ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, নিহত ৩
নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- একই উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)।
ওসি জানান, সকালে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নামে ইজিবাইকের এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ৬ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজন মারা যায়।
অপর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালের আলো/এসআর/এএএন


আপনার মতামত লিখুন
Array