নজরে রয়েছে। আর বাংলাদেশের জন্য সামনে রয়েছে ক্রিকেটসহ কয়েকটি ইভেন্টে পদক জয়ের সুযোগ। ফলে আসর শেষ হওয়ার আগে বাংলাদেশের পদকসংখ্যা আরও বাড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কালের আলো/এসএ

বিশ্বকাপের সূচি প্রকাশে প্রস্তুত আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
বিশ্বকাপের সূচি প্রকাশে প্রস্তুত আইসিসি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরুর এক বছর আগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আগামী বৃহস্পতিবার, ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি উন্মোচন করা হবে।

শুধু সূচি প্রকাশ নয়, একই দিন থেকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর টিকিট কেনার জন্য ব্যালট ও নাম নিবন্ধনের প্রক্রিয়াও শুরু হবে। ফলে সূচি প্রকাশের দিনটিকে ঘিরে এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

২ অক্টোবর শুরু, ফাইনাল ২১ নভেম্বর

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে মাঠে গড়াতে পারে ওয়ানডে বিশ্বকাপ। প্রায় দেড় মাসের লড়াই শেষে ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টের দ্বাদশ আসর।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। তিন দেশই যৌথভাবে আয়োজন করবে বিশ্বের অন্যতম বড় ক্রিকেট আসরটি।

১৪ দলের মধ্যে ১০ দল চূড়ান্ত

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ১০টি দলের অবস্থান নিশ্চিত হওয়ার কথা।

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। অন্য সহ-আয়োজক নামিবিয়ার অংশগ্রহণ অবশ্য এখনো নিশ্চিত নয়।

স্বাগতিক কোটার বাইরে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। বাকি চার দলকে বাছাইপর্বের কঠিন পথ পেরিয়ে মূল আসরে জায়গা করে নিতে হবে।

সরাসরি বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম অবস্থানে থাকলেও বাংলাদেশের সামনে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে। কারণ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র‌্যাংকিংয়ের মাধ্যমে একটি জায়গা দখল করলেও তারা স্বাগতিক কোটায় মূল পর্বে জায়গা পেয়েছে।

ফলে র‌্যাংকিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশের জন্য সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার পথ খুলে গেছে। নাজমুল হোসেন শান্তদের জন্য এটি বড় স্বস্তির খবর।

অন্যদিকে, বর্তমানে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

কীভাবে হবে বিশ্বকাপের লড়াই

২০২৭ বিশ্বকাপের মূল প্রতিযোগিতাকে সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি ধাপে ভাগ করা হয়েছে।

প্রথম ধাপে র‌্যাংকিংয়ের নিচের দিকে থাকা তিন দলকে নিয়ে আয়োজন করা হবে একটি ‘সুপার সিরিজ’। রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই পর্ব থেকে শুধু পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে।

এরপর দ্বিতীয় ধাপে ১২টি দল নিয়ে শুরু হবে মূল লড়াই। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

‘সুপার সেভেন’ নির্ধারণ করবে শেষ চার

দুই গ্রুপের সেরা তিনটি করে মোট ছয়টি দল পরের ধাপে যাবে। এর সঙ্গে দুই গ্রুপের পরবর্তী সেরা দলগুলোর মধ্যে সামগ্রিকভাবে সপ্তম অবস্থানে থাকা একটি দল যুক্ত হয়ে গঠন করবে ‘সুপার সেভেন’।

এই পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সব মিলিয়ে অনুষ্ঠিত হবে ২১টি ম্যাচ।

সুপার সেভেন পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

২১ নভেম্বর ফাইনাল

সেমিফাইনালে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থাকা দল মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। অন্য সেমিফাইনালে লড়বে দ্বিতীয় ও তৃতীয় স্থানের দল।

দুটি সেমিফাইনালের বিজয়ী দল ২১ নভেম্বর মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। সেদিনই নির্ধারিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

সূচি প্রকাশের মধ্য দিয়ে তাই বিশ্বকাপের মাঠের লড়াইয়ের আনুষ্ঠানিক কাউন্টডাউন আরও এক ধাপ এগিয়ে যাবে। আর ১ অক্টোবর কেপটাউনের অনুষ্ঠানেই পরিষ্কার হয়ে যাবে কোন দল কোন গ্রুপে, কোন ভেন্যুতে এবং কখন নিজেদের ম্যাচ খেলবে।

কালের আলো/এসএ

‘অর্ধশতাধিক’ ককটেল বিস্ফোরণ আতঙ্ক পদ্মার চরে 

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
‘অর্ধশতাধিক’ ককটেল বিস্ফোরণ আতঙ্ক পদ্মার চরে 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামের একটি বাড়িতে বিকট শব্দে ‘অর্ধশতাধিক’ ককটেল বিস্ফোরণে ঘরের টিনের চালা উড়ে গেছে। এতে দুর্গম চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয়দের দাবি, অন্তত অর্ধশতাধিক ককটেল বা হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে বাড়িটির দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, বাড়িটিতে বিপুল সংখ্যক ককটেল মজুদ ছিল।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরপুর নরোশিয়া গ্রামের ইউনূস আলীর ছেলে ইয়াহিয়ার বাড়িতে এসব ককটেল রাখা হয়েছিল।

বিস্ফোরণের পর বাড়িটির একটি দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তবে এতে কোনো আগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি।
‎ঘটনার পর বিস্ফোরণের কারণ ও ককটেল মজুদের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎তবে বিস্ফোরিত ককটেলের সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের কথা বললেও, ঠিক কতটি বিস্ফোরিত হয়েছে তা জানাতে পারেনি পুলিশ, বিজিবি কিংবা গোয়েন্দা সংস্থা। ফলে ককটেলের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

‎স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশে এসব ককটেল মজুদ করা হয়ে থাকতে পারে। অপর একটি সূত্রের দাবি, ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে সরবরাহের জন্য এসব ককটেল মজুদ করা হয়ে থাকতে পারে। তবে এ দাবিগুলোর সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। বলে জানিয়েছে পুলিশ।

‎চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কারা, কেন এবং কীভাবে সেখানে মজুদ করেছিল তদন্তের পরই তা স্পষ্ট হবে।

৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবি। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন রয়েছে।

তিনি জানান, জহুরপুর ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নরোশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি