খুঁজুন
                               
, ,
           

মুশকিলে স্বর্ণের ক্রেতা-বিক্রেতারা 

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
মুশকিলে স্বর্ণের ক্রেতা-বিক্রেতারা 

রাইসুল ইসলাম খান, কালের আলো:

উপমহাদেশে বিয়ের গহনা হিসেবে প্রাচুর্যের প্রতীক স্বর্ণ। স্বর্ণের গহনা ছাড়া বর্তমান সময়ে বিয়ের অনুষ্ঠান কল্পনাই করা যায় না! মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের বিয়েতেও কনের অলঙ্কার হিসেবে ন্যূনতম দুয়েক ভরি গহনা কেনার রেওয়াজ আছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এমনিতেই নিত্যপণ্যের দামে দৈনন্দিন বাজেট মেলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। তারওপর লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এ অবস্থায় গহনা কেনার বিলাসিতায় কতজন করতে পরবেন সেটা নিয়ে মাথাব্যথা স্বর্ণ ব্যবসায়ীদের।

অনেকেই বলছেন, স্বর্ণের বাড়তি দাম চলে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ফলে এটি নেতিবাচক প্রভাব ফেলবে বিয়ের বাজেটে। যদিও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জানায়, সবশেষ টানা ৪ দফায় ভরিতে মোট দাম কমানো হয়েছে ৯ হাজার ১৭ টাকা। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বর্ণ কেনা অনেকটাই গরিবের ঘোড়া রোগ হিসেবে রূপ নিয়েছে।

রাজধানীর তাঁতিবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে কথা হয় জুলহাস ইসলাম নামে এক ক্রেতার সঙ্গে। গজর গজর ভঙ্গিতে তিনি বলেন, ‘মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে বর্তমান সময়ে এসে বিয়ের ক্ষেত্রে কনেকে কমপক্ষে তিন থেকে পাঁচ ভরি স্বর্ণ দেয়া লাগে।’ আগামী ফেব্রুয়ারিতে মেয়ের বিয়ে। বর্তমানে স্বর্ণের ভরি ১ লাখ ৩৪ হাজার টাকা। এতে মজুরিসহ এক ভরি স্বর্ণের গহনার দাম পড়ে প্রায় দেড় লাখ টাকার মতো। এতো টাকা গহনার পেছনে খরচ করলে বাকি অনুষ্ঠান কীভাবে করবেন তা নিয়ে শঙ্কায় আছেন তিনি।

স্বর্ণের আকাশছোঁয়া দামে মাথায় হাত পড়েছে সমাপ্তি সাহার (২৮)। তাঁর বিয়ে আগামী ডিসেম্বরে। কিন্তু কেনাকাটা করতে গিয়ে স্বর্ণের দাম শুনে মাথায় হাত পুরান ঢাকার এই বাসিন্দার। তিনি স্বর্ণের বদলে মাটির গহনায় বিয়ের পিড়িতে বসতে চান। তাঁর মতে, এটি ফ্যাশনের দিক থেকেও বৈচিত্র্যময়।’

জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, সারা বছরের বিক্রির একটি বড় অংশ হয় নভেম্বর-ফেব্রুয়ারি মাসে, মানে বিয়ের মৌসুমে। কিন্তু এবার বেচাবিক্রি প্রত্যাশার অর্ধেকও পূরণ করতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

পুরান ঢাকার আরেক স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস (৫৫) জানান, বর্তমানে বাজারে স্বর্ণের দাম বেশ চড়া। ডিজাইনের ওপর ভিত্তি করে সীতাহারজাতীয় গহনার দাম আড়াই থেকে তিন লাখ টাকায় শুরু হয়। বিয়ের জন্য সীতাহারের পাশাপাশি হাতের কাঁকন, গলার চেইন, মাথার টিকলি-টোপর, আঙুলের আংটি কেনেন গ্রাহকরা। সব মিলিয়ে স্বর্ণের গহনা বাবদ অন্তত ৫ থেকে ৭ লাখ টাকা খরচ হয়।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে, সবশেষ গত ১২ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে ১৩ নভেম্বর থেকে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

কালের আলো/আরআই/এমকে

‘গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাস, ভবিষ্যত নিয়ে দিলেন যে ক্যাপশন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
‘গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাস, ভবিষ্যত নিয়ে দিলেন যে ক্যাপশন

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি লাইব্রেরির বইঘেরা পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে একটি ব্যতিক্রমী ফটোশুট করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

চকচকে ধূসর-বাদামি (শিমারিং গ্রে-ব্রাউন) রঙের আধুনিক টু-পিস স্যুটে বইটির পাতা উল্টিয়ে এবং বিভিন্ন ভঙ্গিমায় তার পোজ দেওয়ার ছবিগুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে অপু বিশ্বাস একটি অনুপ্রেরণামূলক ক্যাপশন দিয়েছেন। তিনি লিখেছেন, “ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যৎটা নিজেই তৈরি করে নেওয়া।”

অভিনেত্রীর এই নতুন এবং মার্জিত লুক দেখে অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন। অনেকেই তার এই ব্যতিক্রমী আবহের প্রশংসা করার পাশাপাশি তাদের শৈশবের প্রিয় নায়িকাকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন. কেউ কেউ আবার মন্তব্য করেছেন যে, স্যুট-প্যান্টের চেয়ে লাইব্রেরির এই পরিবেশে ঐতিহ্যবাহী শাড়ি পরলে লুকটি আরও বেশি মানানসই হতো।

অপু বিশ্বাস সম্প্রতি কামরুজ্জামান রোমান পরিচালিত ও নেপালে চিত্রায়িত ‘শিকার’ নামের একটি চলচ্চিত্রের সিংহভাগ শুটিং শেষ করেছেন। তবে সিনেমাটির প্রধান নায়ক মরতুজা পলাশ আইনি জটিলতায় বর্তমানে কারাগারে থাকায় এর বাকি অংশের কাজ কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে। 

কালের আলো/এসএ

ফার্মগেটে রিজভীর নেতৃত্বে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
ফার্মগেটে রিজভীর নেতৃত্বে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

মিছিলটি খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কালের আলো/এমএসআইপি 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘এমন কোনো শর্ত নেই।’ তবে আইএমএফের একটি মৌলিক নীতি হলো, সরকার যেন অতিরিক্ত ভর্তুকি না দেয়।
তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে আইএমএফের নিয়ম মেনে চলছে—বিষয়টি এমন নয়। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করছে।
জ্বালানি খাতে ভর্তুকির প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তরল জ্বালানির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতে সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তা যোগ করলে ভর্তুকির পরিমাণ অনেক বড়। এই ভর্তুকি কমানো প্রয়োজন। কতটা কমানো হবে এবং কোন খাতে কী পরিমাণ সমন্বয় করা যায়, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে।
জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত করার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় নির্ধারণ করা।

কালের আলো/এমএসআইপি